
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এসব অপতৎপরতায় সরকার শঙ্কিত নয়।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পতিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ আইসিটি ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের রায়ের প্রেক্ষাপটে তথাকথিত কর্মসূচি দিয়েছে। সেটা মনে হয় আজকে ২০ তারিখ ‘‘লকডাউন’’ নাকি নাম দিয়েছে। সেটাকে উদ্দেশ্য করেই রাজধানীতে কিছু ককটেলবাজি করেছে রাতের অন্ধকারে দুই-একটি জায়গায়। এখানে লকডাউন কি দৃশ্যমান হয়েছে? এগুলো জাতি প্রত্যাখ্যান করছে। ”
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্য বা কর্মসূচিতে সরকার শঙ্কিত নয়।
ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলের বিরুদ্ধে ১ হাজার ৪০০ মানুষের প্রাণহানি ও গণহত্যার অভিযোগ তুলে মন্ত্রী বলেন, জাতিসংঘের প্রতিবেদনে এ বিষয়ে তথ্য রয়েছে। সরকারের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা দুই হাজারের বেশি বলেও দাবি করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘গণহত্যাকারী অশুভ আওয়ামী লীগের যারা নিষিদ্ধ এখন, তারা এখনো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করে নাই, ভুল স্বীকার করে নাই। উচ্চবাচ্য করছে বিদেশে বসে, তাদের এ সমস্ত অপতৎপরতায় আমরা মোটেই শঙ্কিত না। এই জাতি তাদের কখনো এই দেশে, কখনো রাজনৈতিকভাবে গ্রহণ করবে না। তারা ডিসেম্বরে ফিরবে বলে না ফেব্রুয়ারিতে ফিরবে বলে, এগুলোতে আমাদের কোনো মনোযোগ নাই।’
বন্দী প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর সর্বশেষ অগ্রগতি জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ তথ্য দিতে পারবে। তবে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের প্রত্যর্পণের জন্য একাধিকবার ভারত সরকারের কাছে এক্সট্রাডিশন ট্রিটির আওতায় অনুরোধপত্র পাঠানো হয়েছে এবং বিষয়টি অনুসরণ করা হচ্ছে। ভারত সরকার বিষয়টি আমলে নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিরোধী দলের সমালোচনা সরকার গুরুত্বের সঙ্গে নেয়। তাদের দাবি নিয়ে লংমার্চ করা গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। সরকারের দায়িত্ব হচ্ছে, তারা যাতে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে পারে, সে বিষয়ে সহযোগিতা করা।
বিরোধী দলের তেল, গ্যাস ও বিদ্যুৎ-সংকট সমাধানের দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব নিয়ে সংসদে আলোচনা হয়েছে এবং কমিটি গঠন করে পরামর্শও নেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, জ্বালানিসংকট শুধু বাংলাদেশের নিজস্ব কারণে সৃষ্টি হয়নি; মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়েই জ্বালানি তেল ও গ্যাসের দাম বেড়েছে। পার্শ্ববর্তী বিভিন্ন দেশে দাম প্রায় দ্বিগুণ বাড়লেও বাংলাদেশে তুলনামূলকভাবে কম বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।
গ্যাস-সংকটের জন্য আগের সরকারের সময়ের নীতির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আমলে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র করা হলেও পর্যাপ্ত গ্যাসের সংস্থান করা হয়নি। দেশের অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানেও যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বিদেশ সফর ও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর জাতিসংঘে অংশগ্রহণের সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলোর কোনো সম্পর্ক নেই। তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের পক্ষে সেখানে বক্তব্য দেবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বিরোধী দলের লংমার্চের কর্মসূচি আগে থেকেই নির্ধারিত ছিল। অন্য দিকে ককটেল বিস্ফোরণসহ কিছু ঘটনা আইসিটি ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়া হিসেবে আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে হয়েছে বলে তাঁদের মনে হয়েছে। বিরোধী দলের কর্মসূচির সঙ্গে এসব ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা সাংবাদিকদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। আজ রোববার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়...
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আজ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। বঙ্গভবনে সাক্ষাৎকালে শহীদ মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান, ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ও পরিবারের সদস্য মাহফুজা জাফরিন আরিবা উপস্থিত ছিলেন...
১ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, এনডিএম, আমজনতার দল, ইসলামী ঐক্যজোট, ভাসানী জনশক্তি পার্টি, জাতীয়তাবাদী সমমনা জোট, জমিয়তে ওলামায়ে ইসলাম, গণফোরাম ও গণসংহতি আন্দোলনের প্রতিনিধিরা...
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আজ রোববার শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ অভিযোগ আমলে নিয়ে পলাতক ৫ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি...
৩ ঘণ্টা আগে