
সরকার কর্তৃক ৪২টি জেলা পরিষদে ‘দলীয় ব্যক্তিদের’ প্রশাসক হিসেবে নিয়োগের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরকারের এমন পদক্ষেপকে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার ‘গভীর ষড়যন্ত্রের অংশ’ এবং একই সঙ্গে ‘আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ’ বলে মন্তব্য করেছেন।
গতকাল রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এমন প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আজ ১৫ মার্চ ২০২৬ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের ৪২টি জেলা পরিষদে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। দেশবাসী মনে করে, সদ্য গঠিত বিএনপি সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিল।’
জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকার পরিচালিত হওয়াই গণতন্ত্রের মৌলিক ভিত্তি বলে মন্তব্য করেন পরওয়ার। সরকার ‘অত্যন্ত সুকৌশলে’ সেই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্পূর্ণ উপেক্ষা করে একের পর এক প্রশাসক নিয়োগ দিয়ে স্থানীয় সরকারব্যবস্থাকে ‘দলীয় ও আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে’ নেওয়ার ‘অপচেষ্টা চালাচ্ছে’ বলেও মন্তব্য করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার এই সিদ্ধান্তকে জনগণের ভোটাধিকার ও প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থার প্রতি সরাসরি আঘাত বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, ‘নির্বাচনের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর পরিবর্তে নিয়োগনির্ভর ব্যবস্থার মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত রাখার যে প্রবণতা দেখা যাচ্ছে, তা গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘স্থানীয় সরকারকে শক্তিশালী করার নামে সরকারের এ পদক্ষেপ আসলে গণতন্ত্রকে দুর্বল করার আরেকটি অপচেষ্টা। জনগণের ভোট ও মতামতকে উপেক্ষা করে প্রশাসক নিয়োগের এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত দেশের গণতান্ত্রিক ধারা ও রাজনৈতিক সংস্কৃতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। আমরা মনে করি, এই সিদ্ধান্ত সরকারের জন্যই বুমেরাং হবে।’
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুসারে প্রয়োজনীয় সংস্কারসমূহ এগিয়ে নেওয়ার প্রথম ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয় বলে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। পরবর্তী পদক্ষেপ হিসেবে গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয় সরকারসমূহে জনপ্রতিনিধি নির্বাচিত হবে—জনগণের প্রত্যাশা ছিল বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বলেও জানান পরওয়ার।
তিনি আরও বলেন, ‘এমন পরিস্থিতিতে দেশের ৪২টি জেলা পরিষদে সরকারদলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার জন-আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। এটি নৈতিকভাবে অত্যন্ত গর্হিত এবং জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণার শামিল। এতে জনমনে গভীর সন্দেহের উদ্রেক হয়েছে যে সরকারের এ পদক্ষেপ স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ এবং একই সঙ্গে আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ।’
জামায়াতের সেক্রেটারি জেনারেল অবিলম্বে এ ‘অগণতান্ত্রিক সিদ্ধান্ত’ বাতিল করে দ্রুত জেলা পরিষদে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব অর্পণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকেরা মির্জা আব্বাসের বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন...
২০ ঘণ্টা আগে
সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি সংসদে আলোচনা করে সমাধান করতে চায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান।
২১ ঘণ্টা আগে
সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতাভুক্ত সুবিধাভোগীদের সমন্বিতভাবে একই ছাতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন। আজ রোববার সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।
১ দিন আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। আজ রোববার বেলা ১২টা ২০ মিনিটে তাঁকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।
১ দিন আগে