Ajker Patrika

নতুন ও বেশি ধারণক্ষমতার কারণে তৃতীয় এলএনজি টার্মিনালের ভাড়া বেশি: জ্বালানি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নতুন ও বেশি ধারণক্ষমতার কারণে তৃতীয় এলএনজি টার্মিনালের ভাড়া বেশি: জ্বালানি প্রতিমন্ত্রী
ফাইল ছবি

সরকার যে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) সংগ্রহ করতে যাচ্ছে, সেটি অপেক্ষাকৃত নতুন ও বেশি ধারণক্ষমতার হওয়ায় এর ভাড়াও বেশি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, নতুন এই টার্মিনালে বেশি পরিমাণে এলএনজি সংরক্ষণ ও রূপান্তরের পাশাপাশি বড় জাহাজ ভেড়ানোর সুযোগ থাকবে। এতে দীর্ঘ মেয়াদে জ্বালানি আমদানিতে সাশ্রয় হবে।

আজ সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এর আগে সম্পূরক প্রশ্নে এলএনজি টার্মিনালটির বেশি ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন।

বিবৃতিতে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সরকার ইতিমধ্যে কুতুবদিয়ায় তৃতীয় এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কিছুটা তথ্য বিভ্রাট রয়েছে। খণ্ডিত ও ভুল তথ্যের ভিত্তিতে বিভিন্ন আলোচনা হচ্ছে। বিষয়টি স্পষ্ট করতেই তিনি সংসদে বিবৃতি দিচ্ছেন।

প্রতিমন্ত্রী বলেন, নতুন এফএসআরইউটির সংরক্ষণ ক্ষমতা বর্তমানে চালু থাকা দুটি এফএসআরইউর তুলনায় বেশি। এর ধারণক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার, যা বর্তমান দুটি এফএসআরইউর প্রতিটির ধারণক্ষমতার চেয়ে প্রায় ২৬ শতাংশ বেশি। অধিক ধারণক্ষমতার এফএসআরইউ সংরক্ষণ ও রূপান্তরে বেশি মূলধনী বিনিয়োগ প্রয়োজন হয়। ফলে এর দৈনিক ভাড়াও তুলনামূলক বেশি। বিষয়টি বোঝাতে তিনি বলেন, ১০ হাজার বর্গফুটের একটি গুদাম তৈরি করতে ৫০০ বর্গফুটের গুদামের চেয়ে বেশি বিনিয়োগ প্রয়োজন। স্বাভাবিকভাবেই বড় গুদামের ভাড়াও বেশি হবে।

নতুন এফএসআরইউটি ২০১৬ সালে নির্মিত উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে থাকা দুটি এফএসআরইউ ২০০৫ ও ২০০৬ সালে নির্মিত। ২০০৮ সালে নির্মিত একটি এফএসআরইউ সংগ্রহের প্রস্তাবও ছিল। কিন্তু গত আগস্টে এফএসআরইউ নষ্ট হওয়ার কারণে দেশ ও জাতিকে যে চড়া মূল্য দিতে হয়েছে, সেই পরিস্থিতির পুনরাবৃত্তি সরকার চায় না।

অনিন্দ্য ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্বের অন্যান্য দেশও জ্বালানি সক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করতে এফএসআরইউ সংগ্রহের দিকে মনোযোগ দিয়েছে। ফলে বাজার এখন সরবরাহকারীদের নিয়ন্ত্রণে চলে গেছে। এ কারণে এফএসআরইউর দামও বর্তমানে বেশি।

নতুন এফএসআরইউটির গ্যাস পুনরায় রূপান্তরের সক্ষমতাও বেশি বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত ভাসমান সংরক্ষণাগারই এলএনজি মজুতের একমাত্র বিকল্প। তাই বেশি ধারণক্ষমতার সংরক্ষণাগার জ্বালানি নিরাপত্তায় ইতিবাচক ভূমিকা রাখবে।

এই টার্মিনালে বড় জাহাজ ভেড়ানোর সুযোগ থাকবে উল্লেখ করে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এর ফলে বেশি পরিমাণে এলএনজি কেনা সম্ভব হবে। এতে প্রতি কার্গোতে ১ লাখ ৯ হাজার ডলার পর্যন্ত সাশ্রয় করা যাবে। ২০ বছরে শুধু বেশি পরিমাণে এলএনজি কেনার মাধ্যমে ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।

বিবৃতির শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী বলেন, এই সরকার জনগণের ভোটে নির্বাচিত। স্পিকারের মাধ্যমে তিনি বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করতে চান, জনগণের প্রতিটি পয়সার হিসাব পাই পাই নিশ্চিত করতে চান তাঁরা। একটি টাকার অপচয় নয়, একটি পয়সারও অপচয় যেন না হয়, তা নিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রাথমিক লক্ষ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত