Ajker Patrika

সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সিইসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১৩: ১৪
সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পারবেন, রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে সিইসি
ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠকে সিইসি এ এমএম নাসির উদ্দিন। ছবি: সংসদ কার্যালয়

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশন (সিইসি) এ এমএম নাসির উদ্দিন। বৈঠক শেষে তিনি বলেন, ‘আমাদের নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। ইসির দায়িত্ব নির্বাচন করার। আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য স্পিকারের সঙ্গে পরামর্শ ক্রমে দিনক্ষণ ঠিক করা হবে।’

সিইসি আরও বলেন, ‘নির্বাচন প্রতিযোগিতামূলক হলে একধরনের ব্যবস্থা, আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলে আরেক ধরনের ব্যবস্থা। অধিবেশনে থাকলে একধরনের ব্যবস্থা, না থাকলে আরেক ব্যবস্থা। এ বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করেছি।’

বৈঠকে কী আলোচনা হয়েছে জানতে চাইলে সিইসি বলেন, ‘প্রাথমিক আলোচনা হয়েছে। দিনক্ষণ এখনো ঠিক হয়নি। আপনারা তা যথাসময়ে জানতে পারবেন। সূর্য উঠলে আপনারা সবাই দেখতে পারবেন। তা জানিয়ে দেব। এখন আমাদের আলোচনা হয়েছে প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে। আমরা কোন সম্ভাব্য তারিখ ঠিক করেনি। ঠিক হলে যথাসময়ে জানতে পারবেন। তবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়েই আমাদের সব আলোচনা হয়েছে।’

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট হলে সেটা সংসদকক্ষে অনুষ্ঠিত হবে উল্লেখ করে সিইসি বলেন, ‘সিইসি রাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে কাজ করবেন। নির্বাচন হলে এখানেই হবে। আর একক প্রার্থী হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হবেন। দিনক্ষণ ও বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব।’

নির্বাচনের জন্য ইসি কতটুকু প্রস্তুত জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বলেছি, আমরা প্রস্তুত। যে কোনো সময়ে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমাদের আবার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির বিষয় রয়েছে। ওইদিকেও ব্যস্ততা আছে।’

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকার বিষয়ে সিইসি বলেন, ‘ভোটার তালিকার জন্য আমরা চিঠি দিয়েছি। উনারা আমাদের ভোটার তালিকা দেবেন। তাঁরা দ্রুত সম্ভব দেবেন।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংসদ না থাকলে কীভাবে নির্বাচন হবে তা আইনে বলা আছে।

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের বহিষ্কৃত সংসদসদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে কোনো আলোচনা হয়নি উল্লেখ করে সিইসি বলেন, ‘তাঁরা আমাদের রেফার করলে দেখা যাবে। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না।’

আজ মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। এ সময় তিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম, তাহমিদা আহমদ এবং ইসি সচিব ও সংসদ সচিবালয় সচিব উপস্থিত ছিলেন।

এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে কবে এই প্রশ্নের উত্তরে ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এ সাক্ষাতে আলোচনা হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গুরুতর অসুস্থতার কথা জানিয়ে ২৪ জুলাই শুক্রবার বিকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন।

সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করছেন। আর সেই পর্যন্ত স্পিকারের দায়িত্ব সামলাচ্ছেন ডেপুটি স্পিকার কায়সার কায়সার কামাল।

রাষ্ট্রপতির পদত্যাগের পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে ২২ অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত