
প্রাথমিকের শিক্ষার্থীদের ‘সবুজ বিদ্যালয়’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের স্টল পরিদর্শন করে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দেশের ৬০টি জেলার শিক্ষার্থীরা এই সবুজ বিদ্যালয় কর্মসূচিতে অংশ নিয়েছে।
প্রধানমন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শিক্ষকেরা প্রধানমন্ত্রীকে স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষার্থীদের জন্য কী কী খেলার সুবিধা তা বিস্তারিত তুলে ধরেন। প্রধানমন্ত্রী জানতে চান, কী কী খেলা শিক্ষার্থীরা খেলে? শিক্ষকেরা তখন ‘আনন্দ শিক্ষা’ ও ডিজিটাল শিক্ষা’ সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

একটি স্টলের শিক্ষার্থী বলেন, ‘আমরা প্রতিদিন টিফিনের টাকা জমিয়ে অসচ্ছল বন্ধুদের সাহায্য করি। তাদের সঙ্গে নিয়ে আমরা টিফিন করি।’ এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা ভালো কাজ করছো।’ একটি গেম সম্পর্কে শিক্ষার্থী ও শিক্ষকের কাছ থেকে অবহিত হন প্রধানমন্ত্রী এবং বলেন, ‘গেমটা তো চমৎকার।’
একটি স্টলে গিয়ে ছোট্ট শিক্ষার্থীদের সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা বিদ্যালয়কে পরিচ্ছন্ন রাখবে। যেখানে ময়লা দেখবে তুলে নির্দিষ্ট জায়গায় ফেলে দেবে। ঠিক আছে।’

হবিগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের স্টলে গিয়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করে বলেন, ‘তোমরা সবাই ভালো আছো তো।’ শিক্ষার্থীরা একসঙ্গে বলে, ‘আপনি কেমন আছেন?’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ভালো আছি।’
একটি স্টলে প্রধানমন্ত্রী দেখেন শিশুদের জন্য লাইব্রেরি বানিয়ে তাকে বই সাজানো আছে। একটি ছোট্ট শিশু তাদের পকেট লাইব্রেরির বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা করে বলে, ‘এই লাইব্রেরিতে লেবেল করে শিশুদের বই সাজানো আছে। যে শিশুটি যে বই পড়তে চায় সেই সেই লেবেলে গিয়ে বইটি নেবে। প্রধানমন্ত্রী বলেন, ‘তোমরা সুন্দর জিনিস সেট করেছ। এ জন্য তোমাদের ধন্যবাদ।’

প্রাথমিক বিদ্যালয়ের স্টলগুলো ঘুরে ঘুরে দেখার সময়ে বিভিন্ন স্টলে ছোট্ট শিক্ষার্থীদের আবদারও পূরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি স্টলে ছোট্ট শিক্ষার্থীদের আবদার ছিল, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি একটি টবে গাছের চারাটা রোপণ করে দেন সেটা আমরা আমাদের স্কুল আঙিনায় লাগাব, স্মৃতি হিসেবে।’ প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে রাজি হলেন। তিনি বললেন, ‘কোথায় তোমাদের টব ও গাছ?’ দ্রুত শিক্ষার্থীরা টব এনে গাছের চারাটি দিলে প্রধানমন্ত্রী নিজ হাতে সেটি রোপণ করেন। অন্য একটি স্টলে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীরা ছবি তোলার আবদার করে বলে, ‘আমরা আপনার সঙ্গে একটি ছবি তুলতে চাই।’ সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো অসুবিধা নেই।’

সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী একটি নিমগাছের চারা রোপণ করেন। এ উদ্যোগের অংশ হিসেবে আজ দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হচ্ছে।
১৯ মিনিট আগে
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সিটি গভর্নমেন্ট করার বিষয়ে সরকারপ্রধানেরও এমন একটি উদ্যোগ বাস্তবায়নের সদিচ্ছা রয়েছে। এর ফলে নগর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় সিটি করপোরেশন আরও কার্যকর ব্যবস্থা নিতে পারবে।
১ ঘণ্টা আগে
সংঘবদ্ধ অপরাধী চক্রের ডিজিটাল প্ল্যাটফর্ম ও প্রযুক্তির অপব্যবহার রুখতে এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান দমনে নতুন আইন মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ অত্যন্ত কঠোর ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
২ ঘণ্টা আগে
মঙ্গলবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
৪ ঘণ্টা আগে