
বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি ও বিদেশি বিনিয়োগকারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ১৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে সরাসরি বৈদেশিক বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। বিনিয়োগকারীদের সুবিধার্থে সরকার শুল্ক-সুবিধাবান্ধব পরিবেশ নিশ্চিত করেছে। একই সঙ্গে বিনিয়োগ প্রক্রিয়াকে সহজ করতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ নামে ওয়ান-স্টপ সার্ভিস চালুর লক্ষ্যে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়েছে। তিনি বলেন, গত পাঁচ-ছয় মাস ধরে এ-সংক্রান্ত প্রশাসনিক ও আইনি সুবিধাগুলো সুসংগঠিত করা হয়েছে। বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধিকে সরকার স্বাগত জানায়।
জ্বালানি খাতের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে এলএনজি টার্মিনাল স্থাপনের বিভিন্ন প্রস্তাব সরকার পর্যালোচনা করছে। এসব উদ্যোগ জ্বালানি খাতের বহুমুখীকরণের পাশাপাশি দেশের সার্বিক নিরাপত্তা বাড়াতে ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, খাদ্যশস্য ও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সরকারি পর্যায় থেকে (জিটুজি) শুরু করে বেসরকারি খাতেও বিনিয়োগের বড় সুযোগ তৈরি করা হচ্ছে।
জাতীয় নিরাপত্তা ও প্রযুক্তিগত সুরক্ষার কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা, স্মার্ট পুলিশিংয়ের আওতায় ‘সেফ সিটি’ প্রকল্প, সীমান্ত নিরাপত্তায় ‘ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট’ এবং ই-ভিসা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট ও ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া-বিষয়ক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অতুল কেশপ বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান কোম্পানি কয়েক দশক ধরে বাংলাদেশে সফলভাবে ব্যবসা পরিচালনা করছে। বর্তমানে এসব প্রতিষ্ঠান বাংলাদেশের অন্যতম প্রধান বিনিয়োগকারী।
বাংলাদেশের অর্থনীতির সম্ভাবনার কথা তুলে ধরে অতুল কেশপ বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর আশা রয়েছে। এ লক্ষ্য অর্জনে কারিগরি ও ব্যবস্থাপনাগত সক্ষমতা উন্নয়ন, জিডিপি প্রবৃদ্ধি এবং কর আহরণ সক্ষমতা বাড়ানো জরুরি।
এ ক্ষেত্রে মার্কিন কোম্পানিগুলো কীভাবে বাংলাদেশ সরকারকে সহযোগিতা ও অংশীদার হতে পারে, বৈঠকে তা নিয়েও আলোচনা হয়।
বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশপের নেতৃত্বে ১৬ সদস্যের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে আজ মঙ্গলবার জাতীয় সংসদের ক্যাবিনেট কক্ষে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের বিষয়টি জানান ইসি সচিব।
২ ঘণ্টা আগে
ইলিশের উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, ইলিশের বিচরণক্ষেত্রের নদীগুলোতে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ড্রেজিং না হওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ইলিশ স্রোতের বিপরীতে চলাচল করে। তাই নদীর প্রবাহ আরও
৩ ঘণ্টা আগে
দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত জুলাই মাসে ২০২ কোটি ৬৩ লাখ ৪৯ হাজার টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৩ ঘণ্টা আগে
বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারি পাঁচটি দপ্তরের দাপ্তরিক কাজে ব্যবহৃত বিদ্যুতের সিংহভাগ সৌর বিদ্যুৎ ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা আজ মঙ্গলবার এক পরিপত্রে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে