
একটি বাসার ভেতর পোস্টাল ব্যালট গণনার ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ‘পোস্টাল ব্যালটের বিষয়টি আমি দেখেছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আমি জানি।’
আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এসব কথা জানান।
এর আগে, একটি বাসায় কয়েক ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেক পোস্টাল ব্যালট গুনছেন; এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। ছড়িয়ে পড়া ভিডিওটি ৭ মিনিট ৩২ সেকেন্ডের।
সেখানে কয়েক ব্যক্তিকে পোস্টাল ব্যালট গুনতে দেখা যায়। ভিডিওতে শোনা যায়, একজন ব্যক্তি ভিডিওকারীকে বাধা দিয়ে বলছেন, ‘এই দাঁড়ান, আপনি ভিডিও করছেন কিসের জন্য? এখানে উনারা মেইন ভিডিও করছেন। কেন আপনারা আরও ভিডিও করছেন? আপনারা এখান থেকে যেগুলা আছে, সব লইয়া যানগা। আমরার দরকার নাই। কিন্তু ভিডিও কইরেন না। ফেসবুকে ছাড়িয়েন না।’
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করে বিএনপি। এদিন বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে আগারগাঁও নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়েছিলেন নজরুল ইসলাম খানসহ বিএনপির চারজন প্রতিনিধি।
বিএনপি বৈঠকে নানা বিষয়ের সঙ্গে পোস্টাল ব্যালটের বিষয়টি তোলে। দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান পরে সাংবাদিকদের বলেন, বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতারা অনেক ব্যালট পেপার ‘হ্যান্ডেল’ করছেন। এটার ভিডিও ভাইরাল হয়েছে। নির্বাচন কমিশন বলেছে, এটা তাদের নজরে এসেছে এবং তারা বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে।
নজরুল ইসলাম খান জানান, নির্বাচন কমিশন তাঁদের আশ্বস্ত করেছে যে এ ব্যাপারে আরও তদন্ত করে তারা প্রতিবেদন দেবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল, যদি কেউ এই ভোটে কোনো রকমের কারচুপির চেষ্টা করে, তাহলে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার তালিকা ব্লক করা হবে।
নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা মনে করি, যারাই এই নির্বাচনকে বিঘ্নিত করার জন্য কারচুপির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যেন আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।’
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আরও বলেন, ‘আমরা এটাও বলেছি যে এই পোস্টাল ব্যালট পৃথিবীর বিভিন্ন জায়গায় যে পদ্ধতিতে বিতরণ করা হচ্ছে, এটা সঠিক হচ্ছে না। এটার কিছু ত্রুটি হচ্ছে। যার জন্য আমরা দেখেছি যে বাহরাইনে একটা বিশেষ রাজনৈতিক দলের নেতারা অনেক ব্যালট পেপার হ্যান্ডেল করছে। এটার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে। ভাইরাল হয়ে গেছে। উনারা বললেন যে এটা তাঁদের নজরে এসেছে এবং তাঁরা বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু এই ব্যাপারে আরও তদন্ত করে তাঁরা রিপোর্ট দেবেন এবং সেই অনুযায়ী তাঁরা ব্যবস্থা নেবেন।’

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১০ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৪ ঘণ্টা আগে