
বিয়ে ও গায়েহলুদের অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক ও অপচয় বন্ধে অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, সেটি কার্যকর করার আহ্বান জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। আজ সোমবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় প্রধানমন্ত্রীর মিতব্যয়িতার প্রসঙ্গ টেনে নিয়ে তিনি এই আহ্বান জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বেলা ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়।
বিয়ে ও গায়েহলুদের অনুষ্ঠানে অতিরিক্ত জাঁকজমক ও অপচয়ের সমালোচনা করে শাহাদাত হোসেন বলেন, ‘সাত-আট দিন আগে থেকে কোরিওগ্রাফার দিয়ে নাচের আয়োজন ধর্মীয় অনুশাসনের সঙ্গে সাংঘর্ষিক। এটি বন্ধ করতে হবে। অতীতে যে অতিথি নিয়ন্ত্রণ আইন ছিল, এই আইনকে কার্যকর করতে হবে। এই অতিথি নিয়ন্ত্রণ আইনটাকে যদি কার্যকর করা যায়, যদি আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলি, তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ কমে আসবে। এক দিনে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম অন্তত ১০ পারসেন্ট কমে আসবে।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের মিতব্যয়িতার প্রসঙ্গ টেনে শাহাদাত হোসেন বলেন, ‘তিনি অপচয় পছন্দ করেন না। আমরা সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে যখন তাঁর কাছে (লন্ডন) যেতাম, তিনি একটি রং চা খাওয়াতেন। কখনো একটি চিপস তিন-চারজন ভাগ করে খেতাম। এখন দেখছি, তাঁর খাদ্য বাজেট মাত্র ১৫০ টাকা। এটা অবশ্যই গ্রহণযোগ্য, কারণ, অপচয়কারী শয়তানের ভাই।’
শাহাদাত হোসেন সেলিম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রকল্প বাস্তবায়নে বিলম্ব, ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির কারণেই রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হয়েছে। যদি প্রকল্প প্রণয়নে বাজেট ঠিক রাখা হয়, পর্দা ও বালিশের কেলেঙ্কারি না হয় এবং যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন হয়, তাহলে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন অসম্ভব কিছু নয়।
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর বিএনপির সরকার গঠন এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে বিধ্বস্ত অর্থনীতির প্রেক্ষাপটে সরকার কী বাজেট দেয়, তা নিয়ে উদ্বেগে ছিলেন বলে জানান শাহাদাত হোসেন। তিনি বলেন, অর্থমন্ত্রী এমন একটি বাজেট দিয়েছেন, যেখানে সমালোচনার সুযোগ খুবই কম।
শাহাদাত হোসেন বলেন, ‘ছাত্রজীবন থেকেই বাজেটের প্রতি আমার আলাদা আগ্রহ ছিল। বাজেটের পক্ষে-বিপক্ষে বক্তব্য রাখতাম। কিন্তু মাননীয় অর্থমন্ত্রী এমন একটা জাদুর বাজেট দিয়েছেন, সেখানে বিপক্ষে বলার কিছু নেই। একটি শব্দও খুঁজে পাই না বিপক্ষে বলার জন্য। শুধু হয়তো বিড়িখোরদের মনের মধ্যে একটু কষ্ট ছাড়া আর কেউ এই বাজেটকে প্রত্যাখ্যান করেনি।’
উৎসে আয়কর কর্তনের হার ৫ শতাংশ প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘উৎসে ৫ শতাংশ আয়কর কর্তন ছিল একটি রাষ্ট্রীয় সন্ত্রাস। এটিকে বন্ধ করায় মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই।’
লোকসানি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সংসদ সদস্য বলেন, ‘লোকসানি প্রতিষ্ঠানগুলো আর না টেনে পিপিপির ভিত্তিতে বা অন্য যেকোনোভাবে সরকারের দায়মুক্ত হওয়ার উদ্যোগ নেওয়া উচিত। এটি জাতির জন্য ইতিবাচক হবে।’
মাদক নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বাড়ানোর দাবি জানিয়ে শাহাদাত হোসেন বলেন, পুলিশের কাছে গেলে তারা বলে—তাদের গাড়ি নেই, যাতায়াতের ব্যবস্থা নেই। তাই মাদকমুক্ত সমাজ গড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ আরও বাড়াতে হবে।
বন্দর ব্যবস্থাপনা নিয়ে শাহাদাত হোসেন বলেন, বেসরকারি টার্মিনাল পরিচালনার জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও ‘সবার আগে বাংলাদেশ’ নীতি অনুসরণ করার আহ্বান জানান তিনি। ঠিকাদারদের কাজ ছেড়ে চলে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘উন্নয়নকাজ থমকে গেছে। ইপিজি বা সংশ্লিষ্ট জটিলতা থেকে আমাদের মুক্ত হতে হবে, না হলে কোনো উন্নয়ন সম্ভব হবে না।’
প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ প্রণোদনার দাবি জানিয়ে সংসদ সদস্য বলেন, ‘যাঁরা যৌবনে ব্যবসায়ী, পেশাজীবী বা করদাতা হিসেবে রাষ্ট্রকে অবদান দিয়েছেন, ৬৫ বছর বয়সের পর তাঁদের জন্য রাষ্ট্রীয় প্রণোদনা থাকা উচিত। শুধু রেলের টিকিট নয়, ব্যাংক ও স্বাস্থ্যসেবাসহ সব ক্ষেত্রে প্রবীণদের জন্য আলাদা লাইন ও বিশেষ সম্মান নিশ্চিত করতে হবে।’
নিজ নির্বাচনী এলাকা রামগঞ্জের জন্য একটি ওভারহেড পানির ট্যাংক নির্মাণের অনুরোধ জানিয়ে শাহাদাত হোসেন এলজিডি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি লক্ষ্মীপুর অঞ্চলের উন্নয়নের জন্য হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুর-চরআলেকজান্ডার পর্যন্ত রেলপথ নির্মাণ, গরিপুর থেকে হাজীগঞ্জ পর্যন্ত চার লেন সড়ক এবং স্থানীয় হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার দাবি জানান।

রিগ্যাসিফায়েড লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (আরএলএনজি) সরবরাহ হ্রাস পাওয়ায় তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় আগামী চার দিন সব শ্রেণির গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪০ মিনিট আগে
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বর্তমান সরকার দেশকে নিয়ম-শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনতে কাজ করছে। দুর্নীতির মূলোৎপাটন এবং মাদকের বিস্তার রোধ সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না...
১ ঘণ্টা আগে
ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের মামলায় বিভিন্ন প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
মবোক্রেসি শব্দের ব্যবহার নিয়ে আজ সোমবার বিতর্ক হয়েছে সংসদে। বাজেট প্রত্যাখ্যান করে বিরোধী দলের করা মিছিলকে সংরক্ষিত নারী আসনের সরকারদলীয় সদস্য বিথিকা বিনতে হোসাইন মবোক্রেসি বলে আখ্যা দিলে আপত্তি জানায় জামায়াতে ইসলামী। মিছিলকে মবোক্রেসি আখ্যা দেওয়ায় বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানায় দলটি।
২ ঘণ্টা আগে