হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, ক্ষমা চাইলেন ঢাবি অধ্যাপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান কার্জনের বিরুদ্ধে হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করার অভিযোগ আনা হয়েছে। তাঁর একটি ফেসবুক পোস্ট নিয়ে গতকাল শনিবার শাহবাগ থানায় লিখিত অভিযোগ করেন বাংলাদেশ হিন্দু যুব পরিষদের সাধারণ সম্পাদক অমিত ভৌমিক।
হাফিজুর রহমান কার্জন তাঁর ফেসবুকে সম্প্রতি ‘ভগবান’, ‘গরুর দুধ’ ও ‘মদ’ নিয়ে একটি পোস্ট করেন। যা ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, ছাত্রনেতারা এরই মধ্যে ঢাবি থেকে তাঁর বহিষ্কার দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে অমিত ভৌমিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের এমন আচরণ কখনো কাম্য নয়। আরব রাষ্ট্রে সৃষ্টিকর্তাকে সবাই আল্লাহ বলে। ভারতীয় উপমহাদেশে সৃষ্টিকর্তাকে ভগবান বলা হয়। এ দৃষ্টিকোণ থেকে শুধু হিন্দুধর্মকেই নয় বরং সব ধর্মের প্রতি তিনি ধৃষ্টতাপূর্ণ আচরণ করেছেন। নাস্তিকদের জন্য ফান পোস্ট হতে পারে, কিন্তু আস্তিকদের হৃদয়ে আঘাত করেছে এ পোস্ট। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য শাহবাগ থানায় জিডি করেছি। আশা করি, তাঁর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও তাঁর ব্যাপারে স্পষ্ট বক্তব্য দেবে।
হাফিজুর রহমান কার্জন আজকের পত্রিকাকে বলেন, কোনো হীন উদ্দেশ্যে আমি পোস্ট করিনি। আল্লাহ, ঈশ্বর ভগবান সবার কাছেই সম্মানীয়। বিষয়টি নিয়ে যখনই নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে আমি পোস্টটি সঙ্গে সঙ্গে মুছে দিয়েছি। আমার লেখায় একজনের মনেও যদি কষ্টের উদ্রেক হয়, আমি ক্ষমাপ্রার্থী। যারা এ পোস্টে আহত হয়েছেন সবার কাছে দুঃখ প্রকাশ করছি।
আরেকটি পোস্টে কার্জন বলেন, আমি প্রত্যেকটি ধর্মের ব্যাপারে শ্রদ্ধাশীল এবং মনে করি যে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা উচিত নয়। তবুও অসচেতনভাবে বা অনিচ্ছাকৃতভাবে যদি আমার পোস্টের মাধ্যমে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে থাকি, সে জন্যে আমি ক্ষমাপ্রার্থী।
সাধারণ ডায়েরির বিষয়ে জানার জন্য রাজধানীর শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদারের সঙ্গে যোগযোগ করা হলে তিনি বলেন, অভিযোগের বিষয়টি আমরা সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে নিয়েছি। অধিক যাচাই বাছাই করার জন্য ডিবি সাইবার ক্রাইম ইউনিটে পাঠিয়েছি। বিষয়টি বিবেচনা করে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নৈতিক স্খলনজনিত অপরাধের দায়ে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের কাছে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।
সংগঠনের সভাপতি সাবেক এমপি ঊষাতন তালুকদার, ভারপ্রাপ্ত সভাপতি ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত এক বিবৃতিতে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হাফিজুর রহমান কার্জন তাঁর ফেসবুক পেজে সম্প্রতি এক পোস্টে যা লিখেছেন তা হিন্দু ধর্মাবলম্বী সব মানুষের প্রতি আঘাত করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, হিন্দু সম্প্রদায়ের কাছে সৃষ্টিকর্তা হচ্ছেন ভগবান। তাই ভগবানকে নিয়ে এ ধরনের পোস্ট দেওয়ার মাধ্যমে হাফিজুর রহমান কার্জন জেনেশুনে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেননি বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাননি, শিক্ষক হিসেবে নৈতিক স্খলনজনিত অপরাধও সংগঠিত করেছেন।









