
সংক্ষিপ্ত বিরতির পর পৃথিবীর সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করেছে নাসার ৪৭ বছরের পুরোনো মহাকাশযান ভয়েজার-১। তবে অবাক করার বিষয় হলো, এই যোগাযোগের জন্য অত্যাধুনিক কোনো প্রযুক্তি ব্যবহার করা হয়নি। ১৯৮১ সালের রেডিও ট্রান্সমিটার প্রযুক্তির সাহায্যে সংকেত পাঠিয়েছে মহাকাশযানটি।
মহাকাশযানটি পৃথিবী থেকে ১৫ বিলিয়ন বা ১ হাজার ৫০০ কোটি মাইলেরও বেশি দূরে রয়েছে। গত ১৬ অক্টোবর একটি রেডিও ট্রান্সমিটার বন্ধ হওয়ার কারণে সাময়িকভাবে যানটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এই বন্ধ সম্ভবত মহাকাশযানটির ‘ফল্ট প্রোটেকশন সিস্টেম’–এর কারণে হয়েছে। এটি অনেক বেশি বিদ্যুৎ শক্তি ব্যবহারের সময় কিছু সিস্টেমকে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়।
গত ২৪ অক্টোবর মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ পুনরায় স্থাপন করেন নাসার ক্যালিফোর্নিয়ার জেট প্রোপালশন ল্যাবরেটরির (জেপিএল) ইঞ্জিনিয়াররা।
নাসার মতে, পৃথিবী থেকে একটি বার্তা ভয়েজার-১-এ পৌঁছাতে প্রায় ২৩ ঘণ্টা লাগে। আবার মহাকাশযানটি থেকে পৃথিবীতে বার্তা আসতেও একই সময় লাগে। গত ১৬ অক্টোবর নাসার ইঞ্জিনিয়াররা মহাকাশযানে একটি নির্দেশ পাঠানোর পর ১৮ অক্টোবর পর্যন্ত এর প্রতিক্রিয়া শনাক্ত করতে পারেননি তাঁরা। এর এক দিন পর ভয়েজার-১-এর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
বিভিন্ন পর্যবেক্ষণের পর মহাকাশ সংস্থার দলের সদস্যরা আবিষ্কার করেন, ভয়েজার-১-এর ফল্ট প্রোটেকশন সিস্টেমটি মহাকাশযানটির দ্বিতীয় কম শক্তির ট্রান্সমিটার চালু করে।
ভয়েজার-১-এর দুটি রেডিও ট্রান্সমিটার রয়েছে। তবে এটি বছরের পর বছর ধরে শুধু ‘এক্স-ব্যান্ড’ ট্রান্সমিটার ব্যবহার করে আসছে। মহাকাশযানটির ‘এস-ব্যান্ড’ নামে পরিচিত আরেকটি ট্রান্সমিটার একটি ভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করে এবং এটি ১৯৮১ সাল থেকে ব্যবহার করা হয়নি।
নাসা সিদ্ধান্ত নিয়েছে, ফল্ট প্রোটেকশন সিস্টেমটি কী কারণে সক্রিয় হয়েছিল তা নির্ধারণ না করা পর্যন্ত এক্স-ব্যান্ড ট্রান্সমিটার ব্যবহার করবেন না তাঁরা। এই কারণ নির্ধারণে কয়েক সপ্তাহ লাগতে পারে।
ভয়েজার মিশনের গ্যারান্টি ম্যানেজার ব্রুস ওয়াগনার বলেন, এক্স-ব্যান্ড চালু করার সঙ্গে কোনো সম্ভাব্য ঝুঁকি রয়েছে কি না, তা জানতে চান ইঞ্জিনিয়াররা। এর জন্য তাঁরা সতর্কতা অবলম্বন করছেন। এস-ব্যান্ড ট্রান্সমিটার ঠিকঠাক কাজ করছে কিনা তা যাচাই করতে গত ২২ অক্টোবর ভয়েজার-১-কে একটি বার্তা পাঠান। তবে এটি কোনো দীর্ঘমেয়াদি সমাধান নয়।
ভয়েজার-২-এর পর ভয়েজার-১ উৎক্ষেপণ করা হয়। কিন্তু একটি সংক্ষিপ্ত পথ ধরে চলতে থাকায় অ্যাস্টেরয়েড বেল্ট (গ্রহাণু বেষ্টনী) থেকে আগে বেরিয়ে যায় ভয়েজার–১। ১৯৭৭ সালের ১৫ ডিসেম্বর ভয়েজার-১ ভয়েজার ২-কে অতিক্রম করে যায়। মহাকাশযানটি মানুষের তৈরি প্রথম বস্তু, যা আন্তনক্ষত্রীয় মহাকাশে প্রবেশ করেছে।
মহাকাশযানটি প্রথমবারের মতো হেলিওস্ফিয়ার (সৌরজগত) অতিক্রম করেছে, মহাকাশের যে এলাকায় আমাদের সৌরজগতের সূর্যের চেয়ে অন্য সৌরজগৎ বা নক্ষত্রের প্রভাব বেশি।
ভয়েজার-১ এখন পর্যন্ত বৃহস্পতির চারপাশে একটি সরু বলয় এবং বৃহস্পতির দুটি নতুন চাঁদ থিবি ও মেটিস আবিষ্কার করেছে। এটি শনির পাঁচটি নতুন চাঁদ এবং একটি নতুন বলয়ও পেয়েছে, যা ‘জি–রিং’ নামে পরিচিত।
তথ্যসূত্র: সিএনএন

মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসা মানুষের অভিজ্ঞতাকে বলা হয়—‘নিয়ার-ডেথ এক্সপেরিয়েন্স’ বা ‘এনডিই’। দীর্ঘদিন ধরেই জীবন আর মৃত্যুর মাঝে থাকা এই ধূসর অবস্থাটি নিয়ে বিজ্ঞানী ও চিকিৎসকদের কৌতূহলের অন্ত নেই।
২১ ঘণ্টা আগে
১৮৪৫ সালের দুর্ভাগ্যজনক ফ্রাঙ্কলিন অভিযানের চার নাবিকের পরিচয় অবশেষে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করেছেন গবেষকেরা। প্রায় ১৮০ বছরেরও বেশি সময় ধরে আর্কটিকে নিখোঁজ থাকা এই অভিযানের রহস্য নিয়ে বিশ্বজুড়ে ইতিহাসবিদ ও গবেষকদের আগ্রহ ছিল তুঙ্গে।
২১ ঘণ্টা আগে
বারমুডা ট্রায়াঙ্গেল। আটলান্টিক মহাসাগরের অন্যতম এক দীর্ঘস্থায়ী রহস্য। কয়েক দশক ধরে ভূতত্ত্ববিদদের ভাবনায় ঘুরপাক খাচ্ছে এর রহস্য। বারবার প্রশ্ন উঠছে, ৩০ মিলিয়ন বা ৩ কোটি বছরেরও বেশি সময় ধরে বারমুডার আগ্নেয়গিরিগুলো নিষ্ক্রিয় থাকা সত্ত্বেও কেন দ্বীপটি চারপাশের সমুদ্রপৃষ্ঠের চেয়ে এত উঁচুতে অবস্থান করছে?
২ দিন আগে
ভ্যাম্পায়ার বা রক্তচোষা বাদুড় কাল্পনিক হতে পারে, তবে মানুষের রক্তের জন্য ক্ষুধার্ত বাস্তব কিছু প্রাণী আমাদের চারপাশে ঘুরে বেড়ায়, যার মধ্যে অন্যতম হলো মশা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ভ্যাম্পায়ার তাড়ানোর লোককাহিনির সেই চেনা রসুনই এবার এই রক্তচোষা পোকামাকড়ের বিরুদ্ধে দারুণ কাজ করতে পারে।
৩ দিন আগে