
বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব পালনের সময় কোনো ভুল বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে বিনম্র স্বরে সহযোদ্ধাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। বঙ্গভবনে যাওয়ার পর সহকর্মীদের ‘মিস করব’ উল্লেখ করে সবার কাছে দোয়া চেয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।
মির্জা ফখরুল দলের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানও তাঁর পক্ষে সংসদ সদস্যদের প্রতি এই আহ্বান জানান।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠক বেলা ২টায় শুরু হয়ে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে।
সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, কয়েক মিনিটের বক্তব্যে চার-পাঁচবার কেঁদে ফেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে সভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং প্রধানমন্ত্রীও আবেগাপ্লুত হয়ে পড়েন।
সভা সূত্রে জানা যায়, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি সভায় স্বাগত বক্তব্য দেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের ধারণা দেন এবং মির্জা ফখরুলের পক্ষে ভোট চান।
চিফ হুইপ জানান, বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মির্জা ফখরুল নিজেও ভোট দেবেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব নিলে তাঁর ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য হবে।
এরপর বক্তব্য দিতে উঠে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এবং শ্রদ্ধা জানান দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
বিএনপিতে যোগ দেওয়ার পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, দায়িত্ব পালনের সময় তাঁর কোনো ভুল হয়ে থাকলে বা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী। দল তাঁকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না বলেও জানান।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অনেক মূল্য দিয়ে বিএনপি বর্তমান অবস্থানে এসেছে। দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকলে রাষ্ট্রের সর্বত্র জবাবদিহি প্রতিষ্ঠা হবে। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি অপরিহার্য—বিষয়টি সবাইকে মনে রাখতে হবে। মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দলের দুঃসময়ে মির্জা ফখরুল সাহসিকতার সঙ্গে দলের হাল ধরেছেন এবং কখনো হাল ছাড়েননি। এ সময় তাঁকে কারাবন্দীও হতে হয়েছে। তারেক রহমান বলেন, দুর্ভাগ্যজনকভাবে তখন তাঁকে দেশের বাইরে থাকতে হয়েছিল।
বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনকে ‘গুরুত্বপূর্ণ’ উল্লেখ করে দলীয় সংসদ সদস্যদের মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকার ওপর গুরুত্ব দেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সংসদ সদস্যদের সতর্ক করেন তারেক রহমান। তিনি বলেন, অনেক সংসদ সদস্যের সঙ্গে স্থানীয় পর্যায়ে দলের দূরত্ব তৈরি হচ্ছে। কোনোভাবেই এই দূরত্ব বাড়তে দেওয়া যাবে না।
বিএনপির চেয়ারম্যান জানান, এবারের স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হবে। ফলে নির্বাচনটি চ্যালেঞ্জিং হবে।
গত সংসদ নির্বাচনে অনেকে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়ায় দল ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এবার যাতে কেউ দল-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে না যান, সে বিষয়ে এখন থেকেই সাংগঠনিকভাবে কাজ করতে হবে।
স্থানীয় পর্যায়ে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার ওপরও গুরুত্ব দেন তারেক রহমান। তাঁর মতে, গ্রহণযোগ্য প্রার্থী বাছাই করে তাঁদের বিজয়ী করতে হবে।
রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে মির্জা ফখরুলের আবেগঘন বিদায়ী বক্তব্য এবং স্থানীয় সরকার নির্বাচন ঘিরে তারেক রহমানের সাংগঠনিক বার্তায় বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক দূরত্ব কমানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেনসহ দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি...
৬ ঘণ্টা আগে
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
৯ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
১২ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
১২ ঘণ্টা আগে