Ajker Patrika

জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৫: ১৫
জ্বালানি সাশ্রয়ে স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এবার মহান স্বাধীনতা দিবসে সারা দেশে কোনো ধরনের আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার দুপুরে ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রতিবছর ঐতিহ্যগতভাবে বিভিন্ন স্থাপনায় আলোকসজ্জা করা হয়। তবে বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয় এবং কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে এ বছর সারা দেশে কোনো ধরনের আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবস অত্যন্ত ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথভাবে পালন করা হবে।

এদিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘বিশেষ করে গার্মেন্টস খাতের শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস সময়মতো পরিশোধ এবং ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিকে ফোকাল পয়েন্ট নির্ধারণ করা হয়েছে, যিনি বিজিএমইএ, শ্রমিক প্রতিনিধি ও সড়ক পরিবহন-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে কাজ করবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যথেষ্ট সুসংগঠিতভাবে কাজ করছি। আশা করছি, ঈদের ছুটিতে মানুষ স্বস্তি ও শান্তিতে যাতায়াত করতে পারবে।’

মব কালচার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মব এবং বিচ্ছিন্ন অপরাধকে এক করে দেখা ঠিক নয়। তবে মবের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের সংস্কৃতি বাংলাদেশ থেকে বিলুপ্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ রয়েছে, তারা মাঝেমধ্যে কর্মসূচি দেওয়ার ঘোষণা দেয়। তবে কোথাও দৃশ্যমান কোনো তৎপরতা দেখা গেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত