
গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আমাদের গণতন্ত্রের অভিযাত্রার পথে যেন বিঘ্ন না ঘটে। তা না হলে কালো ঘোড়া প্রবেশ করতে পারে, কালো ঘোড়া ঢুকে যেতে পারে।’
আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, ‘বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক দেশে প্রতিনিধি নির্বাচনের যে পদ্ধতিটা চালু আছে, সরাসরি প্রার্থীকে ভোট দেওয়া, তো আমাদের এখানে কী এমন ঘটনা ঘটল যে, পিআরই (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) হচ্ছে উৎকৃষ্ট গণতন্ত্রের মডেল? এটা আমার মনে হয়, অবান্তর কথা তারা (জামায়াতে ইসলামী) বলছে। এটা বলে একটা বিভ্রান্তি তৈরি করছে অথবা তাদের অন্য কোনো মাস্টারপ্ল্যান আছে কি না আমি জানি না। থাকলেও থাকতে পারে যে, নির্বাচন হওয়া না-হওয়া নিয়ে।’
রিজভী বলেন, ‘আমি মনে করি যে, যাঁরা গণতান্ত্রিক সংগ্রামে অংশগ্রহণ করেছেন, তাঁরা প্রত্যেকেই এমন একটি জায়গায় উপনীত হবেন, যাতে আমাদের পরবর্তী গণতন্ত্রের অভিযাত্রার পথে বিঘ্ন না ঘটে। তা না হলে কালো ঘোড়া প্রবেশ করতে পারে, কালো ঘোড়া ঢুকে যেতে পারে।’
পিআরের দাবি প্রসঙ্গে রিজভী আরও বলেন, ‘আমরা মনে করি, জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে আপনি হঠাৎ করে পিআরের কথা বলেন, এতে জনমনে বিভ্রান্তি তৈরি করবে। আমি এই পর্যন্ত যত জরিপ দেখেছি, বিশেষ করে গণমাধ্যমে, সেখানে অধিকাংশ মানুষের আনুপাতিক হারে ভোট পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা নাই এবং অনেকেই কনফিউজড অবস্থায় আছেন।’
গণভোট ও নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, ‘জুলাই সনদে গণভোটের যে ব্যাপারটা রয়েছে, দু-একটি দল চাচ্ছে এটি আগে করার জন্য। এখন আগে আপনি কখন করবেন? যদি জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হয়... কারণ ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রোজা শুরু হবে। তাহলে নিশ্চয়ই রোজার আগে নির্বাচন করতে হবে। সেই ক্ষেত্রে নির্বাচন ও গণভোট একসঙ্গে করা ছাড়া তো আর অন্য কোনো গত্যন্তর নেই।’
রিজভী বলেন, জাতীয় নির্বাচন দ্রুত হওয়া জরুরি। প্রত্যেকেই মনে করছেন যে, দেশে রাজনৈতিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। আপনারা অর্থনৈতিক অবস্থা দেখছেন যে, বিনিয়োগ একেবারে শূন্যের কোঠায়, কারণ নির্বাচিত সরকার নেই। নির্বাচিত সরকার থাকলে দেশ-বিদেশের বিনিয়োগকারীরা আস্থাশীল হন, তাঁরা বিনিয়োগ করতে আস্থাবান হন এবং বিনিয়োগ করেন। বিনিয়োগের সঙ্গে কর্মসংস্থানের যেমন একটা বিষয় আছে এবং অর্থনীতিকে সামগ্রিকভাবে চাঙা করার একটা বিষয় আছে, সেই ক্ষেত্রে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরিত না হলে পরে সংকট আরও ঘনীভূত হবে।’

আন্দোলন ও নির্বাচনের দীর্ঘ পথ পরিক্রমায় বিএনপির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে দলটির মিত্র কয়েকটি দল ও জোট। কিন্তু নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে শরিকদের মাঝে একধরনের ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
৪ ঘণ্টা আগে
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। একইসঙ্গে নিজ দলের নেতাদের পক্ষে আদালতে দাঁড়ানোয় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শফিকুর রহমান।
১৮ ঘণ্টা আগে
বৈঠকে মূলত চারটি বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত আলোচনা হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন, দলের জাতীয় কাউন্সিল, সাংগঠনিক বর্তমান পরিস্থিতি এবং নেতা–কর্মীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উপায়...
১ দিন আগে
ত্রাণ বিতরণ কর্মসূচির প্রথম দিনে ৫০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন...
২ দিন আগে