Ajker Patrika

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ৪৮ শতাংশ পদ শূন্য: স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসকের প্রায় অর্ধেক পদই শূন্য রয়েছে। এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের মোট ১৩ হাজার ৩৬টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ছয় হাজার ৭৪৮ জন। শূন্য রয়েছে ছয় হাজার ২৮৮টি পদ, যা মোট পদের ৪৮ শতাংশ।

আজ মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মোসাম্মৎ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যমন্ত্রীর অনুপস্থিতিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকের মোট পদ ৪২ হাজার ৫৪৯টি। এর মধ্যে শূন্য পদ ১১ হাজার ৩৩৬টি। এ ছাড়া স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির ৫৭ হাজার ৩০৬টি পদের বিপরীতে শূন্য রয়েছে ২১ হাজার ৬৫৬টি পদ।

সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে দেশের সব এলাকায় সব শিশুকে টিকা দেওয়া হচ্ছে। দেশে হামের টিকাদানের লক্ষ্যমাত্রা এক কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। এর বিপরীতে টিকা পেয়েছেন দুই কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ জন। টিকাদানের এ হার লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুলের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, হৃদরোগ ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর হার বর্তমান সময়ে উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে ২৫ থেকে ৩০ বছর বয়সী পুরুষদের মধ্যে এ প্রবণতা বেশি।

টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশে সরেজমিন পরিদর্শনের ভিত্তিতে নতুন ও নবায়ন মিলিয়ে আট হাজার ২৭৩টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৫০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও সিলগালার ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া প্রায় ৫০০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত