
জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘কোনো কারণে তো সঠিক সময়ে নির্বাচন না-ও হতে পারে! তখনো তো জুলাই সনদ পাস করতে হবে। তাই জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ ও সংস্কার প্রশ্নে আলাদা করে গণভোট দিতে হবে।’
আজ বুধবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’-এর প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তাহের।
কমনওয়েলথ ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন ড. দিনুষা পণ্ডিতরত্ন, ন্যান্সি কানিয়াগো, সার্থক রায় এবং ম্যাডোনা লিঞ্চ।
বৈঠক শেষে জামায়াত নেতা সাংবাদিকদের বলেন, ‘আমরা বলেছি, আলাদাভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। কারণ, গণভোট হচ্ছে জুলাই সনদের ওপরে, রিফর্মসের ওপরে জনমত। আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় রাষ্ট্রক্ষমতা নির্ণয়ের একটা নির্বাচন। সুতরাং দুইটার চরিত্রই ভিন্ন। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময়ে না-ও হইতে পারে—আমরা আশা করি সঠিক সময়ে ইনশাআল্লাহ হবে, তখনো তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে।’
গণভোট প্রসঙ্গে তাহের বলেন, ‘গণভোটের সঙ্গে কিছু সিদ্ধান্ত জড়িত আছে, যেমন আপার হাউস ইলেকশন। সুতরাং আপার হাউস ইলেকশন যদি হইতে হয়, মানুষ তো আগেই জানতে হবে যে আগামী নির্বাচনে আপার হাউস একটা আছে। যদি একই দিনে হয় তাহলে মানুষ তো জানবে না যে আপার হাউস পাস হচ্ছে, নাকি পাস হচ্ছে না। সুতরাং কোনো কিছু না জেনে ভোট দেবে কী করে? বলছে যে যেটা পার্লামেন্ট নির্বাচনে ভোট হবে, সেই হারে আপার হাউস গঠিত হবে। তাহলে ভোট হয়ে যাবে আগে, আপার হাউসের জন্ম হবে পরে। তো জন্মের আগেই নাম রাখা, ছেলে না মেয়ে না জেনে, কিছুই না বুঝে—এটা তো একটা উদ্ভট টাইপের কথা।’
এ ছাড়া কমনওয়েলথ ‘ইলেকটোরাল সাপোর্ট’-এর প্রতিনিধিরা সশস্ত্র বাহিনী (আর্মি), বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ সব এনফোর্সিং অথরিটিকে প্রতিটি কেন্দ্রে স্ট্রাইকিং ফোর্স ও ডেপ্লয়েড ফোর্স হিসেবে মোতায়েন করার দাবি জানিয়েছেন বলেও জানান আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
গণভোটে অংশ নিতে ভোটাররা আসবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘দলগুলোই তো ভোটার আনবে, যার যার পক্ষের ভোটার। সুতরাং ভোটারের কোনো ক্রাইসিস হবে না, আকাল হবে না।’
তাহের বলেন, ‘আমরা তাদের আরও জানিয়েছি, জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনকে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছে, শুধু ভোট দেওয়ার স্থান (প্রাইভেসি) ছাড়া বাকি সবকিছু ক্যামেরার আওতায় রাখার পক্ষে। অনেকে এই দাবির বিরোধিতা করেছেন, তাদের নিয়তের ব্যাপারে আল্লাহই ভালো জানেন।’
আসন্ন জাতীয় নির্বাচনে কমনওয়েলথসহ বিদেশি যেকোনো দেশের পর্যবেক্ষককে স্বাগত জানাবে জামায়াত মন্তব্য করে ব্রিফিংয়ে তাহের বলেন, ‘বৈঠকে তাঁরা জানতে চেয়েছেন, কমনওয়েলথের অবজারভার বাংলাদেশে আমরা চাই কি না। আমরা বলছি, মোস্ট ওয়েলকাম। আমরা শুধু কমনওয়েলথের অবজারভার না, যেকোনো দেশ থেকে অবজারভার যদি আসে, তাদেরই জামায়াতে ইসলামী ওয়েলকাম জানাবে।’
তাহের আরও বলেন, ‘তাঁরা জানতে চেয়েছিলেন, আসন্ন নির্বাচনের পরিবেশ কেমন আছে দেশে? নির্বাচন কমিশন এবং সরকারের প্রস্তুতি কেমন? জামায়াতে ইসলামী এই নির্বাচনের পরিবেশকে কীভাবে দেখছে? নির্বাচনে কোনো ধরনের সংকট তারা অনুভব করছে কি না এবং জামায়াতের পক্ষ থেকে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য কী কী ধরনের প্রস্তুতি দরকার বলে জামায়াত মনে করে সে সমস্ত বিষয়ে তারা খোলামেলা আলোচনা করেছে।’
জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
আরও খবর পড়ুন:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর এবার আলোচনার কেন্দ্রে সংসদের সংরক্ষিত নারী আসন। ৫০টি সংরক্ষিত নারী আসনের নির্বাচন রমজান মাসেই হবে বলে আভাস দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিএনপি জোটের ভাগে ৩৭টি আসন পড়তে পারে।
১২ ঘণ্টা আগে
সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তাঁকে নিয়ে হওয়া সমালোচনার বিষয়ে আক্ষেপ করেছেন। আজ বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
১৪ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেছেন, বিএনপি ও জামায়াত জোট নির্বাচনের আগেই আসন ভাগাভাগি করে নিয়েছে। আজ বুধবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপণ্যের দাম...
১৫ ঘণ্টা আগে
জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব সামনে এসেছে, সেসব বাস্তবায়ন করা এই সংসদের পবিত্র দায়িত্ব—এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ বুধবার সকালে রাজধানীর মণিপুরে আয়োজিত এক পরিচ্ছন্নতা কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
১৬ ঘণ্টা আগে