Ajker Patrika

পোশাকশিল্পের সংকট মোকাবিলায় সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ২২: ১৪
পোশাকশিল্পের সংকট মোকাবিলায় সংসদীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব
নাজিবুর রহমান। ফাইল ছবি

তৈরি পোশাকশিল্পের বিদ্যমান সংকট মোকাবিলায় সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনসহ সাত দফা প্রস্তাব দিয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য নাজিবুর রহমান। তিনি বলেছেন, সরকার ও বিরোধী দলের সংসদ সদস্য, পোশাকশিল্প মালিকদের সংগঠন, শ্রমিক প্রতিনিধি, জ্বালানি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে এই টাস্কফোর্স গঠন করতে হবে। টাস্কফোর্স প্রতি মাসে অগ্রগতি পর্যালোচনা করে সংসদে প্রতিবেদন দেবে।

তৈরি পোশাক শিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনার জন্য আজ মঙ্গলবার জাতীয় সংসদে আনা একটি প্রস্তাবের (সাধারণ) আলোচনায় এ কথা বলেন তিনি। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধিতে প্রস্তাবটি আনেন নাজিবুর রহমান।

‘তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্প খাতের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও অন্যান্য কাঠামোগত সমস্যা নিরসন এবং খাতটির সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে’ সাধারণ আলোচনার জন্য প্রস্তাবটি আনা হয়।

জাতীয় সংসদে পোশাকশিল্পের সংকট নিয়ে আলোচনায় অংশ নিয়ে এসব প্রস্তাব তুলে ধরে নাজিবুর রহমান বলেন, শিল্পের সংকট মোকাবিলায় শুধু আলোচনা নয়, দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ জন্য আগামী ৩০ দিনের মধ্যে গাজীপুর, আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ প্রধান শিল্পাঞ্চলের রপ্তানিমুখী কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে।

শিল্পাঞ্চলভিত্তিক জ্বালানি সরবরাহের সময়সূচি প্রকাশের প্রস্তাব দিয়ে তিনি বলেন, লোডশেডিংয়ের কারণে যাতে উৎপাদন ব্যাহত না হয়, সে জন্য স্বচ্ছ রোস্টার থাকতে হবে।

আন্তর্জাতিক ক্রয়াদেশ থাকা সত্ত্বেও কার্যকরী মূলধনের অভাবে যেসব কারখানা উৎপাদন চালু রাখতে পারছে না, সেগুলোকে জরুরি ভিত্তিতে লক্ষ্যভিত্তিক আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব করেন নাজিবুর রহমান। তাঁর মতে, উৎপাদন সচল রাখতে এ ধরনের কারখানার পাশে দাঁড়ানো প্রয়োজন।

শ্রমিকদের অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন এই সংসদ সদস্য। তিনি বলেন, শ্রমিকদের বকেয়া মজুরি ও বোনাস পরিশোধ, নিরাপদ কর্মপরিবেশ, অভিযোগ নিষ্পত্তি এবং মানবাধিকারসম্মত আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।

পোশাকশিল্পে প্রযুক্তি ও উৎপাদনশীলতা বাড়াতে বিনিয়োগের প্রস্তাব দিয়ে নাজিবুর রহমান বলেন, এ খাতের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ দেশে উৎপাদনের উদ্যোগ নিতে হবে। এ জন্য গবেষণা, প্রযুক্তি স্থানান্তর ও রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে গুরুত্ব দেওয়ার পাশাপাশি স্থানীয় উদ্যোক্তাদের বিশেষ সহায়তা দিতে হবে।

রপ্তানি ও বাণিজ্যিক সুবিধা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, বন্দর ও কাস্টমসে রপ্তানি চালান দ্রুত ছাড় করার ব্যবস্থা করতে হবে। ক্রেতাদের কাছ থেকে বিলম্বিত পেমেন্টের বিপরীতে অর্থায়ন এবং ব্যাংকঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চাঁদাবাজি বন্ধ করতে হবে।

এলডিসি উত্তরণের অতিরিক্ত সময় কাজে লাগিয়ে নতুন বাজার সৃষ্টি, পণ্যের বৈচিত্র্য, শ্রমমান ও দক্ষতা উন্নয়নে একটি রোডম্যাপ সংসদে উপস্থাপনের প্রস্তাব দেন তিনি। এ ছাড়া জ্বালানি সরবরাহ, ক্রয়াদেশ, উৎপাদন, কারখানা বন্ধ, কর্মসংস্থান এবং বকেয়া মজুরির তথ্য নিয়ে মাসিক জাতীয় ড্যাশবোর্ড প্রকাশের প্রস্তাব করেন নাজিবুর রহমান।

এ সংসদ সদস্যের মতে, পোশাকশিল্পের প্রকৃত পরিস্থিতি বুঝতে জাতীয় পর্যায়ে নির্ভরযোগ্য তথ্য ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

আলোচনায় তিনি বলেন, ‘শিল্প বাঁচলে কর্মসংস্থান বাঁচবে; উৎপাদন সচল থাকলে শ্রমিকের বেতন নিশ্চিত হবে; রপ্তানি বাড়লে দেশের বৈদেশিক মুদ্রা ও অর্থনীতি শক্তিশালী হবে।’

বিরোধী দল কয়েক মাস আগে যে সংকটের বিষয়ে সতর্ক করেছিল, আজ তার প্রভাব ক্রয়াদেশ, উৎপাদন, কর্মসংস্থান ও শ্রমিকের জীবনে দৃশ্যমান বলেও মন্তব্য করেন তিনি।

নাজিবুর রহমান বলেন, এখন দোষারোপ নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ গ্রহণের। পোশাকশিল্পের সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত