কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হলে তিনি ও আরও দুজন আহত হন বলে জানিয়েছে এনসিপি। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় লালন আখড়ায় প্রবেশের সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয় বলে এনসিপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে তাঁর হাতে আঘাত লাগে। পরে নেতা-কর্মীরা তাঁকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্তের কথা জানিয়েছে।
এনসিপি বলছে, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা বা হেনস্তার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে জানুয়ারিতে ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে তাঁকে লক্ষ্য করে একাধিকবার ডিম নিক্ষেপ ও হেনস্তার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় নির্বাচনী অনুসন্ধান কমিটির মাধ্যমে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
গত জুলাইয়ে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনাও উল্লেখ করেছে দলটি। এনসিপির ভাষ্য অনুযায়ী, ওই সময় নাসীরুদ্দীন পাটওয়ারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। সারজিস আলম নিরাপত্তার জন্য একটি ব্যাংক ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ তাঁদের নিরাপত্তায় নিয়ে যায়।
এর কয়েক দিন পর সিলেটেও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় গাড়ির কাচ ভেঙে যাওয়ার ছবি ও ভিডিও প্রকাশিত হলেও স্থানীয় পুলিশ হামলার ঘটনা অস্বীকার করে বলে জানিয়েছে এনসিপি। দলটি ওই ঘটনারও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
একজন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতার ওপর বারবার হামলা, হেনস্তা ও রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার ঘটনাকে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশের লক্ষণ নয় বলে মন্তব্য করেছে এনসিপি। দলটির মতে, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে; তবে এর জবাব হামলা, ভয়ভীতি বা সহিংসতার মাধ্যমে দেওয়া গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক ঘটনার পুনরাবৃত্তি গুরুতর উদ্বেগের বিষয়। প্রতিটি ঘটনার তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা না হলে রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আরও উৎসাহিত হওয়ার আশঙ্কা রয়েছে।
কুষ্টিয়ার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি। একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।
এনসিপি বলেছে, হামলা, হেনস্তা বা ভয়ভীতি দেখিয়ে কোনো রাজনৈতিক নেতা-কর্মীকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না। দেশের যেকোনো প্রান্তে রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং নাগরিকের রাজনৈতিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
দলটি নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর সংঘটিত প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি এবং ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার পর এ ঘটনাকে পাটওয়ারীর ওপর ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম এ দাবি করেন।
৫ ঘণ্টা আগে
নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন...
৭ ঘণ্টা আগে
ডেঙ্গুর পাশাপাশি শিশুদের হামজনিত মৃত্যু নিয়েও সরকারের ভূমিকার সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ডেঙ্গুর আগে হামে শিশুমৃত্যুর ঘটনায় সরকার অতীতের সরকারকে দায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার গত সাত মাসে কী করেছে—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এখনো হাম ও ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে।
৮ ঘণ্টা আগে
সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ এবং চীন-বাংলাদেশ পার্টনারশিপ প্ল্যাটফর্মের মহাসচিব অ্যালেক্স ওয়াং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে গিয়ে দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ ইসলাম এবং এনসিপির মুখপাত্র ও প্রবাসী ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে
১ দিন আগে