
রাজউকের প্লট বরাদ্দে অতীতে সংঘটিত অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি। একই সঙ্গে পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাপ্য প্লট দ্রুত নিশ্চিত করতে বলেছে কমিটি।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সার্বিক কার্যক্রম, চলমান আবাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প, আর্থিক ব্যবস্থাপনা এবং নিরীক্ষা প্রতিবেদন পর্যালোচনা করা হয়।
সূত্র জানায়, বৈঠকে ২০০১ থেকে ২০০৬ সালে পূর্বাচলে রাজউকের বরাদ্দ দেওয়া প্লট বাতিলের বিষয়টি নিয়ে আলোচনা হয়। প্লট বাতিলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কীভাবে ক্ষতিপূরণ দেওয়া যায়, তা জানতে চাওয়া হয়।
রাজউক জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকায় আর প্লট বরাদ্দ দেওয়া যাবে না। অ্যাপার্টমেন্ট ভবন নির্মাণ করে ফ্ল্যাট দেওয়া যেতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বাচল নতুন শহর প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রাপ্য প্লট দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে। অতীতে প্লট বরাদ্দে সংঘটিত অনিয়ম ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।
নতুন ভূমিনির্ভর প্রকল্পের পরিবর্তে বহুতল অ্যাপার্টমেন্ট নির্মাণের মাধ্যমে আবাসনসুবিধা সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
রাজধানীতে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ ও আবাসিক এলাকায় অনুমোদনবহির্ভূত বাণিজ্যিক কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়। আবাসন উন্নয়নকারীদের মাধ্যমে গ্রাহক হয়রানি বন্ধে নিয়মিত নজরদারি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে রাজউককে নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিকল্পিত ও টেকসই নগরায়ণের লক্ষ্যে সমন্বিত সেবাব্যবস্থা ও ভূগর্ভস্থ তার স্থাপন, নতুন বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত শৌচাগার ও নামাজের স্থান নিশ্চিতকরণ এবং ঢাকার লেক সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়। ঢাকা শহরে সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ের সুপারিশও করা হয়েছে।
নিরীক্ষা কার্যক্রমে দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আধুনিক ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নিরীক্ষা দ্রুত সম্পন্ন ও নিরীক্ষা আপত্তি নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়।
কমিটির সভাপতি ও জাতীয় সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য ও হুইপ মিয়া নূরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া এবং মোহাম্মদ কামাল হোসেন।

বাংলাদেশে ফ্রি ট্রেড জোন, রেলভিত্তিক ইনল্যান্ড কনটেইনার ডিপোসহ বিভিন্ন খাতে বিনিয়োগে ডিপি ওয়ার্ল্ডকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে চট্টগ্রাম কনটেইনার টার্মিনালের ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি, বন্দর আধুনিকায়ন ও লজিস্টিকস খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়।
১ ঘণ্টা আগে
দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি আগামী দুই মাসে অন্তত এক হাজার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকার দুই সিটি করপোরেশনে ১৩০টি মাঠ প্রস্তুত করা ও ইউনিয়ন পর্যায়ে প্রায় ১৪ লাখ কিশোর-কিশোরীকে ১০টি ক্রীড়া ইভেন্টে সম্পৃক্ত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমানবন্দরে দেশে ফেরা প্রবাসী কর্মীরা যাতে কোনো ধরনের অবহেলা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানোর সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে মন্ত্রণালয়ের কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি রোধে কর্মকর্তাদের সতর্কতার...
২ ঘণ্টা আগে
প্রকল্পসংশ্লিষ্টরা জানান, প্রথম ইউনিটের একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তাব্যবস্থার ভালভে জটিলতা দেখা দেওয়ায় এত দিন অনুমোদন আটকে ছিল। স্বয়ংক্রিয়ভাবে চাপ কমানোর ওই ভালভের সমস্যা সমাধানে রাশিয়া থেকে বিশেষজ্ঞ দল আসে। তাদের কাজের পর একাধিক পরীক্ষায় ব্যবস্থাটি সফলভাবে উত্তীর্ণ হয়।
২ ঘণ্টা আগে