
মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া ‘কালচারাল ফ্যাসিস্ট’ উল্লেখ করে কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে পৃথকভাবে। আজ রোববার বাংলাদেশ আজাদি পার্টি ও রাষ্ট্রসংলাপ ফোরাম পৃথকভাবে এসব অভিযোগ করে।
এর মধ্যে আজাদি পার্টি সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আর রাষ্ট্রসংলাপ ফোরাম অভিযোগ দিয়েছে সদ্য পদত্যাগ করা মো. সাহাবুদ্দিন ও কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে।
চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আজাদি পার্টির আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. হাসিনুর রহমান। তিনি বলেন, ৫ আগস্ট (২০২৪ সালের) পর্যন্ত এত লোককে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে; কোনো দিন প্রতিবাদ করেননি সাবেক এই দুই রাষ্ট্রপতি। এসব অপরাধে তাঁদের মৌন সম্মতি ছিল।
রাষ্ট্রসংলাপ ফোরাম সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতার অভিযোগ এনে তদন্ত দাবি করে। সে সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সাংস্কৃতিক অঙ্গনের কয়েকজনের ভূমিকারও তদন্ত দাবি করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, মেহের আফরোজ শাওন, রিয়াজ আহমেদ, অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, নিপুন আক্তার, তানভীন সুইটি, হৃদি হক, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, পিয়া জান্নাতুল, শামীমা তুষ্টি, হিরো আলম, আশনা হাবীব ভাবনা, সাইমন সাদিক, সুজাতা আজিম, জায়েদ খান, আজিজুল হাকিম, চন্দন রেজা, আসাদুজ্জামান নূর, মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা, মোবিন মেহেদী, সোমা ইসলাম ও আনিস আলমগীর।
রাষ্ট্রসংলাপ ফোরাম তাঁদের অভিযোগ আইন অনুযায়ী যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে শহীদ ও আহত ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানায়।
অভিযোগে সংগঠনটির কেন্দ্রীয় সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস বলেছেন, তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে শাহবাগে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে গত বছরের ১৮ জানুয়ারি রাতে ময়মনসিংহ যাওয়ার পথে মহাখালী বাসস্ট্যান্ড থেকে তাঁকে গুম করা হয়। পরদিন ১৯ জানুয়ারি বাংলামোটর এলাকায় তাঁকে ফেলে রেখে যায়।
আল নূর মোহাম্মদ রাষ্ট্রসংলাপ ফোরামের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘একান্ত সহযোগী’ হিসেবেও সাহাবুদ্দিনকে উল্লেখ করেছেন। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ, অমানবিক নির্যাতন, খুন, গুমের হুকুমদাতা হিসেবে সাহাবুদ্দিনের ভূমিকা তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন।
অভিযোগের বিষয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, কোনো অভিযোগ জমা হলে তাঁরা সেটি তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেন।

সার নিয়ে চারদিকে সমস্যা হচ্ছে। চাহিদামতো সার পাচ্ছেন না কৃষকেরা। এই দুশ্চিন্তার মধ্যে তাঁদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এল ডিজেলের মূল্যবৃদ্ধি। একলাফে ডিজেলের দাম বেড়েছে লিটারে ২০ টাকা। আজকের দিনে যন্ত্রনিভর কৃষিতে জমি প্রস্তুত, সেচ দেওয়া, ফসল কাটা, মাড়াইসহ প্রায় সব কাজে জ্বালানি হিসেবে ডিজেল...
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার সরকারের শেষ কয়েক সপ্তাহের ঘটনা নিয়ে নির্মিত আল-জাজিরা ইংলিশের অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’। প্রামাণ্যচিত্রটি ২০২৬ সালের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডস’-এ মনোনয়ন পেয়েছে।
১৩ ঘণ্টা আগে
গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়া থেকে আসা টোটাল এনার্জির একটি এলএনজি কার্গো বৈরী আবহাওয়ার কারণে সামিটের টার্মিনালে নোঙর করতে পারছিল না। প্রায় ২৪ ঘণ্টায় তিনবার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এলএনজি সরবরাহ ঘণ্টায় ৬০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে যায়।
১৪ ঘণ্টা আগে
নিউইয়র্কে চলমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। উভয় দেশের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পৃথক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে