
১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মদ মহসিন রশিদ এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। আবেদনে ১৯৭৩ সালের আইনটিকে অপ্রচলিত, কার্যকারিতাহীন এবং রাজনৈতিক প্রতিপক্ষ দমনের হাতিয়ার হিসেবে আখ্যায়িত করে এটি বাতিলের জন্য সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছিল।
তবে হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে বা সরাসরি খারিজের আদেশ দেন।
এর আগে গত ২৪ জুন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিটকারী আইনজীবী মহসিন রশিদ এই আইনের বিরোধিতা করে একাধিক যুক্তি উপস্থাপন করেন।
তিনি দাবি করেন, ১৯৭৩ সালের এই ট্রাইব্যুনাল মূলত ১৯৭১ সালে গণহত্যা, যুদ্ধাপরাধ ও ধর্ষণের সঙ্গে জড়িত পাকিস্তানি সৈন্যদের বিচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। পরবর্তীতে ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে তাদের পাকিস্তানে ফেরত পাঠানো হয়। আর দেশীয় সহযোগীদের বিচারের জন্য ১৯৭২ সালে দালালি আইন (কলাবোরেটরস অর্ডার) করা হয়েছিল, যা পরবর্তীতে ১৯৭৮ সালে বাতিল করা হয়।
আইনজীবী মহসিন রশিদের মতে, ২০০৯ সালে জামায়াতের নেতৃত্বকে লক্ষ্য করে রাজনৈতিক উদ্দেশ্যে আইনটিতে পরিবর্তন আনা হয়েছিল। সে সময় সাক্ষ্য আইন ও ফৌজদারি কার্যবিধির সাধারণ নিয়মাবলি স্থগিত রেখে বিচার কাজ পরিচালনা করা হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।
তিনি তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার লিখিত একটি বইয়ের বক্তব্য উদ্ধৃত করে দাবি করেন, ওই সময় ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছিল। সাবেক আপিল বিভাগের বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞার একটি ভিন্নমত পোষণকারী (ডিসেন্টিং) রায়ের বিষয় উল্লেখ করে তিনি পুরো বিচারিক প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন।
২০২৪ সালে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর ট্রাইব্যুনাল আইনে পুনরায় সংশোধনী আনা এবং নতুন করে বিচার কাজ শুরু হওয়া প্রসঙ্গেও মন্তব্য করেন এই আইনজীবী।
তিনি দাবি করেন, কোনো সরকারের সময়েই এই আইনটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। আইনের এমন অপব্যবহার ভবিষ্যতে অন্যান্য সরকারের আমলেও বিপরীতভাবে ব্যবহৃত হতে পারে বলে তিনি আশঙ্কার কথা জানান।
আইনটির কাঠামোগত ত্রুটির কথা উল্লেখ করে তিনি এটি সম্পূর্ণ বিলুপ্ত করার দাবি জানান।
তবে রাষ্ট্রপক্ষ ও আইন বিশেষজ্ঞদের একটি বড় অংশের মতে, ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধ এবং পরবর্তীতে দেশে সংঘটিত বিভিন্ন গুরুতর অপরাধের বিচারে এই আইনের ঐতিহাসিক ও আইনি গুরুত্ব রয়েছে। হাইকোর্টের আজকের এই খারিজ আদেশের ফলে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম পরিচালনায় কোনো আইনি বাধা রইল না বলে জানান আইনজীবীরা।

টুথপেস্টের মধ্যে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত করার বিষয়ে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
১১ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে।’
৩৩ মিনিট আগে
দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের মাত্রা উদ্বেগজনক বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। সংস্থাটির পর্যবেক্ষণে দেখা গেছে, ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সাড়ে সাত বছরে সড়ক দুর্ঘটনায় সাত হাজার ৩৬৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে, যা একই সময়ে সড়ক দুর্ঘটনায় মোট নিহতের ১৫ দশমিক ১১ শতাংশ।
২ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ এমএম নাসির উদ্দিন। বৈঠক শেষে তিনি বলেন, ‘আমাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ইসির দায়িত্ব নির্বাচন করার।
২ ঘণ্টা আগে