আ.লীগ ফিরলে আমরা শুধু জীবন হারাব, বিএনপি হারাবে সরকার: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘যদি কোনোভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, আমাদের হারাবার কিছু নেই, আমরা শুধুমাত্র আমাদের জীবন হারাব। কিন্তু বিএনপি পুরো সরকার হারাবে।’
রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার ‘রায়ের এক বছর: শেখ হাসিনার বিচার, প্রত্যর্পণ ও রাষ্ট্রের দায়বদ্ধতা’ শীর্ষক আলোচনা সভায় হাসনাত এসব কথা বলেন। শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপির জুলাই গণ-অভ্যুত্থান সেল এই সভা আয়োজন করে।
আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে অবস্থান নেওয়া বিএনপির একটি অংশের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, তাদের আপসকামী মনোভাবের কারণে সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের জীবন আবারও বিপন্ন হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, আওয়ামী লীগের হত্যা ও সন্ত্রাসের পক্ষে টক শোতে যাঁরা কথা বলছেন, তাঁরা হয়তো আওয়ামী লীগ ফিরে এলে কেউ প্রেস সচিব, কেউ উপপ্রেস সচিব হবেন। সে কারণে আওয়ামী লীগের প্রতি তাঁদের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে। কিন্তু আওয়ামী লীগ ফিরে এলে জনগণকে আবারও কচুকাটা করবে। তাই তাঁরা যেভাবে আওয়ামী লীগকে দেখছেন, জনগণও সেভাবে দেখবে, এমনটি ভাবা ভুল।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে হাসনাত বলেন, বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন হবে কি না, সেই সিদ্ধান্ত ৫ আগস্টই চূড়ান্ত হয়ে গেছে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে থাকতে পারত, তাহলে ৫ আগস্ট তাদের পালাতে হতো না।
আওয়ামী লীগের বিচার কার্যকর করার ক্ষেত্রে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন হাসনাত। তিনি বলেন, বিএনপির সময়ে যেসব রায় হচ্ছে, সেখানে পলাতক আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, কিন্তু যাঁরা দেশে রয়েছেন, তাঁদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের রায় হচ্ছে না। ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর ঘটনায় রায় হওয়ার পরও বিচার কার্যকর করা হয়নি।
এত দিন পার হওয়ার পরও একটি রায়ও কার্যকর করা হয়নি কেন—এ প্রশ্নও রাখেন এ সংসদ সদস্য।
বিএনপির একটি অংশ আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে চায় অভিযোগ তুলে হাসনাত বলেন, এই অংশটি দীর্ঘদিন আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে। এ কারণে বিএনপির আন্দোলন-সংগ্রাম সফল হয়নি।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব সারজিস আলম বলেন, বিচার বিভাগকে দলীয়করণ করার চেষ্টা করছে বিএনপি। এর মাধ্যমে শুধু পেশা হিসেবে আওয়ামী লীগের দাগী আসামিদের জামিন করানো নয়, কত টাকার বিনিময়ে জামিন করানো যায়, সেটিকে একটি উৎসবে পরিণত করছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, বিএনপির নমনীয়তা ও আপসকামিতার চড়া মূল্য শুধু দলটিকে নয়, দেশের জনগণকেও দিতে হতে পারে।
দলটির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, আওয়ামী লীগের নাশকতার পেছনে ক্ষমাসুন্দর মানসিকতা অনেকাংশে দায়ী। সরকারকে বড় বড় কথা না বলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার দিকে নজর দিতে হবে।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মীর মুস্তাফিজুর রহমান, শহীদ শেখ ফাহমিন জাফরের মা কাজী লুলুল মাখমিন, শহীদ আরাফাত হুসাইনের ভাই হাসান আলী, জুলাই গণ-অভ্যুত্থানে আহত আতিকুল গাজী, জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের সভাপতি সালমান হোসেন প্রমুখ।









