এনসিপির আহ্বায়ক নাহিদকে আইনি নোটিশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে দেওয়া বক্তব্য প্রত্যাহার করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার মো. হাবিবুর রহমান নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দেওয়া নোটিশে বলা হয়, ‘গত ৩০ অক্টোবর চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে সন্ধ্যার পর প্রকাশিত “চাঁদাবাজি–লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তাঁর কোনো পরিকল্পনা নাই” মর্মে আপনার বক্তব্য দৃষ্টিগোচর হওয়ায় আমি বিব্রত, ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ। আপনার কাছ থেকে এমন অগ্রহণযোগ্য, কাল্পনিক, অজ্ঞ, জ্ঞানহীন, রাজনৈতিক অপ্রজ্ঞা বক্তব্য জাতি কখনো আশা করেনি।’
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে ৩০ অক্টোবর দেওয়া বক্তব্য প্রত্যাহার করে জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় ফৌজদারি কার্যবিধি অনুসারে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
আইনজীবী হাবিবুর রহমান আজকের পত্রিকাকে জানান, তিনি বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য হলেও কোনো পদে নেই।









