
আত্মপ্রকাশকে ঘিরে দুই পক্ষের বিক্ষোভ ও হাতাহাতির এক দিনের মাথায় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে শিক্ষার্থীদের নতুন সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ২০৫ সদস্যের ওই পূর্ণাঙ্গ কমিটিতে দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও স্থান পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে গতকাল বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও মুখ্য সংগঠক তাহমীদ আল মুদাসসির।
শুরুতেই আবু বাকের মজুমদার গত বুধবারের বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, ‘বুধবার অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমরা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারিনি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, দেশের যেসব বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসায় রাজনীতিসচেতন শিক্ষার্থী রয়েছেন, তাঁদের নিয়েই কমিটি গঠন করা হয়েছিল। জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের যে চেতনা ছিল এবং এক দফার আন্দোলনে যোগদানের মাধ্যমে হাসিনাকে ক্ষমতাচ্যুতের মধ্যে যে স্বপ্ন সৃষ্টি হয়েছিল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তা বাস্তবায়নে কাজ করে যাবে।’
শিগগিরই সারা দেশে কমিটি আহ্বান করা হবে উল্লেখ করে গণতান্ত্রিক ছাত্র সংসদের এই কেন্দ্রীয় আহ্বায়ক বলেন, ‘বুধবার সারা দেশে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগ দিতে শিক্ষার্থীদের মধ্যে আকাঙ্ক্ষা ও উৎফুল্ল দেখতে পেয়েছি। সবাইকে শান্ত থেকে আহ্বান রাখব, আপনারা বিভিন্ন ইউনিট পর্যায়ে যুক্ত হন। ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, তাঁরা সারা দেশে বিভিন্ন ইউনিট ও সংসদে কমিটি গঠন করবেন।’
রিফাত রশীদের পদত্যাগ
পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও এই কমিটিতে নেই জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব রিফাত রশীদ। সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষার্থী।
বিক্ষোভ ও হাতাহাতির ঘটনায় তদন্ত কমিটি গঠন
বুধবার নতুন এই ছাত্রসংগঠন আত্মপ্রকাশে আসার দিনে অভিযোগ ওঠে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ রেখে শুধু ঢাবি শিক্ষার্থীদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়েছে। এ নিয়ে দুই পক্ষের হাতাহাতিতে কয়েকজন আহত হন। পুরো ঘটনা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ প্রসঙ্গে আবু বাকের মজুমদার বলেন, ‘কমিটি সাত কর্মদিবসের মধ্যে একটি তদন্ত প্রতিবেদন জমা দেবে। তার প্রেক্ষিতে কারও বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বোধ করলে আমরা সেটি নেব।’
তদন্ত কমিটিতে থাকা তিন সদস্য হলেন সংগঠনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক ও ঢাবি শিক্ষার্থী তাহমিদ আল মুদাসসির চৌধুরী। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম এবং জ্যেষ্ঠ সংগঠক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আবেদীন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচি স্থগিত
মধুর ক্যানটিন ও মল চত্বরে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচির কথা থাকলে তা স্থগিতের ঘোষণা দেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক এম জে এইচ মঞ্জু গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘জাতীয় স্বার্থে সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ করব। সুযোগসন্ধানীদের তৎপরতা সবার কল্পনাতীত! দেশে ও জনগণের সার্বিক অবস্থা বিবেচনায় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আজকের সব কর্মসূচি স্থগিত করা হলো।’
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম আবেদীন বলেন, বুধবার তাঁরা ভুল বুঝেছিলেন যে, সংগঠনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো অংশ নেই। কিন্তু পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হলেই বোঝা যেত, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল কি না। পরবর্তী সময়ে যখন বলা হলো, পূর্ণাঙ্গ কমিটিতে ৩০-৩৫ জন রয়েছেন, তখন বিষয়টি পরিষ্কার হয়ে যায়।

গোপালগঞ্জসহ তিন জেলায় আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১৮ আগস্ট) দলের সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ছয় মাস মেয়াদি এই কমিটিগুলোর অনুমোদন দেন।
২ ঘণ্টা আগে
সরকার আরও ভালো আইন আনার কথা বলে এখন ‘উল্টো পথে’ পা বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তিনি বলেছেন, সরকার আরও ভালো আইন আনার কথা বলে মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধের আগের অধ্যাদেশগুলো বাতিল করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের জাতীয় স্থায়ী কমিটির নবনিযুক্ত সদস্য কবির রিজভী, আমানউল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির নেতৃত্ব, বিচার বিভাগের স্বাধীনতা, মৌলিক অধিকার এবং শক্তিশালী স্থানীয় সরকার প্রতিষ্ঠার মতো বিষয়গুলো থাকলেও গত ছয় মাসে এগুলোর কোনো একটিরও বাস্তবায়ন দেখা যায়নি...
৪ ঘণ্টা আগে