
মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের দেশটির আইন-কানুন ও সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধ মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। বিশেষ করে কর্মস্থল, বিমানবন্দর, বন্দর ও সরকারি স্থাপনার ছবি বা ভিডিও ধারণ ও প্রকাশ না করার জন্য সতর্ক করা হয়েছে।
আজ শনিবার মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ফেসবুক পেজে এ বিষয়ে একটি ফটোকার্ড প্রকাশ করা হয়। এতে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য করণীয় ও বর্জনীয় সম্পর্কে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের পরামর্শে বলা হয়েছে, প্রবাসীদের কর্মরত দেশের আইন ও বিধিবিধান, কর্মস্থলের নীতিমালা, সাইবার আইন এবং সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলতে হবে। পাশাপাশি দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিও সম্মান দেখাতে হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের কাজে ব্যবহারের পরামর্শ দিয়ে বলা হয়েছে, চাকরি, নিয়োগকর্তা বা কর্মস্থল-সংক্রান্ত কোনো তথ্য, ছবি কিংবা ভিডিও প্রকাশের আগে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসরণ করতে হবে। অপরিচিত ব্যক্তি, অজানা লিংক, ফাইল বা বার্তার ক্ষেত্রে সতর্ক থাকতে এবং প্রতারণা ও ফিশিং থেকে সাবধান থাকতে বলা হয়েছে।
আন্তর্জাতিক সংঘাতকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণের ওপরও গুরুত্ব দিয়েছে মন্ত্রণালয়। সন্ত্রাসবাদ, উগ্রবাদ বা নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট পোস্ট, ছবি, ভিডিও কিংবা বার্তা শেয়ার, লাইক বা মন্তব্য না করার পরামর্শ দেওয়া হয়েছে।
ইসরায়েল-ফিলিস্তিন, ইরান-ইসরায়েলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাত নিয়ে মালয়েশিয়ার স্থানীয় আইন লঙ্ঘন করতে পারে—এমন উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট প্রচার থেকেও বিরত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে দেশটিতে নিষিদ্ধ কোনো রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভুয়া তথ্য, গুজব ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার না করার পাশাপাশি কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে যথাযথ যাচাই ছাড়া অর্থ অনুদান না দেওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।
প্রবাসীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়েও সতর্ক করেছে মন্ত্রণালয়। নিজের বা অন্যের পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক তথ্য কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ সৃষ্টি করতে পারে—এমন পোস্ট, মন্তব্য বা অনলাইন বিতর্কে অংশ না নিতে বলা হয়েছে। ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসা, দ্রুত আয়ের প্রলোভন, সন্দেহজনক বিনিয়োগ ও ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকেও দূরে থাকতে বলা হয়েছে।
কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন কিংবা প্রশংসা করে পোস্ট, মন্তব্য বা প্রতিক্রিয়া না দেওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকার দেশের জনগণের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার দমন করার জন্য গুম-অপহরণের অমানবিক পথ বেছে নিয়েছিল। গুম-অপহরণের শিকার ব্যক্তিদের মাসের পর মাস কিংবা বছরের পর বছর ধরে আটক রাখার জন্য তৈরি করেছিল গোপন বন্দিশালা।
৩০ মিনিট আগে
আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটা কমে যাবে বলে আশা ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে উদ্যোক্তাদের নানা সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। ফলে আগামী গ্রীষ্মের আগেই দেশ ন্যূনতম তিন হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনে সক্ষম হবে।
২ ঘণ্টা আগে
সরকারের পক্ষ থেকে গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারগুলোর পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘সীমিত সম্পদের মধ্যেও আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আপনাদের পাশে থাকার।’
৩ ঘণ্টা আগে
গুম-খুনের শিকার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র প্রদান করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই নিয়োগপত্র তুলে দেন।
৩ ঘণ্টা আগে