Ajker Patrika

বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র: স্পিকার
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশের এককভাবে বৃহত্তম রপ্তানি গন্তব্য যুক্তরাষ্ট্র বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কও সময়ের সঙ্গে বিকশিত হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) আয়োজিত ৩০তম ইউএস ট্রেড শোর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, যুক্তরাষ্ট্রের ৩০তম ট্রেড শো দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ককে জোরালোভাবে তুলে ধরছে। তিন দশক ধরে অ্যামচেম বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সহজতর করতে ভূমিকা রাখছে।

স্পিকার বলেন, এবারের প্রদর্শনীতে স্বাস্থ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), ডিজিটাল অর্থনীতি, ব্যাংকিং ও আর্থিক সেবা, উৎপাদন, শিক্ষা এবং কৃষিব্যবসা খাতের উদ্ভাবনী ধারণা তুলে ধরা হয়েছে।

এ সময় বাংলাদেশের জ্বালানি সংকট নিরসনে উপকূলীয় এলাকা ও বঙ্গোপসাগরে তেল-গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে এগিয়ে আসার আমন্ত্রণ জানান স্পিকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। উদ্বোধনী বক্তব্য দেন অ্যামচেমের সভাপতি সৈয়দ কামাল হোসেন।

পরে স্পিকার ৩০তম ইউএস ট্রেড শো-২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।

তিন দিনব্যাপী এ প্রদর্শনী ৫ থেকে ৭ নভেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি, বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা, অ্যামচেমের নেতারা, আমন্ত্রিত অতিথি ও গণমাধ্যমকর্মীরা অংশ নিচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত