
সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে রাজনৈতিক সভা-সমাবেশ ও প্রচার-প্রচারণায় জড়িত থাকার অভিযোগে কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি ইসতেরাহা ও হলরুম ভাড়া করে, পাশাপাশি হোটেল-রেস্তোরাঁ কিংবা ব্যক্তিগত বাসাবাড়িতে বিভিন্ন সংগঠনের ব্যানারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সভা-সমাবেশ আয়োজন করা হচ্ছিল। একই সঙ্গে দলবদ্ধভাবে প্রচার-প্রচারণা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সৌদি কর্তৃপক্ষ কয়েকজন বাংলাদেশিকে আটক করে।
দূতাবাস জানায়, সৌদি আরবের আইন অনুযায়ী যথাযথ অনুমোদন ছাড়া কোনো ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ, দলবদ্ধ প্রচারণা কিংবা সংশ্লিষ্ট কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এসব কর্মকাণ্ড স্থানীয় আইন লঙ্ঘনের শামিল এবং এতে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
এমতাবস্থায় সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক প্রচার-প্রচারণায় অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।
একই সঙ্গে সৌদি আরবের প্রচলিত আইনকানুন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, আইন মেনে চলাই প্রবাসীদের নিরাপত্তা, কর্মসংস্থান এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার অন্যতম শর্ত।

২০১৫ সালের ১৯ জুলাই সৈয়দ আশরাফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব থেকে সরানোর মধ্য দিয়ে এই মন্ত্রণালয়ে দলের সাধারণ সম্পাদকের মন্ত্রিত্বে ছেদ পড়ে। মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে ১০ বছর ৬ মাস ২৯ দিন পর সাধারণ সম্পাদকের হাতে ফিরল।
২১ মিনিট আগে
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও পালন করবেন তারেক রহমান।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গতকাল বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন উপমন্ত্রীকে নিয়োগ দিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
আব্দুস সাত্তারকে এক বছরের চুক্তিতে মুখ্য সচিব নিয়োগ দিয়ে গতকাল মঙ্গলবার রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা।
২ ঘণ্টা আগে