
জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা সমাধানের দায়িত্ব ‘সরকারকেই নিতে হবে’ বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। অন্যথায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সংস্কার প্রক্রিয়া অনিশ্চয়তার মধ্যে পড়বে, বাংলাদেশ নতুন করে একটি বড় সংকটের দিকে ধাবিত হবে বলে মনে করেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকারকে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং জামায়াতে ইসলামীর সঙ্গে আলাদাভাবে আলোচনা করে সমাধানের পথ তৈরি করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন ও সরকার তাদের অবস্থান থেকে সরে আসায় যেসব বিষয় নিয়ে নতুন করে উদ্বেগ এবং অনৈক্য সৃষ্টি হয়েছে, বিশেষ করে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, সেই বিষয়গুলো সরকারকেই সমাধান করতে হবে।
আজ মঙ্গলবার বিকেলে নাগরিক ঐক্যের এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
মান্না বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে কেন্দ্র করে জাতীয় নির্বাচন আবারও একটা সংকটের মধ্যে পড়ল। অনেক বিষয়ে মতপার্থক্য থাকলেও রাজনৈতিক দলগুলো মোটাদাগে একটা ঐকমত্যে পৌঁছেছিল এবং সেই অনুযায়ী জুলাই সনদে স্বাক্ষর করেছি আমরা। কিন্তু পরে জাতীয় ঐকমত্য কমিশন এমন কিছু জায়গায় পরিবর্তন এনেছে, যা অনেক রাজনৈতিক দলের পক্ষে গ্রহণ করা সম্ভব না।’
মান্না আরও বলেন, ‘বিশেষ করে, গণভোটের মাধ্যমে জনগণের রায় নেওয়ার পর যেভাবে নোট অব ডিসেন্ট অকার্যকর হয়ে যাওয়ার প্রস্তাব করা হয়েছে, তা যে বিএনপি গ্রহণ করবে না, তা পরিষ্কার। নোট অব ডিসেন্টসহ কীভাবে গণভোট আয়োজন করা হবে, সরকারের কাছে সেই ব্যাপারে আমরা আগেই প্রশ্ন তুলেছিলাম। কিন্তু পরবর্তী সময়ে এই ডিসেন্টিং অপিনিয়নসহ একটা প্যাকেজ আকারে গণভোটে যাওয়ার ব্যাপারে দলগুলোর মধ্যে একটা ঐকমত্য তৈরি হয়েছিল এবং জাতীয় ঐকমত্য কমিশনও সেই ভিত্তিতেই দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে সনদ প্রস্তুত করেছে।’
তবে জুলাই সনদ স্বাক্ষর-পরবর্তী সময়ে দলগুলোর সঙ্গে ‘আলোচনা ছাড়াই’ সেখান থেকে সরে এসে জাতীয় ঐকমত্য কমিশন শেষ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরির পথ সৃষ্টি করেছে অভিযোগ করে মান্না বলেন, এই অবস্থায় অন্তর্বর্তী সরকার যেভাবে সব দায়-দায়িত্ব রাজনৈতিক দলগুলোর হাতে ছেড়ে দিয়ে সাত দিনের সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
মান্না বলেন, যেখানে কমিশন গঠন করে তিন মাসের বেশি সময় ধরে সব রাজনৈতিক দলকে নিয়ে বসেও ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি, সেখানে দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে ঐকমত্যে পৌঁছাবে—এই প্রত্যাশা করা অবান্তর। এর অর্থ দাঁড়াচ্ছে, সরকার সাত দিন পর নিজেদের মতো সিদ্ধান্ত নেবে। তাহলে এত দিন ধরে সেশনের পর সেশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন ছিল না।

ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মো. আমিনুল ইসলামকে আহ্বায়ক এবং মো. মোস্তফা জামানকে সদস্যসচিব করে গঠিত এই কমিটি দলের নির্দেশে বিলুপ্ত করা হয়...
৫ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
৯ ঘণ্টা আগে
‘আমরা যখন আমেরিকার উদ্দেশে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, তখন দেখা গেল, বাংলাদেশে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা হলো। আমি ঘটেছে বলব না, আপনারা বুঝে নেবেন। পরে স্বনামধন্য অনলাইন সংবাদমাধ্যম, পত্রিকা ও অন্যান্য মিডিয়া সেসব সূত্র ধরে খবরগুলো বড় আকারে পরিবেশন করে...
১০ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুব বাঙালি। একই সঙ্গে সিটি করপোরেশনের গাড়ি পোড়ানোর ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা এবং হকারদের প্রতিনিধিত্বমূলক পুনর্বাসনের দাবি জানিয়েছে সংগঠনটি...
১১ ঘণ্টা আগে