তাহসিফ সৌরির মৃত্যু: আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা দেখছেন গোলাম পরওয়ার

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তাঁর মতে, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে।
আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন জামায়াত সেক্রেটারি জেনারেল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় আমরা গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করছি।’ একই সঙ্গে নিহত তাহসিফ সৌরির রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান তিনি।
একজন সাবেক বিমানবাহিনী কর্মকর্তার লাশ নদ থেকে উদ্ধার হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেন মিয়া গোলাম। তিনি বলেন, একজন সাবেক সামরিক কর্মকর্তার এভাবে নিহত হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে দেশবাসীর মনে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি আরও বলেন, বিমানবাহিনীর একজন সাবেক কর্মকর্তার নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, যেসব গোয়েন্দা সংস্থা বিমানবাহিনীর মতো একজন সাবেক কর্মকর্তার জীবনের নিরাপত্তা দিতে পারে না, তারাই আবার বিরোধী দলের নেতাদের নামে আজগুবি, ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।
তাহসিফ সৌরির নিহত হওয়ার প্রকৃত কারণ কী, কী পরিস্থিতিতে তাঁর মৃত্যু হয়েছে ও এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না—তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করার দাবি জানান গোলাম পরওয়ার। তিনি আরও বলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে। তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাহসিফ সৌরির পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে বলেও দাবি জানান তিনি।











