Ajker Patrika

রেলওয়েতে টিকিট জালিয়াতি

সম্পাদকীয়
আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৮: ৩৭
রেলওয়েতে টিকিট জালিয়াতি

বাংলাদেশ রেলওয়ের সমন্বিত টিকিটিং ব্যবস্থা (বিআরআইটিএস) নিয়ে পরিবহন অডিট অধিদপ্তরের সাম্প্রতিক আইটি অডিটের এক প্রতিবেদন থেকে জানা যায়, ট্রেনের সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে টিকিট ছাড়ার কয়েক দিন আগেই অ্যাডমিন ড্যাশবোর্ড ব্যবহার করে টিকিট ব্লক করে থাকেন ভেন্ডর প্রতিষ্ঠান ‘সহজ’-এর প্রতিনিধি ও রেলওয়ের বুকিং সহকারীরা। ফলে টিকিট কলোবাজারিতে চলে যায়। এতে সাধারণ জনগণ টিকিট পান না। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের টিকিটিং ব্যবস্থার মূল ডেটাবেইস আমাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) সিঙ্গাপুর অঞ্চলে ভার্চুয়াল প্রাইভেট ক্লাউডে থাকায় তা হ্যাক হলে যাত্রীদের সব ধরনের তথ্যসহ ভ্রমণ ইতিহাস ও আর্থিক লেনদেনের তথ্য চুরি ও প্রতারণার ঝুঁকি রয়েছে, যা সরাসরি ‘ক্লাউড কম্পিউটিং নীতিমালা ২০২১’-এর পরিপন্থী।

উঠেছে ‘সহজ’-এর বিরুদ্ধেও অভিযোগ—৮ কোটি টাকার বেশি রাজস্ব কম জমা দেওয়া এবং সিস্টেম অকার্যকর থাকার জরিমানা বাবদ ১ কোটি ৩৯ লাখ টাকা না দেওয়া।

সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে কয়েক বছর আগে সরকার রেলওয়েতে অনলাইনের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করে। এরপরেও মানুষ অনলাইনে টিকিট পেত না। আগে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে টিকিট পাওয়া যেত না। অনলাইনে সেটা চলে গেলে নতুন এক সংকটের সৃষ্টি হয়।

এ ধরনের অপরাধ, কারসাজি ও রাজস্ব ফাঁকি বন্ধে সর্বাগ্রে অ্যাডমিন ড্যাশবোর্ডের ওপর রেলওয়ের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। বেসরকারি ভেন্ডর প্রতিষ্ঠান ‘সহজ’-এর কর্মীদের শুধু কারিগরি রক্ষণাবেক্ষণের কাজে সীমাবদ্ধ রাখতে হবে। টিকিট বিক্রি, আসন ব্লক করা বা কোটা সমন্বয়ের মতো কোনো প্রশাসনিক ক্ষমতায় তাদের প্রবেশাধিকার অনতিবিলম্বে বাতিল করতে হবে। প্রতিটি অ্যাডমিন অ্যাকাউন্টের গতিবিধি ট্র্যাক করার জন্য একটি কার্যকর ও স্বচ্ছ অডিট লগ বা অ্যাকটিভিটি লগ সিস্টেম অন্তর্ভুক্ত করতে হবে, যাতে টিকিট ব্লক করা বা কোটা পরিবর্তনের মতো যেকোনো পদক্ষেপ কার দ্বারা সম্পন্ন হয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়।

এ ছাড়া অডিটে উঠে আসা কোটি কোটি টাকার আর্থিক অনিয়ম ও সরকারি রাজস্ব ঘাটতি পুনরুদ্ধারে একটি উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। সহজকে বাদ দিয়ে দক্ষ লোক নিয়োগের মাধ্যমে রেলওয়ের নিজস্ব আইটি বিভাগ চালু করা গেলে এ ধরনের অপরাধ যেমন প্রতিরোধ করা যাবে, তেমনি রেলওয়ে আর্থিকভাবে আয় করতে পারবে। শুধু পদচ্যুত বা জরিমানা করলেই হবে না, এ ধরনের অনিয়ম বন্ধে সহজের প্রতিনিধিদের সঙ্গে রেলওয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

ডিজিটাল টিকিটিং ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল যাত্রীদের দুর্ভোগ কমানো ও স্বচ্ছতা আনা; কিন্তু সঠিক জবাবদিহি না থাকলে প্রযুক্তি যে দুর্নীতি ও বৈষম্যের নতুন হাতিয়ার হয়ে উঠতে পারে, এই অডিট প্রতিবেদন তারই প্রমাণ। যাত্রী অধিকার রক্ষা এবং রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতি রুখতে দ্রুততম সময়ে এসব সুপারিশ বাস্তবায়ন করে টিকিটিং ব্যবস্থায় সম্পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনা জরুরি দরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত