Ajker Patrika

বাংলাদেশ-ভারতের ওপেন স্কাই নীতি নিয়ে আলোচনা

বিশেষ প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশ-ভারতের ওপেন স্কাই নীতি নিয়ে আলোচনা
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে আজ মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। ছবি: পিআইডি

বাংলাদেশ ও ভারতের মধ্যে অ্যাভিয়েশন খাতে সহযোগিতা বাড়াতে ওপেন স্কাই পলিসি, এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট (এএসএ) সংশোধন এবং বাংলাদেশের আকাশসীমা ব্যবহারের চার্জ মওকুফসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের অ্যাভিয়েশন খাতের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত।

আজ বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী এসব বিষয়ে আলোচনা করেন। মন্ত্রীর নিজ কার্যালয়ে বিকেল ৩টায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশের অ্যাভিয়েশন খাতের উন্নয়নে ভারতের সহযোগিতা ও কাজ করার আগ্রহের কথা জানান।

আলোচনায় দুই দেশের মধ্যে উন্মুক্ত আকাশনীতি চালু, বিদ্যমান এয়ার সার্ভিস অ্যাগ্রিমেন্ট সংশোধন এবং আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে আরোপিত চার্জ মওকুফের বিষয়গুলো গুরুত্ব পায়।

এ ছাড়া ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প রানওয়েতে ওঠানামার উপযোগী উড়োজাহাজ বা শর্ট টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং (এসটিওএল) এয়ারক্রাফট বাংলাদেশের বিভিন্ন এয়ারস্ট্রিপে ব্যবহারের সম্ভাব্যতা নিয়েও আলোচনা করেন রাষ্ট্রদূত।

মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার ক্ষেত্রে ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা প্রয়োজন।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে অ্যাভিয়েশন খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং আঞ্চলিক বিমান যোগাযোগ আরও কার্যকর করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত