Ajker Patrika

আমরা ঐক্যবদ্ধ আছি, কোনো চক্রান্তের ফাঁদে পা দেব না: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আমরা ঐক্যবদ্ধ আছি, কোনো চক্রান্তের ফাঁদে পা দেব না: মামুনুল হক
মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে ব্রিফিংয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। ছবি: ফেসবুক থেকে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, ১১ দল ঐক্যবদ্ধ আছে এবং এই ঐক্যের পরিসর আরও বাড়বে, কমবে না। একই সঙ্গে তাঁরা কোনো চক্রান্ত ও ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান সরকারি বাসভবনে বৈঠক করেন ১১ দলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মামুনুল হক।

মামুনুল হক বলেন, ‘আমরা বাংলাদেশের রাষ্ট্র মেরামত করার এবং হাজার হাজার শহীদের রক্তের যে দায়, সেই দায় নিয়ে মাঠে নেমেছি। কাজেই আমরা কোনো ষড়যন্ত্র, কোনো চক্রান্তের ফাঁদে পা দেব না।’

১১ দলীয় ঐক্যকে শুধু বিরোধী দলের ঐক্য হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন মামুনুল হক। তিনি বলেন, আগামী দিনের রাষ্ট্রের রূপরেখা নির্ধারণের লড়াইয়ে তারা একসঙ্গে রয়েছেন। দেশের গতিপথ নির্ধারণ, আধিপত্যবাদ মোকাবিলা এবং ফ্যাসিবাদের পথ রুদ্ধ করার এই লড়াইয়ে তাদের ঐক্য অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ‘ধীরে ধীরে এই ঐক্যের পরিসর আরও বাড়বে, কমবে না।’

১১ দলের পরবর্তী কর্মসূচি সম্পর্কে মামুনুল হক বলেন, আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া পর্যন্ত লংমার্চ অনুষ্ঠিত হবে।

লংমার্চে দেশের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, ১৮ কোটি মানুষের প্রাণের দাবি আদায়ের লক্ষ্যেই এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। অতীতের দুটি লংমার্চের মতো এবারও ‘ব্যাপক জনসম্পৃক্ততা ও মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের’ মধ্য দিয়ে কর্মসূচি সফল হবে বলে তারা আশা করছেন।

লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সহযোগিতা কামনা করে মামুনুল হক বলেন, ‘কর্মসূচিকে কেন্দ্র করে কোনো পক্ষ থেকে বাধা সৃষ্টি বা দুরভিসন্ধিমূলক তৎপরতা চালানো হবে না বলে আমরা আশা করছি। তবে এ ধরনের কোনো অপতৎপরতা দেখা গেলে তা প্রতিহত করেই কর্মসূচি সফল করা হবে।’

সরকারের উদ্দেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘জনগণের ক্ষমতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে জনগণের মনোভাব, ইচ্ছা ও অভিপ্রায় অনুধাবন করার চেষ্টা করতে হবে। অন্যথায় পরিণাম ভালো হওয়ার কোনো কারণ নেই।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে মামুনুল হক বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে কি না, সে বিষয়ে তারা আস্থা রাখতে পারছেন না। নির্বাচন কমিশনের সচিবপর্যায়ে দলীয় ব্যক্তিদের নিয়োগের মাধ্যমে সরকার নিরপেক্ষতার প্রশ্নে উদ্বেগ তৈরি করেছে বলে অভিযোগ করেন তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের মহাপরিদর্শকের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন মামুনুল হক। তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষার সর্বোচ্চ দায়িত্বে থাকা ব্যক্তির কাছ থেকে বিচারবহির্ভূত ক্রসফায়ারের মতো বিষয়ে বক্তব্য আসা ‘অত্যন্ত আতঙ্কজনক’। এ ধরনের বক্তব্যে তারা ‘স্তম্ভিত’ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বলেও জানান তিনি।

ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়াগামী লংমার্চের পথে গোপালগঞ্জ থাকায় সেখানে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকলে এ ধরনের আশঙ্কা নেই বলে তারা মনে করেন।

মামুনুল হক বলেন, গোপালগঞ্জে ইসলামপন্থী ও দেশপ্রেমিক বিপুল জনগোষ্ঠী রয়েছেন। লংমার্চের সময় তারা ব্যাপকভাবে রাজপথে থাকবেন বলে আশা করছেন। কোনো দুরভিসন্ধিমূলক অপতৎপরতা বা সন্ত্রাসী কার্যকলাপের চেষ্টা হলে তা রাজপথেই মোকাবিলা করা হবে।

সকাল ১০টায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত