Ajker Patrika

সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে শফিকুর রহমান-সালাহউদ্দিনের বাহাস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সংসদীয় কমিটির সভাপতিত্ব নিয়ে শফিকুর রহমান-সালাহউদ্দিনের বাহাস
ফাইল ছবি

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মধ্যে বাহাস হয়েছে।

বিরোধীদলীয় নেতা বলেছেন, অতীতেও বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করার নজির রয়েছে। অন্যদিকে সালাহউদ্দিন বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রক্রিয়ায় বিরোধী দল অংশ নিলে আসনের অনুপাতে কমিটির সভাপতির পদও পাবে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের আগে এ আলোচনা হয়।

শফিকুর রহমান বলেন, আগের দিনের আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দল থেকে স্থায়ী কমিটির সভাপতি করার নজির নেই বলে মন্তব্য করেছিলেন। নবম জাতীয় সংসদের উদাহরণ তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘সেখানে কিন্তু বিরোধী দল থেকে দুজন স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। সুতরাং নজির আছে।’

শফিকুর রহমান বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি সরকার দিয়েছে। সেই অনুযায়ী সংসদীয় কমিটিতেও বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া উচিত।

জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব ইতিমধ্যে বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে দেওয়া হয়েছে।

তবে অতীতে বিরোধী দল থেকে কমিটির সভাপতি করার নজির থাকার বিষয়টি তিনি স্বীকার করছেন।

এরপর জুলাই জাতীয় সনদের প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন বলেন, বিরোধী দল সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় অংশ নিলে আসনের অনুপাতে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়া হবে। তিনি বলেন, ‘জুলাই জাতীয় সনদ অনুসারে আসনের সংখ্যানুপাতে আপনারা সভাপতিত্ব পাবেন স্থায়ী কমিটিগুলোর।’

তবে এ জন্য বিরোধী দলকে সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় কমিটিতে অংশ নেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা শুভ সূচনা করুন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনী কমিটিতে আপনারা অংশগ্রহণ করুন যা বক্তব্য আছে সেখানে দিন।’

সংবিধান সংশোধনের কাজ দ্রুত শেষ করার প্রতিশ্রুতিও দেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যথাশিগগির সম্ভব আমরা সেই সংবিধান সংশোধনী বিল নিয়ে আসব-যাতে করে তাড়াতাড়ি কার্যকর করা যায় এবং সংসদের উচ্চকক্ষ স্থাপন করা যায়।’

বিরোধী দল বাইরে যে রাজনৈতিক অবস্থানই নিক, সংসদে সংবিধান সংশোধনের জন্য সবাইকে একসঙ্গে আলোচনায় বসতে হবে বলেও মন্তব্য করেন সালাহউদ্দিন।

তিনি বলেন, ‘এখানে তো আমাদের সবাই এক সাথে বসে তর্কের মধ্য দিয়ে এটা নিতে হবে।’

এরপর চিফ হুইপ নুরুল ইসলাম মনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব তোলেন। পরে কণ্ঠভোটে তা পাস হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত