আগামী সপ্তাহ থেকে সিনহা, বিশ্বজিৎ ও আবরার হত্যা মামলার আপিল শুনানি: আইনমন্ত্রী

আগামী সপ্তাহ থেকে পর্যায়ক্রমে মেজর সিনহা হত্যা, বিশ্বজিৎ হত্যা ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগামী সপ্তাহ থেকে মেজর সিনহা হত্যা, বিশ্বজিৎ হত্যা ও শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার শুনানি আপিল বিভাগে পর্যায়ক্রমে শুরু হবে। হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে আইনমন্ত্রী এসব কথা বলেন। এতে ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিরোধী দলের সংসদ সদস্যদের সহযোগিতাও চান তিনি।
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার ও তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে জানিয়ে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অন্যতম পদক্ষেপ।
রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু হত্যা মামলায় দ্রুত বিচার নিশ্চিত করে আসামির মৃত্যুদণ্ডের উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ঘটনার মাত্র চার দিনের মাথায় পুলিশ অভিযোগপত্র দেয়। এরপর আইনগত প্রক্রিয়া শেষে ১৭ জুন আসামি সোহেল রানাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
হত্যার প্রসঙ্গ তুলে আইনমন্ত্রী বলেন, গত মে মাসে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত প্রতিটি প্রান্তে মানুষের হৃদয়কে ক্ষত করেছিল আট বছর বয়সী শিশুর হত্যাকাণ্ড। এ ঘটনায় তার প্রতিবেশী সোহেল ও তাঁর স্ত্রীকে ঘটনার পরপরই, এমনকি মামলা হওয়ার আগেই ১৯ মে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ২০ মে মামলা হয়।
আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাটি গোটা জাতিকে নাড়া দিয়েছিল। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আমি শিশুটির বাসায় গিয়ে তার বাবা-মায়ের পাশে দাঁড়িয়েছিলাম এবং ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলাম। বিগত বছরগুলোতে দেশে খুন, ধর্ষণ ও গুমের বিচার না হওয়ায় শিশুটির বাবা মামলা করা এবং বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁকে আশ্বস্ত করা হয়েছিল, এ ধরনের ঘটনার বিচার করতে সরকার বদ্ধপরিকর।’
আইনমন্ত্রী আরও বলেন, শিশুটির বাবার বেদনার আর্তি ও ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি পূরণের পথে মাত্র চার দিনের মাথায় ২৪ মে পুলিশ অভিযোগপত্র দেয়। এরপর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ১৭ জুন এ মামলায় আসামি সোহেলকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশের বিচারিক ইতিহাসে সর্বনিম্ন সময়ের মধ্যে আপিল মামলা নিষ্পত্তিসহ মৃত্যুদণ্ড নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা সম্ভব হয়েছে বলে জানান আইনমন্ত্রী। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশনা, স্বরাষ্ট্রমন্ত্রীর দৃঢ়তা এবং প্রধান বিচারপতির ‘জুডিশিয়াল অ্যাক্টিভিজম’ ও অনন্য ভূমিকার কথা উল্লেখ করেন তিনি। এ জন্য সংশ্লিষ্ট সবাই এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে ধন্যবাদ জানান আইনমন্ত্রী।
মন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর সরকার বলেছে, যত বাধাই আসুক না কেন, তারা ন্যায়বিচারের পথে হাঁটবে। বিগত ১৬-১৭ বছরে যাঁরা হারিয়ে গেছেন, জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছেন, রাজনৈতিক নিপীড়ন কিংবা মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন, তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করা শুধু তাঁদের প্রতি নয়, রাষ্ট্রের প্রতিও দায়বদ্ধতা। এ কারণে জেলায় জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করতে প্রয়োজনীয় দল পাঠানো হবে।
ন্যায়বিচার প্রতিষ্ঠার এ প্রক্রিয়ায় বিরোধী দলের সংসদ সদস্যদের সহযোগিতা চান আইনমন্ত্রী।
এর আগে বিরোধী দলের সংসদ সদস্য নজিবুর রহমান যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের একজন আইনজীবীকে মারধরের অভিযোগ তুলে তাঁকে গ্রেপ্তারের দাবি জানান।
এ প্রসঙ্গ উল্লেখ করে আইনমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার প্রতিশ্রুতি দেন।









