ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ পুলিশ। আজ শনিবার পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে উদ্ধার অভিযান ও আইন-শৃঙ্খলা রক্ষাসহ সকল প্রস্তুতি গ্রহণের জন্য দুর্যোগপ্রবণ উপকূলবর্তী জেলাসমূহের পুলিশ ইউনিটসহ সকল পুলিশ ইউনিটকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশনস কন্ট্রোল রুম সার্বক্ষণিক ঘূর্ণিঝড় মোখার গতি-প্রকৃতির খোঁজখবর রাখছে এবং সংশ্লিষ্ট পুলিশ ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে।
ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলা পুলিশের পাশাপাশি বিশেষায়িত ইউনিটসমূহের মধ্যে এপিবিএন, নৌ পুলিশ, টুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশসহ পুলিশের সকল ইউনিট নিয়োজিত রয়েছে।
পুলিশ ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় উপকূলীয় এলাকার জনসাধারণকে আশ্রয় কেন্দ্রে/নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য মাইকিং করছে। তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছে। দুর্যোগপ্রবণ এলাকায় পুলিশের বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।
দ্রুততম সময়ে উদ্ধার অভিযান পরিচালনার জন্য নৌ পুলিশের জলযান প্রস্তুত রাখা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ঘূর্ণিঝড় মোখা'র প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি রোহিঙ্গা জনসাধারণকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য সতর্ক করে মাইকিং করছে।
ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা রক্ষায় কমিউনিটি ও বিট পুলিশিংয়ের সদস্যদের সম্পৃক্ত করা হয়েছে। ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় দুর্যোগপ্রবণ এলাকার সংশ্লিষ্ট পুলিশ ইউনিটে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘মোখা’ সংক্রান্ত যেকোনো তথ্য ও সেবা গ্রহণের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সের কন্ট্রোল রুমে ০১৩২০০০১৩০০,০১৩২০০০১২৯৯ নম্বর অথবা নিকটস্থ থানা বা পুলিশ ইউনিট অথবা ৯৯৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।
বাংলাদেশ পুলিশ ঘূর্ণিঝড় পরবর্তী সময়েও উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষাসহ অন্যান্য কার্যক্রম অব্যাহত রাখবে। জনগণের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের পাশে আছে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে স্বর্ণ, রুপা, শাড়ি, তৈরি পোশাক, কসমেটিকস, আতশবাজি, কাঠ, চা-পাতা, মোবাইল ফোন ও যন্ত্রাংশ, ইলেকট্রনিকস পণ্য, জিরা, চিনি, বিভিন্ন খাদ্যসামগ্রী, রসুন, কয়লা, পাথর, কীটনাশক, চকলেট, গরু-মহিষসহ বিভিন্ন যানবাহন।
২ মিনিট আগে
ড. এম এ মুহিত বলেন, শুধু বাজেট কিন্তু যথেষ্ট নয়। এই বাজেট যখন দেওয়া হবে সেই কাজটি আমি বা আপনি অথবা চিকিৎসক সমাজ, অন্যান্য বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী—আমাদের সবাইকে মিলে সেই বাজেটটা দিয়ে একচুয়াল কাজটা করতে হবে।
১ ঘণ্টা আগে
প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্যকলা ও ক্রীড়াভিত্তিক শিক্ষা সম্প্রসারণের ফলে ভবিষ্যতে বিপুলসংখ্যক বিশেষায়িত শিক্ষক ও প্রশিক্ষকের প্রয়োজন হবে। এতে সংগীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা ও ক্রীড়া বিষয়ে শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
১ ঘণ্টা আগে
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় সুদানে শাহাদাতবরণকারী ছয় সেনাসদস্যের স্ত্রীদের হাতে বিশেষ সম্মাননা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
২ ঘণ্টা আগে