গাজীপুরের সিটি মেডিকেল কলেজে বদরুদ্দোজার মনোনয়ন স্থগিত

এ এস এম বদরুদ্দোজাকে গাজীপুরের সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মনোনয়ন দেওয়ার প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেছেন হাইকোর্ট। সিটি মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ রিফায়েত উল্লাহ শরীফের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ চার মাসের জন্য ওই সিদ্ধান্ত স্থগিত করেন।
এর আগে গত ৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শকের জারি করা স্মারকে এ এস এম বদরুদ্দোজাকে গাজীপুরের সিটি মেডিকেল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। পরে ওই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করেই রিট করেন রিফায়েত উল্লাহ শরীফ।
রিট আবেদনে বলা হয়, বেসরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ আইন, ২০২২-এর ১৮(২) ধারা অনুযায়ী গভর্নিং বডির চেয়ারম্যান উদ্যোক্তাদের মধ্য থেকে নির্বাচিত হওয়ার বিধান রয়েছে। কিন্তু বদরুদ্দোজা বর্তমানে ওই প্রতিষ্ঠানের উদ্যোক্তা নন। ২০১৫ সালের একটি সমঝোতা স্মারকের মাধ্যমে বদরুদ্দোজা তার সব শেয়ার বিক্রি করে সম্পূর্ণ মূল্য বুঝে নেন। পরবর্তী সময়ে ২০১৭ সালে স্বেচ্ছায় চেয়ারম্যান পদ থেকেও অব্যাহতি নেন।
আবেদনে আরও বলা হয়, বর্তমান গভর্নিং বডির মেয়াদ ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বহাল রয়েছে। অথচ মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো কারণ দর্শানোর নোটিশ না দিয়ে কমিটি পুনর্গঠন করা হয়েছে। এ ছাড়া আইনে সরকার, বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে একজন করে প্রতিনিধি রাখার বিধান আছে। অথচ প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষককে সদস্য করা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
আদেশের বিষয়ে মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তিকারী বিতর্কিত লেখক এ এস এম বদরুদ্দোজা। হাইকোর্ট মনোনয়ন চার মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছেন।









