
অবশেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর করা হলো সাহিত্যিক ও চিন্তক আহমদ ছফার দেহাবশেষ। আজ বুধবার দুপুরে দেহাবশেষ স্থানান্তরের কাজ সম্পন্ন হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক কবি সাখাওয়াত টিপু আজকের পত্রিকা জানান, বেলা দেড়টার দিকে দেহাবশেষ স্থানান্তর সম্পন্ন হয়।
এর আগে ফেসবুকে আহমদ ছফার ভাতিজা নূরুল আনোয়ার একটি ছবি ও ভিডিও আপলোড করে লেখেন, ‘লেখক আহমদ ছফার কবর খননের কাজ চলছে। নিজেকে দিয়ে শুরু করলাম।’
জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক কবি সাখাওয়াত টিপু ফেসবুকে লেখেন, ‘আজ ছফা ভাইয়ের কবর বুদ্ধিজীবী কবরের স্থানে স্থানান্তর করা হচ্ছে। মৃত্যুর পর পর তিনি যে সম্মান পাননি, আজ পঁচিশ বছর পর তাঁকে সেই বিরল সম্মান দেওয়া হচ্ছে। লেখক হিসেবে তিনি আরও অনেক অনেক দিন বেঁচে থাকবেন। আল্লাহ যাকে সম্মান দেন, তার সম্মান কেউ কেড়ে নিতে পারেন না। অথচ জীবদ্দশায় কত মানুষ তাঁকে অসম্মান করেছেন।’
সাখাওয়াত টিপু বলেন, শিল্পী-সাহিত্যিকদের সম্মান দেওয়া হয় না। আহমদ ছফাকে অবশেষে এত দিন পরে সম্মান দেওয়া হলো।
এর আগে রাজনৈতিক কারণে এই প্রখ্যাত বুদ্ধিজীবীকে সাধারণ কবরস্থানে সমাহিত করা হয়েছিল। চলতি বছরের মে মাসে আহমদ ছফার কবর মিরপুরের সাধারণ কবরস্থান থেকে বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মৃত্যুর দুই যুগ পরে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী এবং প্রথাবিরোধী লেখক ও বুদ্ধিজীবীর কবর বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়ার সিদ্ধান্ত হয়।
তখন লেখকের পরিবারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএনসিসির ১৪তম করপোরেশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
চলতি বছরের ১১ জানুয়ারি আহমদ ছফার পরিবারের পক্ষে তাঁর ভাইয়ের ছেলে নূরুল আনোয়ার লেখকের কবর স্থানান্তরের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেন। এতে বলা হয়, বাংলাদেশের শিল্প, সাহিত্য, রাজনীতি ও সমাজসেবার প্রতিটি ক্ষেত্রে আহমদ ছফার অসামান্য অবদান থাকলেও তাঁকে এ পর্যন্ত যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। তাই তাঁকে উপযুক্ত সম্মান প্রদর্শনের লক্ষ্যে বর্তমানের সাধারণ কবরস্থান থেকে সরিয়ে বুদ্ধিজীবী কবরস্থানে যথাযোগ্য মর্যাদায় সমাহিত করা প্রয়োজন।
আহমদ ছফার কবর স্থানান্তর বিষয়ে গত ১৩ এপ্রিল ডিএনসিসির সভায় বিস্তারিত আলোচনা হয়। তাঁর কবর বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরের বিষয়ে একমত পোষণ করেন করপোরেশনের সদস্যরা।
এ প্রসঙ্গে নূরুল আনোয়ার গণমাধ্যমকে বলেন, ‘আহমদ ছফার মহাপ্রয়াণের পর আমাদের প্রাণের দাবি ছিল তাঁকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা, কিন্তু তা সম্ভব হয়নি। ওই কবরটি তো নির্ধারিত সময়ের পর ভেঙে দেওয়া হবে। এ জন্য আমরা চেয়েছি তাঁর কবরটি যেন বুদ্ধিজীবীদের যে অংশটি আছে, সেখানে স্থানান্তর করা হয়। আহমদ ছফার কবরটি যেন স্থায়ীভাবে রাখা হয়, এ জন্যই আবেদনটি করা হয়।’
নূরুল আনোয়ার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় এ প্রক্রিয়া শুরু হয়েছিল। বর্তমান সরকারের কাছে আবেদনটি উত্থাপন করার পরে অনুমোদন দেওয়া হয়। মূলত আহমদ ছফার মতো একজন ব্যক্তিত্বকে তাঁর প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দেওয়াই ছিল আমাদের আবেদনের মূল লক্ষ্য।’

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংসদে প্রতিবন্ধিতা অধিকারবিষয়ক একটি ককাস গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই ককাসের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও জামায়াত..
২ ঘণ্টা আগে
স্বৈরাচারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থায় লুকিয়ে ছিল, এখন তাদের মধ্যে স্বৈরাচার লুকিয়ে আছে কি না—এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কে কাকে গুপ্ত করার দায়িত্ব নিয়েছে, তা জনগণের সামনে উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে কথাবার্তা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ যদি অরাজকতা সৃষ্টি করতে চায়, অবশ্যই দেশের আইনে বলে দেওয়া আছে কীভাবে অরাজকতাকে নিয়ন্ত্রণ করতে হয়। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগণের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিষ্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।’
৭ ঘণ্টা আগে