
ছাত্রদের দাবির তোয়াক্কা না করে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘আমাদের যে দাবিগুলো ছিল সংস্কার, বিচার, অর্থনৈতিক লুটপাটের বিচার, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের কবর রচনা করা—সেই সবকিছুকে তোয়াক্কা না করে যারা সরকার দলে রয়েছে, তারা জনগণের বিরুদ্ধে আবার অবস্থান নেওয়ার চেষ্টা করছে।’
এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আজ বৃহস্পতিবার অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
নাহিদ বলেন, ‘শপথের প্রথম দিন আমরা দেখলাম, তারা (বিএনপি) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করলেন না। সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাঁঁরা শপথ গ্রহণ না করে গণভোটে গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিল।’
জুলাই আন্দোলনের সময় পুলিশ হত্যার বিচারের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, ‘একটা কথা শোনা হচ্ছে যে পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি...যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই গণ-অভ্যুত্থানে জুলাই যোদ্ধা, যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে।’
নাহিদ বলেন, ‘এই অপরাধের জন্য, এই গণহত্যা সংঘটিত করার জন্য আমরা সমগ্র পুলিশ বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করাই নাই। আমরা বলেছি, যারা অভিযুক্ত ব্যক্তি শুধু তাদের আমরা বিচারের আওতায় আনব। বাকি পুলিশ বাহিনী যাতে সংস্কারের মধ্য দিয়ে জনগণের পক্ষের বাহিনী হিসেবে আবার কাজ করে। ফলে এই মীমাংসিত বিষয় নিয়ে যদি আবার বিতর্ক তৈরি করা হয়, তাহলে জনগণ বাধ্য হবে রাজপথে নামতে।’
এনসিপির নেতারা সারা দেশে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন জানিয়ে দলটির আহ্বায়ক বলেন, ‘আমরা শিগগির আবারও সারা দেশে যাব। এনসিপির পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলব। কারণ, আমরা মনে করি, এনসিপির জার্নিটাই (পথচলা) হয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। ছাত্ররাই হচ্ছে আমাদের এই আন্দোলনের মূল চালিকাশক্তি।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে হস্তক্ষেপ হচ্ছে অভিযোগ করে নাহিদ বলেন, ‘তারা (সরকার) বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করল। তারা কোনো কারণ ছাড়াই, কোনো অভিযোগ ছাড়াই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিল এবং বিচারে নানা ধরনের হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি। যারা ভিকটিম (ভুক্তভোগী) ছিল, যারা সাক্ষ্য দিয়েছে, তাদের নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। তারা নানা হুমকির মুখে আছে। ফলে আমরা সন্ধিহান যে বিচার প্রক্রিয়াও সুষ্ঠুভাবে এই সরকারের আমলে হবে কি না। সেটা নিয়ে আমাদের মনে, জনগণের মনে সন্দেহ তৈরি হয়েছে।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর অপসারণ ও নতুন গভর্নর নিয়োগ প্রসঙ্গে নাহিদ বলেন, ‘মব তৈরি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নির্লজ্জভাবে, অগণতান্ত্রিকভাবে সরিয়ে দিয়ে একজন ঋণখেলাপিকে সেই পদে বসানো হয়েছে।’
বর্তমান সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতোই আচরণ করছে বলে অভিযোগ করেন নাহিদ। তিনি বলেন, ‘বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের উত্থান আমরা ঘটতে দেব না। উত্থান ঘটতে হলে আমাদের জীবনের ওপর দিয়ে সেটা হতে হবে। সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হতেই হবে। যদি সংসদে না হয় সেই লড়াই রাজপথে গড়াবে।’

জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের দূরত্ব দিন দিন বাড়ছে। সংস্কারসহ বিভিন্ন ইস্যুতে দুই পক্ষে বাহাস হচ্ছে প্রায়শ। বিরোধীদের ওয়াকআউটের ঘটনাও ঘন ঘন ঘটছে।
১ ঘণ্টা আগে
এ দেশ মুক্ত হবে, এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে। তবে প্রশ্ন হচ্ছে, আপনাকে-আমাকে নিয়ে, নাকি আপনাকে-আমাকে বাদ দিয়ে আল্লাহর আইন কায়েম হলো? আমরা যদি তাঁর সঙ্গী হতে না পারলাম, আমরা কি সৌভাগ্যবান হব? আল্লাহ তাআলা সেই সৌভাগ্যটা যেন আমাদের দান করেন...
১২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বক্ষণিক কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বাচনে অংশ নেওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে আপত্তি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির দাবি, এমন প্রস্তাব অসাংবিধানিক ও বৈষম্যমূলক।
১৮ ঘণ্টা আগে
রুহুল কবির রিজভী বলেন, ‘এই সংকট একটি বৈশ্বিক সংকট। আমেরিকা-ইরানের যুদ্ধ...হরমুজ প্রণালি জাহাজ আসতে পারছে না। জ্বালানি আসতে পারছে না। দু-একটা জাহাজ যখন আসার চেষ্টা করেছে, সেখানে বোম পড়েছে। তারপরেও তো তিনি (তারেক রহমান) বসে নেই।’
২০ ঘণ্টা আগে