
আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারভেনশনাল পালমোনোলজি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কিডনি ডায়ালাইসিস সেবা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে।’ চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতেও সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সম্প্রসারিত আইসিইউ সেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘২০০৫ সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালটি উদ্বোধন করেন। দীর্ঘ ২১ বছর পর এখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে। নতুন আইসিইউতে ৪০টি শয্যা যুক্ত হয়েছে।’
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। নাগরিকদের সহজ স্বাস্থ্যসেবা নিশ্চিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন—এমন হাসপাতালগুলোতে বরাদ্দ বাড়ানো হচ্ছে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম প্রমুখ।