Ajker Patrika

এআই কি বন্ধু, না শত্রু

রাজিউল হাসান
এআই কি বন্ধু, না শত্রু
প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি

মানব সমাজে যখনই কোনো বিষয় নিয়ে হইচই শুরু হয়, তখনই দুটো পক্ষ তৈরি হয়। একদল সেই বিষয়ের পক্ষে থাকে, অপর দল থাকে বিপক্ষে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি। একদল বলছে, এআই আমাদের সহায়ক টুল। আরেক দল বলছে, এআই একসময় বিপদ ডেকে আনবে, এর থেকে দূরে থাকাই ভালো। কেউ বলছে, এআই কাজ কেড়ে নেবে। আবার কেউ বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কাজ সহজ করার পাশাপাশি নতুন কাজের ক্ষেত্র তৈরি করবে।

এআই কি বন্ধু

ওয়েবক্যাম আবিষ্কারের কাহিনি অনেকেরই জানা। তারপরও বলি। নব্বইয়ের দশকের শুরুর দিকের ঘটনা। যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে বসে গবেষণা করতেন গবেষকেরা। তাঁদের অনেকের ছিল কফির নেশা। তাঁদের জন্য সার্বক্ষণিক কোনো অফিস সহায়কও ছিলেন না। ফলে কফির তৃষ্ণা জাগলে তাঁরা হাঁটা দিতেন ভবনের কফি কর্নারে। কিন্তু কয়েক তলা সিঁড়ি ভেঙে সেখানে গিয়ে প্রায়ই তাঁদের নিরাশ হতে হতো। দেখতেন, কফির পট খালি।

কুয়েনটিন স্ট্যাফোর্ড-ফ্রেজার এবং পল জার্ডেৎস্কি নামের দুই কম্পিউটার বিজ্ঞানী এ নিয়ে এতটাই বিরক্ত হলেন যে তাঁরা নিজ ডেস্কে বসে কীভাবে কফির পটের অবস্থা জানা যায়, তা নিয়ে রীতিমতো গবেষণা শুরু করলেন। ১৯৯১ সালে তাঁরা প্রথম এক্সকফি নামের একটি সফটওয়্যার বানালেন, যা তাঁদের ডেস্কটপ কম্পিউটারে কফি পট খালি, না ভরা সে তথ্য জানাবে। এরপর তাঁরা কফি মেশিনে বসালেন একটি ছোট ভিডিও ক্যামেরা। এই ক্যামেরাকে একটি গ্রাফিকস কার্ডের মাধ্যমে যুক্ত করলেন একটি কম্পিউটারে। আর কম্পিউটারটিকে যুক্ত করা হলো লোকাল নেটওয়ার্কে। সেই ক্যামেরা কয়েক মিনিট পরপরই ১২৮ বাই ১২৮ পিক্সেলের গ্রেস্কেল ছবি ধারণ করে গবেষকদের কফি পটের তাৎক্ষণিক অবস্থা জানাতে লাগল।

যে ওয়েবক্যামের জন্ম হলো কফি পটের অবস্থা জানাতে, তা ১৯৯৩ সালের নভেম্বরে যুক্ত হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে। এ কাজ করলেন ড্যানিয়েল গর্ডন ও মার্টিন জনসন।

আমি ধান ভানতে শিবের গীত গাইছি না। ওয়েবক্যাম আবিষ্কারের এই ঘটনার মধ্যে মানুষের একটি সহজাত প্রবণতা ধরা পড়ে। সেটা হলো, ক্লান্তিকর কঠিন কাজগুলো সে কোনো না কোনোভাবে অন্যকে দিয়ে করাতে চায়। এই প্রবণতার কারণেই মানুষ এক সময় চাকা আবিষ্কার করেছে, ইঞ্জিন উদ্ভাবন করে পরিবহন ব্যবস্থাকে করে তুলেছে যান্ত্রিক।

এআইও মানুষের এই সহজাত প্রবণতারই ফসল। শিল্পযুগের শুরু থেকেই মানুষ সব ব্যবস্থাকে স্বয়ংক্রিয় করে তোলার চেষ্টা করছে। দিনে দিনে ব্যবস্থার উন্নতি হয়েছে, কাজ হয়েছে সহজ। পাশাপাশি উৎপাদন খরচ কমেছে, ঝুঁকিপূর্ণ কাজগুলো স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে করায় কর্মক্ষেত্রে দুর্ঘটনার হারও কমছে। এদিকে ঠিকঠাক নির্দেশনা দেওয়া গেলে মানুষের তুলনায় যন্ত্র অনেক নিখুঁতভাবে কাজ করতে পারে। ফলে পণ্যের মানোন্নয়নের সুযোগও তৈরি হয়েছে।

এআইকে বলা যায় স্বয়ংক্রিয় প্রযুক্তির একটি অত্যাধুনিক ও সম্ভাবনাময় শাখা। তবে প্রচলিত অটোমেশনের সঙ্গে এর পার্থক্য রয়েছে। কারণ, এআই শুধু পূর্বনির্ধারিত নির্দেশনা অনুসরণ করে না; প্রশিক্ষিত মডেলের মাধ্যমে তথ্য বিশ্লেষণ, প্যাটার্ন শনাক্তকরণ ও নতুন কনটেন্ট তৈরির কাজও করতে পারে। হয়তো ভবিষ্যতে এআইয়ের চেয়েও অত্যাধুনিক কোনো প্রযুক্তি আসবে।

এআই যেভাবে কাজে সহায়ক হচ্ছে

বিশ্বজুড়ে সব কোম্পানিই, এমনকি সরকারগুলোও এআই ব্যবহারের চেষ্টা করছে। ধরা যাক, আপনি একটি ই-কমার্স ব্যবসা পরিচালনা করেন। এআই কতভাবে আপনার সহায়ক হতে পারে, তার কয়েকটি উদাহরণ দেওয়া যাক। প্রথমত, আপনি এআই ব্যবহার করে আপনার স্টোরে থাকা পণ্যের বিপণনের জন্য কনটেন্ট তৈরি করতে পারেন। জেনারেটিভ এআই টুলগুলো খুব সুন্দরভাবে পণ্যের বিস্তারিত বিবরণ লিখতে পারে, ইমেইল ক্যাম্পেইন চালাতে পারে। এমনকি এআই ব্যবহার করে আপনি আপনার পণ্যের জন্য বিজ্ঞাপনও তৈরি করতে পারেন কয়েক সেকেন্ডে।

প্রচলিত ব্যবস্থায় এই কাজগুলো করতে তুলনামূলক বেশি জনবল, সময় ও অর্থের প্রয়োজন হতো। কিন্তু এআই টুল শুধু কাজগুলো কয়েক মিনিটেই করে দিচ্ছে না, খরচও বহুলাংশে কমিয়ে দিচ্ছে। শুধু কি তা-ই, এআই টুল ব্যবহার করে আপনি সপ্তাহে সাত দিন, প্রতিদিন ২৪ ঘণ্টা কোনো বিরতি ছাড়াই আপনার প্রতিষ্ঠানের গ্রাহকসেবা কার্যক্রম পরিচালনা করতে পারেন।

শুধু ব্যবসা-বাণিজ্যে এআইই সহায়ক হচ্ছে না, নতুন এই প্রযুক্তি ব্যবহার হচ্ছে আরও অনেক কাজে। দিনে দিনে যে এর ব্যবহার আরও বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই।

এআই যে চাকরি কেড়ে নিচ্ছে, তার কী হবে

এটা খুব স্বাভাবিক একটি প্রক্রিয়া। ইঞ্জিনচালিত পরিবহন ব্যবস্থার আগে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের প্রধান ভরসা ছিল ঠেলাগাড়ি, গরুর গাড়ি, মহিষের গাড়ি। নদীতে বৈঠা ঠেলে চলত নৌকা। ইঞ্জিনচালিত ব্যবস্থা আসার পর পরিবহনে যেমন গতি এসেছে, পাশাপাশি হারিয়ে গেছে ঠেলাগাড়ি, গরুর গাড়ি। সে হিসাবে ইঞ্জিনও অনেক মানুষের কর্মসংস্থান কেড়ে নিয়েছে।

যেকোনো অগ্রগতিতে কর্মসংস্থান তাদেরই হুমকিতে পড়ে, যাঁরা নতুন ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে পারে না। এআই আসার পরও বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ছাঁটাই ত্বরান্বিত হয়েছে। বেসরকারি সব প্রতিষ্ঠানেরই প্রধানতম চেষ্টা হলো, কম খরচে বেশি উৎপাদন। এই চেষ্টার পালে এআই জোরেশোরে হাওয়া দিয়েছে। সব প্রতিষ্ঠানই দেখছে, এক এআই তো বহু মানুষের কাজ করে দিচ্ছে। তাও আবার কোনো রকম চায়ের ফাঁকে আড্ডা কিংবা লাঞ্চ ব্রেক ছাড়াই। কর্মঘণ্টারও কোনো বালাই নেই। ফলে সবাই এআইয়ের দিকে ঝুঁকছে।

তাহলে মানুষ কি বেকার হয়ে যাবে? না। এআই তৈরি, প্রশিক্ষণ, ব্যবস্থাপনা ও তদারকিতে মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এআই কয়েক সেকেন্ডে আপনার জন্য বিজ্ঞাপন তৈরি করতে পারলেও সেটি সব সময় প্রকাশের উপযোগী হয় না। তথ্য, ভাষা, ছবি ও বিজ্ঞাপনের দাবি যাচাই করতে হয়। ২৪ ঘণ্টা গ্রাহকসেবা দেওয়া সম্ভব হলেও সব সমস্যার সমাধান এআই নিজে করতে পারে না। জটিল অভিযোগ, অর্থ ফেরত কিংবা সংবেদনশীল বিষয়ে মানুষের হস্তক্ষেপ প্রয়োজন হয়।

এআই মূলত সফটওয়্যারনির্ভর একটি প্রযুক্তি, যা তথ্য বিশ্লেষণ করে কিছু ক্ষেত্রে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। এআইয়ের কাজের ধরন ও সিদ্ধান্ত গ্রহণের কাঠামো মানুষ তৈরি করে দেয়; প্রশিক্ষণের মাধ্যমে এআই নিজেও তথ্য থেকে প্যাটার্ন শেখে। ফলে এআই কর্মসংস্থান কেড়ে নিচ্ছে, কথাটা পুরোপুরি সঠিক নয়। যেকোনো প্রযুক্তিগত পরিবর্তনে কিছু প্রচলিত কাজ ও কর্মসংস্থান বিলুপ্ত হয়, আবার নতুন কাজের ক্ষেত্রও তৈরি হয়। এই পরিবর্তনের সঙ্গে যাঁরা নিজেদের দক্ষতা ও কাজের ধরন মানিয়ে নিতে পারেন না, তাঁরা তুলনামূলক বেশি ঝুঁকিতে পড়েন।

যুক্তরাষ্ট্রের বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকসের ২০২৩ সালের একটি গবেষণায় বলা হয়েছিল, জেনারেটিভ এআইয়ের কারণে বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি ফুলটাইম চাকরির সমপরিমাণ কাজ অটোমেশনের আওতায় আসতে পারে। তবে এর অর্থ এই নয় যে, ৩০ কোটি মানুষ চাকরি হারাবেন। বরং এসব কাজের একটি উল্লেখযোগ্য অংশ এআইয়ের মাধ্যমে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। গবেষণাটিতে আরও বলা হয়েছিল, প্রযুক্তিগত পরিবর্তনের ফলে কিছু কর্মসংস্থান বিলুপ্ত হলেও নতুন কাজের ক্ষেত্রও তৈরি হবে।

২০২৬ সালে প্রকাশিত গোল্ডম্যান স্যাকসের আরেকটি বিশ্লেষণেও এআইয়ের প্রভাবে শ্রমবাজারে পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষ করে জুনিয়র পর্যায়ের কর্মীদের নিয়োগে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে সদ্য বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো কিংবা শ্রমবাজারে নতুন আসা মানুষদের জন্য প্রতিযোগিতা আরও কঠিন হয়ে উঠতে পারে।

ডিপফেক, ভুয়া খবরসহ নেতিবাচক বিষয়গুলোর কী হবে

এতক্ষণ তো এআইয়ের ইতিবাচক দিক নিয়ে আলোচনা করলাম। এবার আসি নেতিবাচক আলোচনায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় এআই দিয়ে সম্পাদিত ছবি ও ভিডিও ছড়ানোর হার ব্যাপক বেড়েছে। অনেকেই বলছেন, এআইয়ের কারণেই এমনটা হচ্ছে। এই চিন্তাভাবনায় একটু সংশোধন প্রয়োজন। এআই যে ভালো কাজগুলো করছে, সেটাও যেমন মানুষের নির্দেশনায় করছে, খারাপ কাজগুলোও মানুষের নির্দেশনায়ই হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে এআই নিজেও ভুল তথ্য, পক্ষপাতদুষ্ট ফলাফল কিংবা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করতে পারে।

ফলে এসব নেতিবাচক বিষয়ের মোকাবিলা করতে আমাদের এআই সম্পর্কে আরও জানতে হবে, এআইকে বুঝতে হবে। না জানলে ভুয়া তথ্য, সাইবার ঝুঁকি কিংবা এআইয়ের তৈরি ভুল কিংবা পক্ষপাতদুষ্ট ফলাফল আমরা শনাক্ত করতে পারব না।

তাহলে এআই কি বন্ধু, না শত্রু?

একটা গল্পের মাধ্যমে উপসংহার টানি। সুমন সাহেব ভালো চাকরি করেন (যদি চান, তাঁকে ব্যবসায়ীও ভাবতে পারেন)। সম্প্রতি তাঁর আয়-উপার্জন বেশ বেড়েছে। তিনি সিদ্ধান্ত নিলেন, গণপরিবহনে ঝুলে, কিংবা রাইড শেয়ারে যাতায়াত আর নয়। গাড়ি কিনে ফেললেন। গাড়িটা বাড়ি এনেই বসে পড়লেন চালকের আসনে। এখানে বলে রাখা ভালো, তিনি ড্রাইভিং জানেন না। একবার কল্পনা করুন তো, গাড়িটা চলতে শুরু করার পর কী ঘটতে পারে!

এআইয়ের ক্ষেত্রেও এই গল্পটা প্রযোজ্য। না জেনে এআই নিয়ে কাজ শুরু করার মানে হলো ড্রাইভিং না জেনে চালকের আসনে বসে পড়া। আপনি-আমি চাইলেও এআইয়ের অগ্রযাত্রা থামিয়ে রাখা সম্ভব নয়। বরং পরিবর্তিত বাস্তবতায় নিজেদের প্রস্তুত করাই বুদ্ধিমানের কাজ। যদি এআইয়ের নাড়ি-নক্ষত্রের খবর আমরা জানি, তাহলে তাকে দিয়ে কী করানো সম্ভব, তার কারণে কী বিপদ ঘটতে পারে, সেটাও আমরা জানব। আর সেই জানাটা কেবল আমাদের কর্মক্ষেত্রেই কাজে আসবে না, মিথ্যা-মন্দের বিরুদ্ধে লড়াইয়ে, এআইয়ের কারণে সৃষ্ট বিপদ মোকাবিলায়ও কাজে আসবে।

লেখক: উপবার্তা সম্পাদক, আজকের পত্রিকা

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত