
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে আমির হোসেন আমুর বক্তব্য তাঁর ব্যক্তিগত। এটি সরকার বা আওয়ামী লীগ বা ১৪ দলের বক্তব্য নয়।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমির হোসেন আমু আমাদের দলের অন্যতম জ্যেষ্ঠ নেতা। তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি তাঁর ব্যক্তিগত বক্তব্য। তাঁর এ বক্তব্য নিয়ে দলের মধ্যে, সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি। এমনকি ১৪ দলের মধ্যেও কোনো আলোচনা হয়নি। এটি সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত বক্তব্য। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তিনি বলেছেন, আসলে গণমাধ্যমে যেভাবে এসেছে তিনি ঠিক সেভাবে বলেননি। যেভাবেই আসুক এটি তাঁর ব্যক্তিগত অভিমত।’
হাছান মাহমুদ বলেন, ‘যেভাবে ভারতে নির্বাচনকালীন চলতি সরকার দায়িত্ব পালন করে। অস্ট্রেলিয়া, জাপান, যুক্তরাজ্যে পালন করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও পদত্যাগ করেন না। তিনিও নির্বাচনকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। যেভাবে সব গণতান্ত্রিক দেশে চলতি সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করে; ঠিক সেভাবে আমাদের দেশেও বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে এবং প্রধানমন্ত্রী নির্বাচনকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই সরকারের আকার কী হবে-না হবে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর এখতিয়ার।’
হাছান মাহমুদ আরও বলেন, ‘যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখতে চায়, তাঁদের অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করা প্রয়োজন। নির্বাচন কমিশনকে সরকার সর্বাত্মকভাবে সহায়তা করবে। যাতে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, উৎসবমুখর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা চাই সে নির্বাচনে বিএনপিসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করুক এবং সবার অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটি অত্যন্ত চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হোক। বিশ্বের কাছে উদাহরণ হিসেবে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক, সেটিই আমরা চাই। নির্বাচন নিয়ে যদি কোনো প্রসঙ্গ থাকে বিএনপিকে সেটি নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করতে হবে। কারণ, নির্বাচন আয়োজন এবং অনুষ্ঠান করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন যদি আমাদের ডাকে আমরাও যাব।’
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনকে ভয় পায়। তারা ২০১৪ সালের নির্বাচন প্রতিহত করার চেষ্টা করেছে, ৫০০ ভোটকেন্দ্র জ্বালিয়ে দিয়েছে, দুজন প্রিসাইডিং অফিসারকে হত্যা করেছে এবং সাড়ে তিন হাজার মানুষ পুড়িয়েছে, তার মধ্যে পাঁচ শ মানুষ মৃত্যুবরণ করেছে। তারা আসলে নির্বাচন প্রতিহত করার ষড়যন্ত্রে লিপ্ত এবং সেই কথাটিই মির্জা ফখরুল সাহেব আবার বলেছেন। কিন্তু এবার আর তাদের পক্ষে নির্বাচন প্রতিহত করা কিংবা নির্বাচন বর্জন করা সম্ভবপর হবে না। বিভিন্ন সময় তারা এ রকম অনুযোগ বিদেশিদের কাছে করে এসেছে, কিন্তু এবার সেটিও করা সম্ভবপর হবে না। দেশে একটি অবশ্যই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হবে।’
হাছান মাহমুদ বলেন, ‘অবশ্যই বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে সিদ্ধান্ত গ্রহণ করতেই পারে নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না। কিন্তু তাদের উদ্দেশ্য তা নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে নির্বাচন ভন্ডুল করে দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করা। কিন্তু নির্বাচনে জনগণের অংশগ্রহণ হচ্ছে মুখ্য বিষয়। জনগণ যদি ব্যাপকভাবে নির্বাচনে অংশগ্রহণ করে এবং ভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়—তাহলে সেটি জনগণের অংশগ্রহণমূলক একটি ভালো নির্বাচন।’
তথ্যমন্ত্রী এ সময় বলেন, ‘আরেকটি বিষয় হচ্ছে, বিএনপি একটি সন্ত্রাসী রাজনৈতিক দল। কানাডার আদালত কর্তৃক রায়প্রাপ্ত ভ্যালিডেটেড সন্ত্রাসী অর্থাৎ সিলমারা সন্ত্রাসী দল। যারা মানুষ পোড়ায়, গাড়ি-ঘোড়া পোড়ায়, পুলিশের ওপর হামলা চালায়, মানুষের ওপর হামলা চালায়, যারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে ২১ আগস্টে গ্রেনেড হামলা চালায়। তাদের হামলায় বাংলাদেশ আওয়ামী লীগের শাহ এ এম এস কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টার, খুলনার মনজুর ইমামসহ অনেকেই নিহত হয়েছেন। তাদের হামলায় শেখ হেলাল এমপির জনসভায় অনেক মানুষ নিহত ও আহত হয়েছে, আদালতের বিচারক নিহত হয়েছে। বিএনপি যাদের পৃষ্ঠপোষকতা করে আর যারা বিএনপিকে পৃষ্ঠপোষকতা করে, তাদের হামলায় সারা দেশে পাঁচ শ জায়গায় একযোগে বোমা ফুটেছে। বেগম খালেদা জিয়ার দ্বিতীয় পুত্রের অস্বাভাবিক মৃত্যুর পর তাঁর প্রতি সহানুভূতি জানাতে দেশের প্রধানমন্ত্রী গিয়ে বেগম জিয়ার দরজায় আধঘণ্টা দাঁড়িয়ে থাকার পরও যারা দরজা খোলে নাই, যারা অগ্নিসন্ত্রাস চালায়, মানুষের ওপর হামলা চালায়—তাদের সঙ্গে আলোচনা করে কী হবে, সেটি হচ্ছে বড় প্রশ্ন।’

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের নবগঠিত কমিটির সভাপতি দূর্জয় রায় ও সাধারণ সম্পাদক হয়েছেন মুহাম্মদ মোস্তাকিম। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মিশকাতুল মাশিয়াত। ঢাবি সংসদের ৩৬তম সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই কমিটি ঘোষণা করা হয়...
১১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনায় মামলা হয়েছে। ছাত্রদল ও যুবদলের আট নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করে মামলাটি করেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজা। অন্যদিকে মামলা প্রত্যাহারসহ নাসীরুদ্দীন পাটওয়ারীক
১ দিন আগে
গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তাই বলে ভিন্নমতের কারণে হামলা, সহিংসতা ও অপমানজনক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা রাজনৈতিক সহনশীলতা ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী...
১ দিন আগে
অন্তর্বর্তী সরকারের সময় বলা হয়েছিল নির্বাচিত সরকার না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। কিন্তু নির্বাচনের পরও পরিস্থিতির উন্নতি হয়নি, বরং আরও খারাপ হয়েছে। এভাবে চলতে থাকলে জনগণ কত দিন সহ্য করবে, জানি না। বিশ্বজুড়ে তরুণ প্রজন্ম রাজনৈতিকভাবে সচেতন হয়ে উঠছে। বাংলাদেশের ২০২৪ সালের গণ-অভ্যুত্থান,
১ দিন আগে