
জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত তারকাচিহ্নিত আটটি প্রশ্নের সবগুলোই সরকারি দলের সংসদ সদস্যদের হওয়ায় আপত্তি জানিয়েছে বিরোধী দল। বিরোধী দলের সদস্যদের বেশি প্রশ্ন করার সুযোগ দিলে সরকারের জবাবদিহির সংস্কৃতি আরও শক্ত হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ বুধবার জাতীয় সংসদে মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তোলেন নাহিদ ইসলাম।
প্রসঙ্গত, সংসদের কার্যসূচি অনুযায়ী প্রতি বুধবার প্রশ্নোত্তর পর্বের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত।
নাহিদ ইসলাম বলেন, আজ প্রধানমন্ত্রীর জন্য তারকাচিহ্নিত আটটি প্রশ্ন রাখা হয়েছিল। আটটিই সরকারি দলের সংসদ সদস্যদের। বিরোধী দলের সংসদ সদস্যরাও প্রশ্ন জমা দেন উল্লেখ করে তিনি বলেন, বিরোধী দলের সদস্যরা যত বেশি প্রশ্ন করার সুযোগ পাবেন, সরকারের জবাবদিহির সংস্কৃতি তত শক্ত হবে।
এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।
সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে সরকারি ও বিরোধী দলের জন্য আলাদা কোনো পদ্ধতি নেই। নিয়ম অনুযায়ী যিনি আগে প্রশ্ন জমা দেবেন, তিনি আগে সুযোগ পাবেন বলে জানান তিনি। বিরোধী দলের সদস্যরা প্রশ্ন জমা দিতে পিছিয়ে পড়লে সেটি তাঁদের অসুবিধা বলেও মন্তব্য করেন চিফ হুইপ। তবে বিরোধী দলের সদস্যরা যাতে প্রশ্ন করার সুযোগ পান, সেদিকে স্পিকারের দৃষ্টি দেওয়ার অনুরোধ জানান তিনি।
এরপর স্পিকার বলেন, প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আগে এলে আগে নেওয়ার পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। প্রশ্ন আগে জমা দিতে অতীতে সংসদ সদস্যদের মধ্যে তীব্র প্রতিযোগিতার কথাও তুলে ধরেন তিনি।
স্পিকার বলেন, বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন বকুল একসময় বিছানাপত্র নিয়ে আগের রাত্রেই প্রশ্ন জমা দেওয়ার অফিসের সামনে অবস্থান নিতেন। আরও দু-একজন সদস্যও আগের রাতে সেখানে শুয়ে থাকতেন বলে জানান তিনি।
কোনো কোনো সংসদ সদস্য তাঁদের ব্যক্তিগত কর্মকর্তাদের আগেই প্রশ্ন জমা দেওয়ার জন্য লাইনে পাঠাতেন বলেও জানান স্পিকার। তিনি বলেন, ‘সকালে কোনো সংসদ সদস্য এসে ব্যক্তিগত কর্মকর্তাকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখলে তাঁকে পেছনে সরিয়ে দেওয়া হতো। সংসদ সদস্যদের অগ্রাধিকার দেওয়া হতো।’
প্রশ্ন জমা দেওয়ার ক্ষেত্রে ‘তুমুল প্রতিযোগিতা’ হয় মন্তব্য করে বিরোধী দলের সদস্যদেরও আগে প্রশ্ন জমা দেওয়ার চেষ্টা করার পরামর্শ দেন স্পিকার। একই সঙ্গে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ ও যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রোগনিয়ন্ত্রণ শাখা (সিডিসি), রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), এমআইএস ও হাসপাতাল শাখার পরিচালকদের নিয়ে একটি সেল গঠন করা হয়েছে।
২০ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘তোমরা নিজেরা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে এবং পরিবারের সদস্য, বন্ধু ও প্রতিবেশীদেরও সচেতন করবে। তোমাদের ছোট ছোট উদ্যোগই একটি পরিচ্ছন্ন ও সুস্থ সমাজ গড়ে তুলতে সহায়তা করবে।’
৩২ মিনিট আগে
সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
১৪ ঘণ্টা আগে