
জাল দলিল তৈরি করে ২৩ কোটি ৬৮ লাখ টাকার সরকারি জমি আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ আটজনের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।
দুদকের অনুসন্ধানে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন— চট্টগ্রাম গণপূর্ত বিভাগের সাবেক উপবিভাগীয় প্রকৌশলী ও বর্তমানে বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ-আলম ফারুক, ফাতেমা বেগম, মো. ফরিদ আহমদ, মোহাম্মদ ফাহিম আহমেদ, হাসিনা মমতাজ, মোহাম্মদ ফয়েজ আহমদ, রোকেয়া সুলতানা ও শাহিন সুলতানা।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে জাল দলিল তৈরি ও সেগুলো আসল হিসেবে ব্যবহার করেছেন। প্রতারণার মাধ্যমে সরকারি জমি ভোগদখলে রেখে তাঁরা নিজেরা লাভবান হয়েছেন এবং রাষ্ট্রের আর্থিক ক্ষতি করেছেন।
অভিযোগটি চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার গোঁসাইলডাঙা মৌজার লিজ আউট প্ল্যানের ১৬ নম্বর প্লটের ২৪ দশমিক ৯৬ শতক জমি নিয়ে। দুদকের হিসাবে, ২০২৫ সালের মৌজা রেট অনুযায়ী বাড়ি বাদে জমিটির মূল্য ১৭ কোটি ১২ লাখ ৬৩ হাজার ১৪০ টাকা। এর সঙ্গে বকেয়া ভাড়া বাবদ ৬ কোটি ৫৫ লাখ ৭৬ হাজার ৯৮ টাকা যোগ করলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৩৮ টাকা।
অনুসন্ধানে আরও উঠে এসেছে, নির্ধারিত ভাড়া পরিশোধ না করেই অভিযুক্তরা জমিটি ভোগদখলে রেখেছেন। জাল নথি তৈরি ও ব্যবহারের পাশাপাশি জমি দখলে রাখার মাধ্যমে তাঁরা সরকারের বিপুল আর্থিক ক্ষতি করেছেন।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদকের চট্টগ্রাম-১ কার্যালয় থেকে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর আদাবর থানা এলাকায় গার্মেন্টসকর্মী রুবেলের মৃত্যুর ঘটনায় দায়ের হত্যা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন আশরাফুল হক তাকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
৭ মিনিট আগে
বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে সুপারনিউমারারিতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া ১২ জন, ডিআইজি পদমর্যাদার তিন জন এবং পুলিশ সুপার পদমর্যাদার নয় জন কর্মকর্তা রয়েছেন।
২৫ মিনিট আগে
মাহফুজ আনাম প্রশ্ন করেন, ‘কিন্তু একজন সাংবাদিক কীভাবে একই সঙ্গে কোনো দলপন্থী হতে পারেন? আপনার ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ থাকতেই পারে। আপনি অবশ্যই ভোট দেওয়ার ক্ষেত্রে স্বাধীন। কিন্তু যে পেশায় বিশ্বাসযোগ্যতাই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, সেখানে আপনি কীভাবে প্রকাশ্যে কোনো রাজনৈতিক দলের...
৩৩ মিনিট আগে
প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করা জরুরি। সাংবাদিকরা জনগণের কাছে সঠিক তথ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের যথাযথ সুযোগ-সুবিধা নিশ্চিত করা না গেলে ভালো সাংবাদিকরা কাজের আগ্রহ হারিয়ে ফেলবেন এবং নতুন ভালো সাংবাদিক তৈরি হবে না।
২ ঘণ্টা আগে