
ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনে দুই দিন মাইক-বিভ্রাটের কারণে মুলতবির ঘটনা ঘটল। আজ রোববার দ্বিতীয় দিনের মতো এমন পরিস্থিতি তৈরি হওয়ায় মাইক-বিভ্রাটের প্রকৃত সত্য জানাতে সংসদ সচিবকে তদন্তের নির্দেশ দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অধিবেশন চলাকালে তিনি নিজেই দুটি কারণ উল্লেখ করেন।
রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান সংসদে বারবার এমন ঘটনা রাষ্ট্রের জন্য ‘অত্যন্ত কলঙ্কজনক’ বলে উল্লেখ করেন স্পিকার।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি সংসদের সচিবকে নির্দেশ দিয়েছি তদন্ত করে প্রকৃত সত্য জানানোর জন্য। রাষ্ট্রের সর্বোচ্চ এই সংসদে বারবার বিভ্রাট রাষ্ট্রের জন্য অত্যন্ত কলঙ্কজনক।’
এর আগে মাইক-বিভ্রাট শুরু হলে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করেন স্পিকার। তিনি জানান, প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের মেরামতের জন্য।
মাগরিবের বিরতির পর অধিবেশন শুরু হলে মাইক-বিভ্রাট নিয়ে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন। এ সময় দুটি কারণ উল্লেখ করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর ক্ষুব্ধ ও ক্ষিপ্ত জনতা জাতীয় সংসদে প্রবেশ করে তছনছ করে। এ কারণেই ক্রমাগত মাইকে-বিভ্রাট দেখা দিচ্ছে।
স্পিকার বলেন, আরেকটি কারণ হলো, ফ্যাসিস্ট সরকারের আমলে ২০২২ সালে এই সিস্টেম স্থাপন করা হয়। স্থাপনের সময় এর আদৌ কোনো ওয়ারেন্টি ছিল কি না, এর কার্যকারিতার সময়কাল-সম্পর্কিত কোনো ডকুমেন্ট সংসদে পাওয়া যাচ্ছে না। বোঝা যাচ্ছে, অত্যন্ত হেলাফেলার সঙ্গে এই বিশাল কাজটি সম্পাদন করার চেষ্টা হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান বিষয়টি এড়িয়ে যাচ্ছে।
এরপরই সংসদ সচিবকে এই ঘটনার প্রকৃত সত্য তদন্ত করে জানানোর বিষয়টি উল্লেখ করেন স্পিকার।
এর আগে যা ঘটেছিল
আজ জাতীয় সংসদের চলমান অধিবেশন বিকেল ৫টা ৫৬ মিনিটে ৪০ মিনিট মুলতবির ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে ৭টা ১৪ মিনিটে পুনরায় অধিবেশন শুরু হয়।
অধিবেশনে চারটি বিল পাসের পর চিফ হুইপ নূরুল ইসলাম মনি বক্তব্য দিতে দাঁড়ান। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ অনুমোদন বিলে বিরোধী দল ‘হ্যাঁ’ ভোট না দেওয়ায় সমালোচনা করেন। এ সময় বিরোধী দল প্রতিবাদ করলেও চিফ হুইপ বক্তব্য চালিয়ে যান।
চিফ হুইপ বলেন, ‘চাকরির জন্য জুলাই অভ্যুত্থান হয়েছে, কিন্তু বিরোধী দল বয়স বৃদ্ধির বিলে সমর্থন না করায় বিস্মিত হয়েছি।’
এ সময় সরকারি দলের এমপিরা এতে সমর্থন করেন। দুই পক্ষের হট্টগোলে নূরুল ইসলামের বক্তৃতা শুনতে না পেয়ে স্পিকার চিফ হুইপের উদ্দেশে বলেন, ‘বক্তব্য শোনা যাচ্ছে না, বসে পড়ুন।’
এ সময় সংসদ সদস্যরা সমস্বরে জানান, তাঁরা স্পিকারের কথা শুনতে পাচ্ছেন না। তখন হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘তাহলে মুলতবি করে দিই।’
এরপরই মাইক মেরামত ও নামাজের জন্য অধিবেশন ৪০ মিনিট মুলতবি করার ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আবারও স্পিকারের মাইক কাজ করছে না। সদস্যবৃন্দ, আপনাদেরও মাইক কাজ করছে না। এই কারণে ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হলো। প্রথম ২০ মিনিট নামাজের জন্য এবং পরবর্তী ২০ মিনিট মাইকের মেরামতের জন্য।’
এরপর সংসদের কর্মকর্তারা শব্দব্যবস্থা পরীক্ষা করেন, যা প্রায় সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে। পরে আবার অধিবেশন শুরু হলে মাইক-বিভ্রাট নিয়ে কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ সময় তিনি প্রকৃত ঘটনা তদন্তে সংসদ সচিবকে নির্দেশ দেওয়ার কথা জানান।
চলতি সংসদের প্রথম দিন গত ১২ মার্চও মাইক-বিভ্রাটের কারণে প্রায় ৪০ মিনিট অধিবেশন বন্ধ ছিল।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। এই জাদুঘর যত দিন টিকে থাকবে, তত দিন এ দেশের মানুষের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম লিপিবদ্ধ...
২২ মিনিট আগে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্কভিত্তিক আন্তর্জাতিক এভিয়েশন সেবা প্রতিষ্ঠান ‘চেলেবি এভিয়েশন’ (Celebi Aviation)। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
৩৯ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) দেশসমূহের রাষ্ট্রদূত ও হাইকমিশনারেরা। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সে রকম কোনো ইস্যু তো প্র্যাক্টিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। এখন অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটার জবাব তো আমরা দিতে পারি না। আমাদেরকে জানাতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে...
১ ঘণ্টা আগে