
দেশে মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় বাড়ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সমস্যা দূর করতে প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা, স্কাউটিং ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের চরিত্র, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেম বিকাশেও গুরুত্ব দিতে হবে। খেলাধুলা ও স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলা, জনসম্পৃক্ততা এবং মানুষের প্রতি ভালোবাসার মতো গুণাবলি তৈরি করা সম্ভব।
আজ বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া মেধাবী স্কাউটদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী বাংলাদেশের নেতৃত্ব দিতে হবে আজকের মেধাবীদেরই। দেশ গঠনে তাদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে হবে। মেধাবীদের পাশে দাঁড়ানো এবং তাদের যথাযথভাবে উৎসাহিত করার কোনো বিকল্প নেই।
স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্কাউটিং শিক্ষার্থীদের নেতৃত্ব দেওয়া, মানুষের সঙ্গে সম্পৃক্ত হওয়া, দেশকে ভালোবাসা এবং প্রয়োজনে দেশের জন্য আত্মত্যাগের মানসিকতা তৈরি করে। একইভাবে খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি বলেন, তরুণদের মাদক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সহশিক্ষামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে হবে। স্কাউটিংয়ের মাধ্যমে কীভাবে নেতৃত্ব দিতে হয়, কীভাবে মানুষের সঙ্গে কাজ করতে হয় এবং দেশের মানুষের প্রতি দায়িত্বশীল হতে হয়—এসব শিক্ষা পাওয়া যায়।
দেশের শিক্ষাব্যবস্থায় নৈতিকতার ঘাটতি রয়েছে উল্লেখ করে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হলে শিক্ষার একেবারে প্রাথমিক স্তর থেকেই উদ্যোগ নিতে হবে।
এ লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় থেকেই খেলাধুলার সুযোগ বাড়ানো হয়েছে বলে জানান তিনি। দেশের ২২ লাখ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী পুরস্কৃত করেছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক ও মিড ডে মিলের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি।
শিক্ষাক্রমের পরিবর্তনের বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, চতুর্থ শ্রেণি থেকে স্পোর্টস, কালচার, এথিকস ও মরালস এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ যুক্ত করা হচ্ছে। পাশাপাশি কারিগরি শিক্ষার প্রসারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। স্কাউটের জন্য পৃথক স্কিম নেওয়া হয়েছে এবং বিএনসিসির জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।
মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা ভালো ফল করেছে, তাদের যথাযথভাবে সম্মানিত ও পুরস্কৃত করা হবে। আগামী প্রজন্মকে গড়ে তোলার দায়িত্বও মেধাবী শিক্ষার্থীদেরই নিতে হবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষের মেধা ও বিশাল জনসংখ্যা দেশের উন্নয়নের অন্যতম বড় সম্পদ। এই মানবসম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিশ্বে একটি উদাহরণ তৈরি করতে সক্ষম হবে। আগামী প্রজন্মের হাত ধরেই দেশ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাবে।
নারী শিক্ষার অগ্রগতির বিষয়টি তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, নারী শিক্ষায় উপবৃত্তি কর্মসূচি দেশে একটি সামাজিক পরিবর্তন এনেছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে মেয়েদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছিল, যার প্রভাব দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও পড়েছে।
শিক্ষা খাতে সরকারের গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট বাড়াচ্ছেন। একই সঙ্গে স্কাউটের জন্যও বাজেট বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

দেশে একটি মহল কৃত্রিম সারসংকট সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। তাঁর অভিযোগ, ফ্যাসিস্টের নিয়োগ দেওয়া ডিলাররা পালিয়ে গেছেন এবং তাঁরা সময়মতো সার উত্তোলন ও বিক্রি করছেন না। এ কারণেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে।
২০ মিনিট আগে
গ্যাস-সংকট এবং লোডশেডিং বাড়ায় বিকল্প হিসেবে জ্বালানি তেলের ওপর চাপ বেড়েছে। জ্বালানি তেলের চাহিদা স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত ৩০ শতাংশ বেড়েছে। ডিজেল ও অকটেনের বিক্রি গত বছরের একই সময়ের চেয়ে ২৮ শতাংশের বেশি এবং বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস অয়েলের বিক্রি বেড়েছে প্রায় তিন গুণ।
৭ ঘণ্টা আগে
আগের দুটি মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনার লক্ষ্য অধরা থেকে গেলেও নতুন ৩৫ বছর মেয়াদি তৃতীয় মাস্টারপ্ল্যান তৈরি করেছে বাংলাদেশ রেলওয়ে। ২০২৬ থেকে ২০৬০ সাল পর্যন্ত মেয়াদের এই পরিকল্পনায় রয়েছে ৩২০টি প্রকল্প।
৭ ঘণ্টা আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আয়োজিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনের প্রাক্কালে
৯ ঘণ্টা আগে