
বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে আরও শ্রমিকবান্ধব ও কার্যকর করতে দ্রুত নতুন জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। মিশনগুলোর সক্ষমতা বাড়াতে ১৭টি পদের বিপরীতে ইতিমধ্যে ৬১০ জন আবেদন করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।
আজ বুধবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ‘নির্বাচনী ইশতেহার মতে বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ শ্রমিকবান্ধব করার প্রক্রিয়া ও করণীয়’ শীর্ষক অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোর শ্রম কল্যাণ উইংকে আরও কার্যকর ও সেবামুখী করতে জনবল বাড়ানো হচ্ছে। যেখানে স্থানীয় লোকবলের ঘাটতি রয়েছে, সেখানে নতুন জনবল নিয়োগ দেওয়া হবে। এতে প্রবাসী বাংলাদেশিদের সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে দেওয়া সম্ভব হবে। তিনি জানান, বিদেশে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের অধীনে তিনটি দেশে তিনটি ওয়েলফেয়ার সেন্টার ও তিনটি সেফ হাউস রয়েছে। এগুলোকে আরও সক্রিয় ও সেবামুখী করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন মিশনে প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়াও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।
ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে এবং এর বাস্তবায়ন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বাধ্যতামূলক দায়িত্ব। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় নির্বাচনী ইশতেহারের ২০টি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। এসব বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ ও শাখাকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে এবং একটি কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে। তিনি আরও বলেন, বিদেশে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে বাংলাদেশ মিশনগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। বিশেষ করে টেলিফোন ও ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্ন দেশের শ্রম কল্যাণ উইংয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
সচিব জানান, নির্বাচনী ইশতেহারের আলোকে বিদেশে অবস্থানরত অনিবন্ধিত শ্রমিকদের বৈধতার আওতায় আনা, বিপদাপন্ন শ্রমিকদের সহায়তা প্রদান, মামলায় জড়িত শ্রমিকদের আইনি সহায়তা দেওয়া, কর্মহীন শ্রমিকদের চাকরির ব্যবস্থা করা এবং অসুস্থ শ্রমিকদের চিকিৎসা নিশ্চিত করার বিষয়ে মিশনগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে মন্ত্রণালয় বিশেষভাবে তৎপর রয়েছে। এ জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় জোরদার করতে দুজন কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিনিয়র সচিব জানান, ইরান-সংকট পরিস্থিতি পর্যবেক্ষণে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে, যার মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঘটে যাওয়া ঘটনাবলির তাৎক্ষণিক আপডেট পাওয়া যাচ্ছে। একইভাবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে বিদেশের শ্রম উইং থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিদের সহায়তার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের একটি হটলাইন নম্বর (০৯৬১০১০২০৩০) চালু রয়েছে, যা ২৪ ঘণ্টা খোলা থাকে। পাশাপাশি প্রবাসীকল্যাণ ভবনে একটি নিয়ন্ত্রণকক্ষ চালু করা হয়েছে, যেখানে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ড. নেয়ামত উল্যা ভূঁইয়া বলেন, যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় আটকে পড়া বাংলাদেশিদের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তাদের কাছে প্রয়োজনীয় খাদ্যসহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে আহত বা নিহত বাংলাদেশিদের বিষয়ে তথ্য সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি জানান, সৌদি আরবে নিহত দুই বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট দূতাবাস কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে ফ্লাইট বন্ধ থাকায় বাহরাইন থেকে বাংলাদেশিদের আপাতত দেশে আনা সম্ভব হচ্ছে না।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা বিদেশে বাংলাদেশ মিশনগুলোকে আরও কার্যকর ও শ্রমিকবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

দীর্ঘদিন স্থগিত থাকার পর আবার চালু হতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুট। যাত্রীদের চাহিদা বিবেচনায় আগামী ১ জুলাই ২০২৬ থেকে এই রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
৪৪ মিনিট আগে
দেশে গায়েবি ও মিথ্যা মামলা করার সংস্কৃতি অনেকটাই কমিয়ে আনা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুম এখন প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনা হয়েছে এবং গায়েবি ও মিথ্যা মামলা করার সংস্কৃতিও অনেকাংশে কমেছে।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে বাহরাইনের বাইরে অবস্থান করলেও বাংলাদেশিসহ প্রবাসীরা তাঁদের ভিসা নবায়ন করতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে বাহরাইনে বসবাসরত প্রবাসীদের জন্য একটি নোটিশ প্রকাশ করা হয়েছে...
১ ঘণ্টা আগে
আমাদের বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিকে আমরা উন্নত করার চেষ্টা করছি ধীরে ধীরে বা পর্যায়ক্রমে। তবে এটা রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়, এর জন্য সময় লাগবে। আমরা গণতান্ত্রিক ভালো প্র্যাকটিসগুলো করতে চাই; অতীতের খারাপ সংস্কৃতি দূর করে ভালো সংস্কৃতি চর্চা, সৃজন ও...
১ ঘণ্টা আগে