Ajker Patrika

শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কয়েক দফা চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রতিবেশী দেশকে কয়েক দফায় অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা আমরাও শুনছি সামাজিক যোগাযোগমাধ্যমে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশে ডিসেম্বরে আসতে চান। তাঁকে ফেরত পাওয়ার জন্য প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমাদের প্রতিবেশী দেশকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কয়েক দফা অনুরোধপত্র পাঠিয়েছি। আমাদের অবস্থান পরিষ্কার।’

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনাকে কেন্দ্র করে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রয়াস প্রথম থেকেই চলছে। তারা বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করতে চায় এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।

তিনি বলেন, ‘তারা তাদের কৌশল অনুসারে সেটা করতেই পারে। তবে আমরা বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেব না।’

দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গণ-অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া এবং এ দেশের নাগরিকদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের কোনো অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে রাজনৈতিক সমঝোতা হয়েছে।’

তিনি বলেন, ত্রয়োদশ সংশোধনী-সংক্রান্ত সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পথ তৈরি হয়েছে। তবে এ ব্যবস্থা কার্যকর করতে আইনসভার মাধ্যমে সংবিধান সংশোধন করে তা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনসভায় সংবিধান সংশোধনীর মাধ্যমে সেই আইন আবার প্রতিস্থাপন করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে বহাল করতে হবে। এটা আমরা করতে অঙ্গীকারবদ্ধ।’

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন তাঁদের আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল উল্লেখ করে তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমে এ ব্যবস্থা ফিরিয়ে আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত