Ajker Patrika

শিবচরের এমপির কাছে আসা অভিযোগের ৮০ শতাংশই জমি সংক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিবচরের এমপির কাছে আসা অভিযোগের ৮০ শতাংশই জমি সংক্রান্ত
পীরজাদা মাওলানা সাইদ উদ্দিন আহমদ হানজালা। ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের কারণে মানুষের ভোগান্তির চিত্র তুলে ধরে ভূমিসেবা ব্যবস্থা সহজ করার দাবি জানিয়েছেন সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেছেন, নির্বাচিত হওয়ার পর তাঁর কার্যালয়ে প্রায় ৪ হাজার অভিযোগ জমা পড়েছে। এর প্রায় ৮০ শতাংশই জমিসংক্রান্ত।

আজ রোববার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৭১ অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় এসব কথা বলেন মাদারীপুর-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের এই সংসদ সদস্য।

হানজালা বলেন, জমির নামজারি, রেকর্ড সংশোধন ও অন্যান্য ভূমিসেবা নিতে গিয়ে শিবচরের মানুষ নানা সমস্যায় পড়ছেন। জমি নিয়ে বিরোধ দেখা দিলে অনেক সময় থানা অভিযোগ নিতে চায় না। ভূমি অফিসে গেলেও নানা আইনি জটিলতার মুখে পড়তে হয়।

আদালতে মামলা হলে তা নিষ্পত্তিতেও দীর্ঘ সময় লাগে বলে অভিযোগ করেন তিনি। অনেক মানুষ ১০,২০ এমনকি ৫০ বছর ধরে জমি নিয়ে বিরোধের নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন বলে অভিযোগ এ সংসদ সদস্যের।

এই পরিস্থিতিতে মানুষের ভোগান্তি কমাতে বিদ্যমান আইন ও ভূমিসেবা ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে কি না, তা জানতে চান হানজালা।

জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ভূমিসেবা সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও মৌজা ম্যাপের আবেদন করার ব্যবস্থা রয়েছে। ঘরে বসে বা ভূমিসেবা সহায়তা কেন্দ্র থেকে এসব সেবা নেওয়া যায়।

ভূমিমন্ত্রী বলেন, ভূমিসেবার আবেদন নিষ্পত্তির নির্ধারিত সময়সীমা রয়েছে। কোনো আবেদন নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হলে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভূমি রেকর্ড হালনাগাদ ও সংশোধনের কাজও চলছে। দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী জানান, মাঠপর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামে একটি মোবাইল অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এই অ্যাপে নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান যাচাই করে হাজিরা নেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সারা দেশের ভূমি অফিসে এই ব্যবস্থা চালু করা হবে।

মন্ত্রী বলেন, ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য ও হয়রানি বন্ধে নিয়মিত তদারকি চলছে। ভূমিসেবা নিয়ে অভিযোগ ও পরামর্শের জন্য সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা কল সেন্টারও চালু রয়েছে।

শিবচরের ভূমিসংক্রান্ত সমস্যা নিয়ে ভূমিমন্ত্রী বলেন, তিনি নিজেও এলাকায় গিয়ে পরিস্থিতি দেখতে আগ্রহী। সংসদ সদস্য হানজালাকে স্থানীয় ভূমি অফিসের সমস্যাগুলো সরাসরি দেখার পরামর্শ দেন তিনি।

কোনো কর্মকর্তা সংসদ সদস্যের অভিযোগ গুরুত্বের সঙ্গে না নিলে মন্ত্রণালয়কে লিখিতভাবে জানাতে বলেন ভূমিমন্ত্রী। সে ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

মন্ত্রী জানান, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনও মাঠপর্যায়ের ভূমিসেবা কার্যক্রম তদারক করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত