Ajker Patrika

রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলের বিজয় নিশ্চিত, শপথ কাল

তানিম আহমেদ, ঢাকা 
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলের বিজয় নিশ্চিত, শপথ কাল
ফাইল ছবি

দেশে ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তনের প্রায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বারের মতো ভোট গ্রহণ হবে। জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা ভোট দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন করবেন।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দুজন। ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী দলের সদ্য সাবেক মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের বিপক্ষে ভোটদানের সুযোগ না থাকায় নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের বিজয় নিশ্চিত।

আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ও বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।

এই নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। এর মধ্যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন না হওয়ায় ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। এ ছাড়া অসুস্থতাজনিত কারণে বিদেশে থাকায় ভোট দিতে পারবেন না জানিয়ে স্পিকারের কাছে চিঠি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এদিকে এমপি হওয়ায় নির্বাচনে ভোট দিতে পারবেন মির্জা ফখরুল। নির্বাচিত হলে স্বয়ংক্রিয়ভাবে তাঁর সংসদ সদস্য পদ শূন্য হবে। মন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করতে হবে। এমপি না হওয়ায় ভোট দিতে পারবেন না অলি আহমদ।

রাষ্ট্রপতি নির্বাচনকে ঐতিহাসিক উল্লেখ করে তা সুচারুভাবে পরিচালনার জন্য নির্বাচন কমিশন (ইসি) সব প্রস্তুতি নিয়েছে বলে জানান নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি গতকাল বুধবার বলেন, প্রস্তুতির মধ্যে কোনো ঘাটতি নেই।

সংসদকক্ষে সংসদ সদস্যরা নিজ আসনে বসে ভোট দেবেন। ভোট দেওয়ার জন্য চারটি বাক্স রাখা হয়েছে। নির্বাচনে সংসদ সদস্যরা প্রকাশ্য ভোট দেবেন জানিয়ে সিইসি বলেন, ব্যালটে ভোটারের নাম ও কাকে ভোট দিয়েছেন তা উল্লেখ থাকবে।

সূত্র জানায়, সংসদকক্ষের স্পিকারের আসনের সামনে সংসদ সচিবালয়ের সচিবসহ কর্তাদের জন্য নির্ধারিত আসনে বসবেন নির্বাচনী কর্তা, তিন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন ও সংসদ সচিবালয়ের দুই সচিব।

সংসদের ৩৫০ আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসনের এমপি না থাকায় আজ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন। ভোটার তালিকা সংসদের ‘বিভক্তি নম্বর’ অনুযায়ী করা হয়েছে। এই নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য প্রয়োজন ১৭৫ ভোট। সংরক্ষিত আসন মিলিয়ে সংসদে বিএনপি জোটের এমপি ২৫০ জন। এর মধ্যে বিজেপি, গণসংহতি আন্দোলন ও গণঅধিকার পরিষদের একজন করে তিনজন, বাকিরা বিএনপির। জামায়াতে ইসলামীর জোটের এমপি ৯০ জন। এর মধ্যে জামায়াতের ৭৭, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৮, বাংলাদেশ খেলাফত মজলিসের ৩, খেলাফত মজলিসের ১ এবং জাগপার ১ জন সদস্য রয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র ৮ জন ও ইসলামী আন্দোলনের ১ জন সংসদ সদস্য রয়েছেন।

জুলাই সনদ অনুযায়ী গোপন ব্যালটে রাষ্ট্রপতি পদে ভোট না হওয়ায় বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। দলটির একমাত্র সংসদ সদস্য অলি উল্লাহ গতকাল বিকেলে আজকের পত্রিকাকে বলেন, এখন পর্যন্ত দল থেকে ভোট বর্জন করতে বলা হয়েছে। পরে দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাষ্ট্রপতি নির্বাচন তাঁদের প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় তাঁরা ভোটদানে বিরত থাকবেন।

‘নৈতিক স্খলনজনিত’ অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াত। তবে ইসির ভোটার তালিকা অনুযায়ী তিনি জামায়াতের এমপি। ভোট দেওয়ার বিষয়ে জানতে চাইলে গাজী নজরুল আজকের পত্রিকাকে বলেন, ভোট যেহেতু বেলা ২টা থেকে, তাই বৃহস্পতিবারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

দলীয় না হওয়ায় আট স্বতন্ত্র এমপি দুই প্রার্থীর যে কাউকে ভোট দিতে পারবেন। চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিএনপির প্রার্থীর পক্ষে তিনি সবার কাছে ভোট চেয়েছেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে গতকাল বিকেলে জাতীয় সংসদের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের বৈঠক হয়েছে। বৈঠকে সংসদ সদস্যদের বিএনপির মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

নূরুল ইসলাম মনি বলেন, সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এবং প্রত্যেকেই বিষয়টি সম্পর্কে সচেতন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাঁরা ভোট দেবেন।

নির্বাচনে প্রথমে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত স্পিকার ও বিরোধীদলীয় নেতা ভোট দেবেন, যা বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানান সিইসি। ভোট গণনার সময়ও সরাসরি সম্প্রচার করা হবে। গণনা শেষে সবার সামনে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে। পরে গেজেট প্রকাশ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত