
জীবনের জন্য উদ্ভিদ—তা সে তৃণ-লতাই হোক বা বৃক্ষ। প্রতিটি সবুজ উদ্ভিদ আমাদের জীবনদাত্রী। হোক তার অবদান যতই ক্ষুদ্র, শেওলা থেকে শিরীষগাছ, সবই আমাদের প্রয়োজন। আনন্দের কথা হলো, এখন সে প্রয়োজন মানুষ ধীরে ধীরে বেশ ভালোভাবেই বুঝতে পারছে। সে কারণে পৃথিবীতে মানুষ যত বাড়ছে, সেসব মানুষও গাছপালা বাড়াতে মনোযোগী হচ্ছে। এ আনন্দের পাশাপাশি একশ্রেণির লোভী মানুষের লোভের শিকার হয়ে কাটাও পড়ছে অনেক গাছ। মানুষ তার প্রয়োজনেও গাছ কাটছে। তারপরও প্রতিটি দেশে বৃক্ষসম্পদ বৃদ্ধির পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ চলছে। অনেক দেশে বৃক্ষরোপণ এখন আন্দোলনে রূপ পেয়েছে। বাংলাদেশ সরকারও পাঁচ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষচারা রোপণের পরিকল্পনা গ্রহণ করেছে, যা এ দেশের বনসৃজন ও উদ্ভিদ সম্পদ বৃদ্ধিতে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ কাজকে ফলপ্রসূ করতে প্রতিবছর এ দেশে বিশাল আকারে জাতীয় বৃক্ষমেলাসহ দেশব্যাপী বৃক্ষমেলার আয়োজন করা হয়। বাংলাদেশে ১৯৯৪ সালে বন বিভাগের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পর্যায়ে বৃক্ষমেলার সূচনা হয়। বৃক্ষরোপণ অভিযান থেকে শুরু হয় বৃক্ষমেলা। ১৯৯১ সালের ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে প্রতিটি নাগরিককে একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়। সে বছর ১৩ আগস্ট গাজীপুরের শালনা গ্রামে একটি মেহগনি গাছ রোপণ করে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছিল। পরবর্তীকালে তা সামাজিক আন্দোলনে রূপ নেয়।
এরই ধারাবাহিকতায় ১৯৯৪ সালে প্রথম জাতীয় পর্যায়ে বৃক্ষমেলা শুরু হয়। প্রতিবছর তার পরিসর ও আয়োজন বড় হতে হতে বর্তমানে তা এক বৃহৎ উদ্ভিদ উৎসবের রূপ নিয়েছে। প্রতিবছর রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নিয়মিতভাবে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়, যা দেশের পরিবেশ রক্ষা ও বৃক্ষ রোপণে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এত দীর্ঘ সময় ও ব্যাপক আকারে উদ্ভিদ সম্পদের এমন উন্মুক্ত মেলা পৃথিবীর আর কোনো দেশে হয় বলে জানা নেই।
গত মাসে শেষ হলো এ বছরের জাতীয় বৃক্ষমেলা। বন বিভাগ আয়োজিত মাসব্যাপী সে বৃক্ষমেলা শেষে বন বিভাগ সূত্রে জানা গেছে যে এ বছর সে মেলায় মোট ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে। বিক্রির আর্থিক মূল্য ১৬ কোটি টাকা। এবারের মেলায় মোট ৭৪টি স্টল বা প্রতিষ্ঠান ও নার্সারি অংশ নেয়। গত বছর এই মেলায় ১৫ লাখ গাছের চারা বিক্রি হয়েছিল। গত বছরের তুলনায় এবার ১ লাখ চারা বেশি বিক্রি হয়েছে। বেশ কয়েকবার সে মেলায় যাওয়ার সুযোগ হয়েছিল। আয়োজন ও গাছপালার সংগ্রহ, নান্দনিক সজ্জা, অসংখ্য উদ্ভিদপ্রেমীর আনন্দময় উপস্থিতি ভালো লেগেছে। পাশাপাশি কিছু প্রশ্নও মনে এসেছে। বৃক্ষমেলায় তো শুধু বৃক্ষ না, অন্য উদ্ভিদও রয়েছে। তাহলে নাম কেন বৃক্ষমেলা? বন বিভাগ কি বৃক্ষমেলা শেষে শুধু কয়টি চারা বিক্রি হলো, কত টাকার চারা বিক্রি হলো সেগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে? প্রতিবছর বৃক্ষমেলায় কী কী নতুন গাছের চারা এ দেশে এল তার তথ্য কে দেবে?
হয়তো বৃক্ষরোপণ অভিযানকে জোরদার করতে বৃক্ষজাতীয় উদ্ভিদ রোপণকে গুরুত্ব দিতেই এ নাম দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে মেলায় যে ১৬ লাখ চারা বিক্রি হয়েছে, সঠিক জরিপ করলে বা তথ্য রাখলে হয়তো দেখা যাবে এর ৮০ থেকে ৮৫ শতাংশই বৃক্ষ না। মেলায় যাঁরা গিয়েছেন তাঁদের অধিকাংশই নগরবাগানি। তাঁরা বৃক্ষের চেয়ে বেশি কিনেছেন ঘর সাজানো ও ছাদবাগান করার গাছপালা। তাই বন বিভাগ যদি মোট গাছপালা বিক্রির হিসাবের মধ্যে এ তথ্য রাখত, তাহলে তার সঠিক হিসাব জানা যেত যে বিক্রীত উদ্ভিদের কত শতাংশ বৃক্ষ।
যাহোক, এবারের বৃক্ষমেলায় নগর কৃষি ফাউন্ডেশন একটি নাগরিক অভিমত জরিপ পরিচালনা করে। তারা মেলায় আগত প্রায় ২০০ জনের কাছ থেকে তথ্য সংগ্রহ করে। সে জরিপের ফলাফল হিসেবে দেখা গেছে যে মেলায় আগতদের প্রায় ৯০ শতাংশই ঢাকার বাসিন্দা, যাঁদের মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী। তাঁদের প্রায় প্রত্যেকেরই ছাদ, বারান্দা বা ঘরের ভেতরে বাগান আছে। দৃশ্যত দেখা গেছে, অধিকাংশ স্টলে এসব বাগানে লাগানোর উপযোগী চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। তাই তাঁদের প্রায় ৯০ শতাংশই তাঁদের পছন্দের চারাটি পেয়ে সন্তুষ্টি নিয়ে ফিরে গেছেন। তাঁদের অনেকে বলেছেন, বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে কিছুটা ছোট পরিসরে হলেও বিশেষ বিশেষ উদ্ভিদের মেলা হতে পারে। যেমন অন্দরবাগানের উদ্ভিদের মেলা, গোলাপ ও অর্কিডের মেলা, বাগানবিলাসের মেলা ইত্যাদি। এ ছাড়া জাতীয় বৃক্ষমেলা সম্পর্কেও তাঁদের কিছু পর্যবেক্ষণ ও অভিমত দিয়েছেন; যেমন—গাছপালার দাম কমানো, চারার মান নিয়ন্ত্রণ করা, কিডস জোন করা, ওয়াশরুম উন্নয়ন, নগরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষা সফরের আয়োজন করা, নির্দিষ্ট গাছ সম্পর্কে ক্রেতাকে সঠিক তথ্য দেওয়া, স্টল মালিক ও কর্মচারীদের গাছ সম্পর্কে বিস্তারিত জানা, মেলার ভেতর থেকে বাইরের ফটক পর্যন্ত চারা পরিবহনের জন্য ফ্রি শাটল সার্ভিস বা পরিবহনের ব্যবস্থা করা, নিরাপদ পানির ব্যবস্থা করা, সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নগর কিষান-কিষানিদের জন্য পরামর্শ সেবাকেন্দ্র চালু করা, বৃক্ষমেলার সময় বাড়ানো ইত্যাদি। নাগরিক অভিমতের এসব সুপারিশের মধ্যে কিছু বিষয় অত্যন্ত যৌক্তিক, মেলা কর্তৃপক্ষ সেগুলো চাইলেই করতে পারে।
ইতিমধ্যে ঢাকায় আয়োজিত এ বৃক্ষমেলার খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এ দেশের অনেক নার্সারি মালিকেরাও বিদেশের চারা উৎপাদন ও পালনকারী অনেক প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সেসব দেশ থেকে প্রতিবছর নতুন নতুন গাছপালা এনে মেলায় বিক্রি করছেন। এতে জাতীয় মেলাটি ধীরে ধীরে আন্তর্জাতিক রূপ পেয়েছে। তাই ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে এ ধরনের মেলায় অন্য দেশের অংশগ্রহণকে উৎসাহিত ও অন্তর্ভুক্ত করা যায় কি না তা বিবেচনা করা যেতে পারে। নগরবাগানিরাও চারা উৎপাদক। তাই বইমেলায় যেমন লিটল ম্যাগের পৃথক স্টল রাখা হয়, সেভাবে নগরবাগানিদের জন্য আলাদা একটি জায়গা দিতে পারলে তাঁরাও সেখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তাঁদের উৎপাদিত চারা-কলম বিক্রি বা পরস্পর তা বিনিময় করে উপকৃত হতে পারেন,
মেলায় আগত অন্য নগরবাগানিদের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা বিনিময় করতে পারেন।
দামের ব্যাপারে মেলায় আগতরা যে অভিমত দিয়েছেন সেটি সঠিক বলে মনে হয়। যদি এবারের বিক্রির হিসাব সঠিক থাকে তাহলে প্রতিটি চারা বিক্রি হয়েছে গড়ে ১০০ টাকায়। আমার জানা মতে, এত কম মূল্যে খুব কম চারাই পাওয়া
গেছে। কোনো পছন্দের চারা দাম হাঁকা হয়েছে ৩০ থেকে ৫০ হাজার টাকা। বিশেষ করে বিদেশি ফলের চারার ক্ষেত্রে এরূপ ঘটনা ঘটেছে। তাই কোন স্টলে কোন চারা কত দামে বিক্রি হবে সে ব্যাপারে সর্বজন গ্রহণযোগ্য একটি নির্দিষ্ট মূল্যতালিকা থাকলে ক্রেতাদের ঠকার আশঙ্কা থাকবে না। সঠিক গাছের নাম ও জাতের নাম যেকোনো ক্রেতা জানতে চান। সেক্ষেত্রে বিক্রেতার মুখে বলার চেয়ে একই চারা এক জায়গায় রেখে তার সঙ্গে নামের ও স্বল্প কিছু তথ্য-ট্যাগ নিশ্চিত করতে পারলে উভয়েরই সুবিধা হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের জন্য উদ্বুদ্ধকরণ সফরের আয়োজন অবশ্যই করা উচিত। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সবুজের প্রতি আগ্রহ ও ভালোবাসা তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ।
প্রতিবছর নির্ধারিত তারিখেই এই আয়োজন করা উচিত। এমনকি একই তারিখে ৬৪টি জেলাতেও বৃক্ষমেলার আয়োজন করা যেতে পারে। ভারতে প্রতিবছর ১ থেকে ৭ জুলাই ‘বন মহোৎসব’ করা হয়। ১৯৫০ সালে কে এম মুন্সি এই উৎসবের সূচনা করেন, যা এখনো চলছে। স্কুল, অফিস ও স্থানীয় বিভিন্ন গোষ্ঠী পার্ক বা খোলা জায়গায় একত্রিত হয়ে এ সময়ের মধ্যে যৌথভাবে চারাগাছ রোপণ করে। এরূপ কোনো ভাবনাকে জাতীয় বৃক্ষমেলার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে পারলে এর গুরুত্ব ও ব্যাপকতা আশা করি বাড়বে।

বেশ কিছু দিন ধরেই সকালের সবাদপত্র খুললে বা টেলিভিশন দেখলেই অসম্ভব সব মৃত্যুর খবর সবার জীবন-যাপনকে স্থবির করে দেয়। কিছুদিন দেখা গেল ধর্ষণ ও ধর্ষণের হত্যার খবর। তারপর খুব সহজেই যেন শিশু হত্যা ঘটছে। আবার আরেকজনের ভাত খেয়ে ফেলার অপরাধে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে হত্যা। এসব হত্যার ঘটনা তো অবিরাম ঘটেই চলছে।
১ দিন আগে
একটি রাষ্ট্রের অর্থনীতি কতটা স্থিতিশীল, তার অন্যতম সূচক হলো সাধারণ মানুষের জীবনযাত্রার মান কেমন? যখন মানুষ প্রতিদিনের বাজার খরচ, যাতায়াত ব্যয় কিংবা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে গিয়ে হিমশিম খায়, তখন উন্নয়নের হিসাবের পাশাপাশি জনজীবনের বাস্তবতাও নতুন করে মূল্যায়নের প্রয়োজন দেখা দেয়।
১ দিন আগে
একটি শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের শোক নয়; কখনো কখনো তা একটি সমাজের আয়না হয়ে ওঠে। অপ্রতিমের মর্মান্তিক মৃত্যু তেমনই একটি ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে নিয়ে নানা আলোচনা চলছে। কেউ তার বয়সের তুলনায় বড়দের সঙ্গে মেলামেশা, টিকটক ভিডিও...
১ দিন আগে
নিজের বাল্যবিবাহ ঠেকাতে নিজেই গেছে ইউএনওর কাছে। এযাত্রা মেয়েটা এই বাল্যবিবাহের অভিশাপ থেকে বেঁচে গেল। অভাবের সংসারে চার মেয়ের মধ্যে তিনজনের বিয়ে দিয়েছেন মা। বাকি এই মেয়েকে বিয়ে দিতে পারলে বিধবা নারীটি হয়তো স্বস্তির নিশ্বাস ফেলতেন।
১ দিন আগে