Ajker Patrika

‎ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চলবে নতুন আন্তনগর ট্রেন

নিজস্ব প্রতিবেক, ঢাকা
আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ১৭: ১৮
‎ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চলবে নতুন আন্তনগর ট্রেন
ফাইল ছবি

ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে নতুন এক জোড়া আন্তনগর ট্রেন চালু হচ্ছে। ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ ও ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ নামে ট্রেন দুটি চলাচল করবে।

‎আজ ‎বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার রেলপথ মন্ত্রণালয় বাংলাদেশ রেলওয়ের এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করেছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮০৮ নম্বর ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ সকাল ৮টায় পাবনা থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে বেলা ২টা ১০ মিনিটে। অন্যদিকে ৮০৭ নম্বর ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে ছেড়ে পাবনায় পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে।

ট্রেন দুটি উভয় পথে দাশুড়িয়া, ঈশ্বরদী, চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি করবে।

আগামী ১৯ নভেম্বর বিকেলে পাবনা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন দুটির উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা-পাবনা রুটে আন্তনগর ট্রেন চলাচল শুরু হবে।

‎‎নতুন এই ট্রেন চালুর ফলে ঢাকা ও পাবনার মধ্যে সরাসরি আন্তনগর রেল যোগাযোগ স্থাপিত হবে। এতে এ রুটের যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা করছে বাংলাদেশ রেলওয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত